উদ্যোক্তাদের জন্য সহায়তা
বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি থেকে লেদার প্রোডাক্টস প্রযুক্তিতে স্নাতক (সম্মান) ডিগ্রি পাওয়ার পর তানিয়া ওয়াহাব নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন একজন উদ্যোক্তা হিসেবে। দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তাঁর সেই চাওয়াটা মোটেও সহজ ছিল না। তানিয়া ওয়াহাব ব্যবসা করুন—তাঁর পরিবারও সেটা চায়নি। কিন্তু প্রতিকূলতা থাকার পরও তানিয়া তাঁর উদ্যম থেকে পিছু হটেননি। সামান্য পুঁজি নিয়ে ছোট একটা ঘর ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। লক্ষ্যে স্থির থেকে সাহসিকতা ও বিচক্ষণতার সঙ্গে ব্যবসা পরিচালনা করেছেন। দুই-তিন বছরের পরিশ্রমে বর্তমানে তাঁর বিনিয়োগ ছয় লাখেরও বেশি টাকা। চামড়াজাত দ্রব্য প্রস্তুতের জন্য রয়েছে তাঁর নিজস্ব কারখানা ও অফিস। তানিয়ার প্রতিষ্ঠানে বর্তমানে ১৫ জন পূর্ণকালীন এবং ৩৫ জন খণ্ডকালীন কর্মী কাজ করছেন। অ্যাথনিক ক্রাফট লিমিটেড নামে তাঁর প্রতিষ্ঠানের বার্ষিক ক্রয়-বিক্রয় প্রায় দেড় কোটি টাকা। তাঁর কারখানায় উৎপাদিত কানের দুল, হ্যান্ড ব্যাগ, বেল্ট, মানিব্যাগ, চাবির রিং ও ডায়েরির চাহিদা দেশীয় বাজারে যথেষ্টই রয়েছে। তানিয়া আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির প্রক্রিয়াও শুরু করেছেন।শুধু তানিয়া ওয়াহাব নন, তাঁর মতো আরও অনেক নারী-পুরুষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) স্থাপন করে নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, ব্যবস্থা করেছেন আরও অনেক লোকের কাজের। এমন উদ্যোগ দাঁড় করানোর ব্যাপারে সহায়তা করে এসএমই ফাউন্ডেশন।ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্বঅল্প পুঁজি আর শ্রমের ওপর নির্ভর করে গড়ে ওঠে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। তার পরও আমাদের দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে উন্নয়ন ও কর্মসংস্থানের অন্যতম চালিকাশক্তি হিসেবে গণ্য হয় এসএমই। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপারসন আফতাব-উল-ইসলাম জানান, এসএমই একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড। আমাদের দেশের শিল্পাঙ্গনে প্রায় ৯০ শতাংশ এসএমই।দেশের জাতীয় আয়ের প্রায় ৩০ শতাংশ এই শিল্পের অবদান। ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরিসহ রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনের মাধ্যমে এসএমই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ শিল্পের বিকাশের জন্যই গড়ে তোলা হয়েছে এসএমই ফাউন্ডেশন। আগ্রহী যেকোনো ব্যক্তি চাইলে এ ফাউন্ডেশনের সার্বিক পরামর্শ ও দিক-নির্দেশনায় প্রতিষ্ঠা করতে পারেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান—জানালেন আফতাব-উল-ইসলাম।ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য‘আমাদের দেশের এসএমই উদ্যোক্তাদের শিল্প স্থাপনে, নতুন নতুন এসএমই প্রতিষ্ঠানে বিনিয়োগে উৎসাহ দেয় এ ফাউন্ডেশন। এ জন্য প্রয়োজনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালাসহ ব্যবসা স্থাপন ও পরিচালনাসংক্রান্ত যাবতীয় সহায়তা প্রদান করতে মূলত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় যাত্রা শুরু করে এই ফাউন্ডেশন।’ বললেন আফতাব উল ইসলাম। শিল্পায়নে এসএমই খাতে নারী উদ্যোক্তাসহ জাতীয় পর্যায়ে সব উদ্যোক্তাকে উদ্বুদ্ধ ও সুসংগঠিত করতে কাজ করে এসএমই ফাউন্ডেশন। এ পর্যন্ত প্রায় চার হাজার নারী-পুরুষ উদ্যোক্তা এ প্রতিষ্ঠানের সরাসরি সহায়তায় ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।উদ্যোক্তা তৈরিব্যক্তিগত উদ্যোগে যাঁরা প্রতিষ্ঠা পেতে চান, হতে চান উদ্যোক্তা—কিন্তু বুঝতে পারছেন না কোন খাতে বিনিয়োগ করবেন, বিনিয়োগ লাভজনক হবে কি না, ব্যবসায়ের প্রতিবন্ধকতা কী, অর্থায়ন কীভাবে করবেন প্রভৃতি বিষয়। তাঁরা এসব বিষয়ে যোগাযোগ করতে পারেন এসএমই ফাউন্ডেশনে। ফাউন্ডেশন কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা আপনার সঙ্গে কথা বলে খুঁজে বের করবেন আপনার সৃজনশীল প্রতিভা, আপনার ব্যবসায়ের আগ্রহ ইত্যাদি বিষয়। জানবেন আপনার পুঁজির খবরও। এসব বিষয়ে জেনে আপনাকে দেবেন আপনার উপযোগী ও লাভজনক বিনিয়োগ খাতের সন্ধান। অর্থাৎ আপনাকে বিনিয়োগের পরামর্শ দেবেন। শুধু পরামর্শ দিয়েই শেষ নয়, আপনার প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা কীভাবে পাবেন, কোথায় পাবেন—সে ব্যাপারেও সহযোগিতা করে এসএমই ফাউন্ডেশন।গবেষণাও চলেএসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন জানান, উদ্যোক্তাদের জন্য লাভজনক বিনিয়োগ খাত খুঁজে বের করতে ফাউন্ডেশন নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছে। আর এসব খাতে বিনিয়োগ করতে উৎসাহিত করা হচ্ছে নতুন উদ্যোক্তাদের। তিনি বলেন, ‘বর্তমানে অগ্রাধিকারভিত্তিক বিনিয়োগের এসএমই খাতগুলো হচ্ছে—সিরামিক শিল্প, ওষুধশিল্প-সংশ্লিষ্ট, চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, বৈদ্যুতিক ও ইলেক্ট্রনিকস পণ্য, ফ্যাশন ডিজাইন, কৃত্রিম ফুল তৈরি, ইমিটেশন গয়না, কৃষিজাত খাদ্য, হস্তশিল্প, রূপচর্চা কেন্দ্র ও পাটজাত পণ্য তৈরি। এ ছাড়াও উদ্যোক্তার আগ্রহ ও দক্ষতার ওপর ভিত্তি করে যেকোনো শিল্প স্থাপনে সম্পূর্ণ সহায়তা দেয় এই প্রতিষ্ঠান।’আছেপ্রশিক্ষণ আছে সেমিনারনতুন উদ্যোক্তার বিনিয়োগ খাত নির্বাচনের পর উদ্যোক্তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয় এসএমই ফাউন্ডেশন। আর এসব প্রশিক্ষণ যৌথভাবে পরিচালিত হয় শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন বিটাক, নাসিব, বিআইবিএম ইত্যাদির সহায়তায়। যাঁরা বিনিয়োগ করতে চান, তাঁদের দক্ষতা বাড়ানো, উৎপাদনশীলতা ও পণ্যের মান উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা ইত্যাদি এসব প্রশিক্ষণের মূল উদ্দেশ্য বলে জানান এসএমই ফাউন্ডেশনের সহায়তাপ্রাপ্ত সফল নারী উদ্যোক্তা ঢাকার কহিনূর পারভীন। শুধু তাই নয়, বিনিয়োগকারীকে কারিগরি ও প্রযুক্তিগতভাবে দক্ষ করে এই প্রশিক্ষণ কর্মসূচি।নারী উদ্যোক্তা তৈরিক্ষুদ্র ও মাঝারি শিল্পের মহিলা উদ্যোক্তাদের উন্নয়নে নানাভাবে সহায়তা প্রদান করে এসএমই ফাউন্ডেশন। পুঁজির অভাব , ব্যাংক ঋণপ্রাপ্তিতে জটিলতা নিরসন এবং ব্যাংকগুলোকে এ ক্ষেত্রে উত্সাহ করে থাকে প্রতিষ্ঠানটি।পণ্য উৎপাদন ও বিপণনে সহায়তালাভজনক ও সাশ্রয়ী মূল্যে বহুমুখী পণ্যের উৎপাদনশীলতা উন্নয়ন কৌশল, পূর্ণাঙ্গ মান নিয়ন্ত্রণব্যবস্থাপনা, লাভজনক, পরিবেশবান্ধব পণ্য উৎপাদন প্রক্রিয়াসহ পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণ, ক্রেতা ও বিক্রেতার মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন, ব্র্যান্ডিং, স্থানীয় ও আন্তর্জাতিক মেলায় উদ্যোক্তাদের অংশগ্রহণে সহায়তা এবং বিদেশি ক্রেতা সংগ্রহের ক্ষেত্রে ফাউন্ডেশন উদ্যোক্তাদের সহায়তা করে থাকে। ঋণ সুবিধাব্যবসায় পরিকল্পনা বা বিনিয়োগ প্রকল্প যত ভালোই হোক না কেন, প্রকল্প বাস্তবায়নে চাই অর্থ। এ ছাড়া ব্যবসার প্রসারেও দরকার অর্থনৈতিক সহযোগিতা। আর উদ্যোক্তাদের ঋণ-সহায়তা নিশ্চিত করতে প্রতিষ্ঠাকাল থেকে নানা চেষ্টা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। এসএমই ফাউন্ডেশনের প্রস্তাবের ফলেই দেশের ২৬টি তফশিলি ব্যাংক ও আরও বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ সুবিধা দিতে এগিয়ে আসে। শুধু তা-ই নয়, এসএমই ফাউন্ডেশন মূলধন ও আয় বিভিন্ন ব্যাংকে স্থায়ী হিসাবে জমা রেখে এই শিল্পে বিনিয়োগ করতে ব্যাংকগুলোকে আগ্রহী করে তোলে। বর্তমানে ২৬টি ব্যাংকের এসএমই সেল চালু আছে।ঋণদাতাযেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এসএমই খাতে বিনিয়োগ করছে—সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সিটি ব্যাংক, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স এবং মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড।ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও বিকাশের প্রয়োজনীয়তা উপলব্ধি করে ২০০৭ সালে এসএমই ফাউন্ডেশন নামে একটি স্বাধীন ও স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তোলে সরকার। শিল্পনীতি ২০০৫-এর অনুসরণে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি নারী-পুরুষ সব উদ্যোক্তাকে ব্যবসাসংক্রান্ত পরিকল্পনা, অ্যাডভোকেসি, গবেষণা, অর্থায়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন ও পরামর্শ দেয় কোনো ফি ছাড়াই।যাঁরা ভাবছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের কথা, যোগাযোগ করতে পারেন এসএমই ফাউন্ডেশনে। উদ্যোক্তাদের সার্বিক সেবা দিতে ঢাকা ও চট্টগ্রামসহ ২৫ জেলায় রয়েছে ৩২টি এসএমই সহায়তাকেন্দ্র। অথবা আরও বিস্তারিত জানতে পারেন এসএমই ফাউন্ডেশন থেকে।ঠিকানা: ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন, রয়েল টাওয়ার, ৪ পান্থপথ, ঢাকা-১২১৫। ফোন: ০২-৮১৪২৯৮৩, ৯১৪২৯০৭। ই-মেইল: [email protected] ওয়েবসাইট: www.smef.org.bd