উদ্যোক্তাদের ৩০ শতাংশ শেয়ার রাখা বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে এখন থেকে সম্মিলিতভাবে সব সময়ই ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক ছাড়া কোম্পানির অন্য পরিচালকদের হাতে এককভাবে সর্বনিম্ন দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক। অন্যথায় কোম্পানির পরিচালকের পদ হারাতে হবে। দেশে শেয়ার ধারণের নতুন এ আইন করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কমিশনের গতকাল মঙ্গলবারের সভা শেষে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা পরবর্তী সময়ে গেজেট আকারে আইনে পরিণত হবে। একই সঙ্গে সংস্থাটি বলেছে, প্রয়োজনে এই আইনে নতুন নতুন ধারা সংযোজন ও বিয়োজনের উদ্যোগ চলমান থাকবে। এদিকে বাজারের স্থিতিশীলতা ফেরাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বা প্রণোদনা আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে এসইসি। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান এসব সিদ্ধান্তের কথা জানান। এসইসির মুখপাত্র জানান, বর্তমানে তালিকাভুক্ত যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকের হাতে ৩০ শতাংশের কম শেয়ার রয়েছে তাদের আগামী ছয় মাসের মধ্যে কোটা পূরণ করতে হবে। শর্ত পূরণে ব্যর্থ হলে ওই সব কোম্পানি রাইট শেয়ার ঘোষণা ও মূলধন বাড়াতে পুনঃ প্রাথমিক গণপ্রস্তাবের (আরপিও) আবেদনের অযোগ্য হবে। যতদিন এই শর্ত পূরণ হবে না, ততদিন পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে থাকা শেয়ার বিক্রি বা হস্তান্তর নিষিদ্ধ থাকবে। এমনকি বোনাস শেয়ারও বিক্রি করা যাবে না। এ-সংক্রান্ত এসইসির আইনে আরও বলা হয়েছে, সাধারণ শেয়ারধারীদের মধ্যে কেউ এককভাবে একটি কোম্পানির পাঁচ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণ করলে তিনি ওই কোম্পানির পরিচালক হওয়ার যোগ্য বিবেচিত হবেন। আবার যদি দুই শতাংশ শেয়ার ধারণের শর্ত পরিপালন না হয় তাহলে বিদ্যমান কোনো পরিচালকের পদ শূন্য হয়ে যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষও গত সোমবার উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের সুপারিশ করেছিল। একই সঙ্গে ডিএসই সাধারণ বাজারের পরিবর্তে ব্লক মার্কেট বা বিশেষ ব্যবস্থায় উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রির সুপারিশ করে। তবে এ বিষয়ে এসইসি কোনো সিদ্ধান্ত নেয়নি। শেয়ার ধারণসংক্রান্ত নতুন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘ভালোভাবে পর্যালোচনা না করে এই সিদ্ধান্তের সুফল-কুফলের বিস্তারিত বলা যাবে না। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বলতে পারি, এ ধরনের নীতির ফলে কিছুসংখ্যক কোম্পানির শেয়ারের দাম কৃত্রিমভাবে বেড়ে যাবে, যার সঙ্গে ওই কোম্পানির মৌলভিত্তি ও কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। বলা যায়, নীতিসহায়তার মাধ্যমে বাজারে কিছু কোম্পানির মূল্য অসংগতি ঘটবে। বিশেষ করে, তালিকাভুক্ত যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ৩০ শতাংশের কম রয়েছে।’এসইসির সাবেক চেয়ারম্যান আরও বলেন, ‘এসইসির এমন সিদ্ধান্তের উদ্দেশ্য না জেনে এখনই বিস্তারিত বলা সম্ভব না, তবে বর্তমান সময়ে কেন এটি করা হলো তা আমার বোধগম্য নয়।’ এদিকে পুঁজিবাজার নিয়ে গতকালও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। এসইসির পক্ষ থেকে মঙ্গলবার সরকারের এসব পদক্ষেপ ঘোষণার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি। আজ বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রণোদনার ঘোষণা দেওয়া হবে। বাজার পরিস্থিতি: পুঁজিবাজার স্থিতিশীল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ নেওয়ার পর থেকেই মূল্যসূচক ও লেনদেন বাড়ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের পরিমাণ প্রায় চার মাস পর আবারও ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। আর মূল্যসূচক বেড়েছে পাঁচ শতাংশের বেশি। গতকালের বাজার বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল কোনো প্রশ্ন ছাড়ায় পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগসংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) স্পষ্টীকরণ প্রজ্ঞাপন। এর সঙ্গে যুক্ত হয়েছে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করার প্রস্তাব। এ ছাড়া বাজার স্থিতিশীল করতে সরকারের পদক্ষেপ ঘোষণার বিষয়টি তো রয়েছেই। সব মিলিয়ে গতকাল বিনিয়োগকারীদের জন্য বেশ কিছু ইতিবাচক খবর ছিল বাজারে। ডিএসইতে গতকাল সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম পাঁচ মিনিটের মাথায় সূচক ১৯৫ পয়েন্ট বাড়ে। এই ধারা প্রায় সারা দিনই অব্যাহত থাকে। বেলা আড়াইটার দিকে সূচক একবার ৩০০ পয়েন্ট অতিক্রম করে। অবশ্য শেষ পর্যন্ত মূল্যসূচক ২৭৪ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ৫৯৬ দশমিক ৯৬ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৮০২ কোটি টাকার শেয়ার। এর আগে সর্বশেষ গত ২ আগস্ট ডিএসইতে ৮০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৭৩৮ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১৫ হাজার ৮৮৪ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৮৫ কোটি টাকা।