উদ্যোক্তা হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির পেছনে না ছুটে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। যুব অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। খবর বাসসের।যুবসমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলো। এতে নিজেদের পাশাপাশি প্রতিবেশীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে।’শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই, প্রত্যেক যুব নারী-পুরুষের হাত কর্মীর হাতে পরিণত হবে এবং তাদের যৌথ প্রয়াস শিগগিরই বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশে পরিণত করবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেককে চাকরি দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। একজন স্বনিয়োজিত যুবক মত্স্য চাষ করে, বাগান গড়ে, হাঁস-মুরগি ও গরুর খামার করে চাকরির প্রত্যাশিত বেতনের চেয়ে অনেক বেশি উপার্জন করতে পারে।’ শেখ হাসিনা বলেন, ‘যুবরা দেশের মোট জনশক্তির এক গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করে। তারা উত্পাদন, আর্থসামাজিক কর্মসূচি ও রাজনৈতিক আন্দোলন থেকে দেশের সব জাতীয় কর্মকাণ্ডের অগ্রভাগে রয়েছে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। দিবসটি উপলক্ষে ১৫ জন যুব নারী-পুরুষকে জাতীয় যুব দিবসের পদক দেওয়া হয়।