উদ্যোগ অনেক, কাজ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক দায়িত্ব নেওয়ার পরের দিন মন্ত্রণালয়ের সভাকক্ষে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভায় বলেছিলেন, স্বাস্থ্য একটি বিরাট বিষয়, এ বিষয়ে তাঁর জ্ঞান কম। তিনি সময় নিয়ে সবকিছু বুঝতে চান। মন্ত্রণালয় পরিচালনা করা এবং দেশের মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সেদিন স্বাস্থ্যমন্ত্রী সবার সহযোগিতা চেয়েছিলেন। সেদিনের সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকেরা মন্ত্রীর বিনয়ী স্বভাবের প্রশংসা করেছিলেন।কিন্তু এই বিনয় মন্ত্রণালয়ের জন্য সুখকর হয়নি। মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, আমলাদের ওপর মন্ত্রীর ‘কম্যান্ড’ নেই। তাই মন্ত্রী চাইলেও কাজ ঠিকঠাক হচ্ছে না। সুনির্দিষ্টভাবে জানতে চাইলে দুটো উদাহরণ তুলে ধরেছেন কর্মকর্তারা। গত ১৭ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী তিন মাসের মধ্যে জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়নের কথা বলেছিলেন। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল: ‘সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পূর্বতন আওয়ামী লীগ সরকারের প্রণীত জাতীয় স্বাস্থ্যনীতি পুনর্মূল্যায়ন করে যুগের চাহিদা অনুযায়ী নবায়ন করা হবে।’ এক বছর হয়ে গেল, স্বাস্থ্যনীতির খসড়াই চূড়ান্ত হয়নি। জাতীয় জনসংখ্যানীতিও চূড়ান্ত করতে পারেনি মন্ত্রণালয়। দ্বিতীয় উদাহরণটি প্রকল্পবিষয়ক। ২০০৮ সালে এইচআইভি/এইডসবিষয়ক হাতি প্রকল্পের কাজ শেষ হয়। ২০০৯ সালের জানুয়ারি থেকে হাতির দ্বিতীয় দফার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ডিসেম্বরের শেষ নাগাদও কাজ শুরু হয়নি। এই সরকার ক্ষমতায় আসার পর জাতীয় এইডস কমিটির কোনো সভা হয়নি। সভা কবে হবে তাও কেউ বলতে পারে না।অবশ্য আওয়ামী লীগপন্থী চিকিত্সকদের সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ)-এর নেতা-কর্মীরা বলছেন, বিএনপি-জামায়াতের জোট সরকার স্বাস্থ্য খাতে চরম দলীয়করণ করেছিল ও অব্যবস্থা রেখে গিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে তার পরিবর্তন হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে তা অব্যাহত ছিল। বর্তমান সরকার এক বছর ধরে প্রথমে সেই অব্যবস্থাই দূর করার চেষ্টা করেছে।অধ্যাপক শাহ মুনির হোসেন জোট আমলে ও পরের দুই বছর মোট সাত বছর ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) ছিলেন। বর্তমান সরকার তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদে বসিয়েছে। স্বাচিপের এ ধরনের বঞ্চিত সদস্যরা পদোন্নতি বা বদলির ক্ষেত্রে গত এক বছরে বিশেষ সুবিধা পেয়েছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সদস্যরা বর্তমানে বেশ চাপের মধ্যে আছেন। ঢাকার বাইরে বদলি করার কারণে ইতিমধ্যে কয়েকজন সরকারি চাকরি ছেড়েও দিয়েছেন। স্বাস্থ্য খাতে দলাদলির কারণে স্বাচিপ ও ড্যাবের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন চিকিত্সকেরা বিপাকে পড়েছেন। অভিযোগ আছে, যোগ্যতা থাকার পরও দলনিরপেক্ষ চিকিত্সকেরা পদোন্নতি পাচ্ছেন না।দলাদলি থাকলেও চিকিত্সকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর নির্বাচন বর্জনের ঘটনা আগে আর ঘটেনি। বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৫ নভেম্বর। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়—এ অভিযোগে ড্যাবসহ বেশ কয়েকটি দলীয় সংগঠন এ নির্বাচন বর্জন করে। স্বাচিপের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ড্যাব এ নির্বাচন বর্জন করে।কমিউনিটি ক্লিনিক: সরকারি দল বা স্বাস্থ্য মন্ত্রণালয় কমিউনিটি ক্লিনিক চালু করাকে বড় করে দেখছে। স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে, আওয়ামী লীগের বিগত আমলে তৈরি কমিউনিটি ক্লিনিকগুলোর মধ্যে ইতিমধ্যে ১০ হাজারের বেশি চালু হয়েছে। এগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবার পরামর্শ ও ওষুধ পাওয়া যাচ্ছে এবং পরিবার পরিকল্পনাসেবা ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পাওয়া যাচ্ছে। সারা দেশে মোট ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক পুরোপুরি চালু করার জন্য প্রায় দুই হাজার ৬২০ কোটি টাকা ব্যয়ে ২০০৯-২০১৪ সাল মেয়াদে একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর জন্য মন্ত্রণালয় প্রকল্প পরিচালক নিয়োগ দিয়েছে। প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী ছাড়াও একজন কমিউনিটি হেলথ প্রোভাইডার কাজ করবেন। প্রকল্প পরিচালক মাখদুমা নার্গিস প্রথম আলোকে বলেছেন, স্থানীয় বিবাহিত মহিলাকে হেলথ প্রোভাইডার পদে নিয়োগে প্রাধান্য দেওয়া হবে। ডিজিটাল হেলথ: স্বাস্থ্য মন্ত্রণালয় সব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস, সিভিল সার্জন অফিস, মেডিকেল ও ডেন্টাল কলেজ ও হাসপাতাল, ইনস্টিটিউট ও হাসপাতাল, ম্যাটস ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এবং স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়ে ইন্টারনেট সংযোগ দিয়েছে। সব মিলে প্রায় ৮০০টি পয়েন্টে তারবিহীন ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে। এ ছাড়া ৬টি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও ৬৪টি সিভিল সার্জনের অফিসে ওয়েব ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সব জেলা ও উপজেলা হাসপাতালে (মোট ৪৮২) বিনামূল্যে দিনরাত ২৪ ঘণ্টা মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু করেছে। সভা-সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছেন, তা বাস্তবায়নের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় এগিয়ে আছে। অন্যান্য: স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কার্যক্রম ২০১০ সালে শেষ হওয়ার কথা ছিল। সরকার এর মেয়াদ এক বছর বাড়িয়েছে। মন্ত্রণালয় দাবি করছে, রাজধানীর খিলগাঁওয়ে আন্তর্জাতিক মানের নার্স প্রশিক্ষণ কলেজ স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা গুরুত্বপূর্ণ। তিনটি নতুন বেসরকারি মেডিকেল কলেজ ও একটি বেসরকারি ডেন্টাল কলেজ চালু করার অনুমতি দিয়েছে সরকার। হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদ চিকিত্সকের ১৫৩টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এ খাতের জনবল সংকট দূর করার জন্য চার হাজারের বেশি চিকিত্সক এবং ছয় হাজারের অধিক স্বাস্থ্য সহকারী নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এ ছাড়া অন্যান্য শূন্যপদেও নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।