উদ্যোগ থমকে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সম্প্রসারণের প্রক্রিয়া থমকে আছে। কারণ, দলগুলোর কারও কারও ব্যাপারে দীর্ঘ মেয়াদে জোটে থাকা নিয়ে বিএনপির মধ্যে সংশয় কাজ করছে। এ দলগুলোর অর্ধেকেরই নিবন্ধন নেই। আবার জোটবদ্ধ হতে ইচ্ছুক দলগুলোর মধ্যেও আন্দোলনের পর নির্বাচনের সময়ের মূল্যায়ন কী হবে, তা নিয়ে অনিশ্চয়তাবোধ কাজ করছে।একাধিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সূত্রে জানা গেছে, সম্প্রসারণ-প্রক্রিয়া ঝিমিয়ে পড়ায় এবং মতভিন্নতা থাকায় সম্ভাব্য নতুন জোটের নামকরণও চূড়ান্ত হয়নি। জোটের জন্য একটি লিখিত ঘোষণাপত্র তৈরির কথা থাকলেও সে কাজ কার দায়িত্বে, কোথায় হচ্ছে, তা কেউ বলতে পারেনি।জোটে যেতে ইচ্ছুক একাধিক দলের নেতা জানিয়েছেন, রোডমার্চ কর্মসূচি শেষে ঢাকায় অনুষ্ঠিত চার দলের গণমিছিল কর্মসূচির আগেই জোট সম্প্রসারণের ঘোষণা আশা করেছিলেন তাঁরা। গত ১১ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমমনা দলগুলোর মহাসচিব পর্যায়ের বৈঠকে এ ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সে ঘোষণা না হওয়ায় আশাহত হয়েছেন তাঁরা।জানতে চাইলে সমমনা দলগুলোর অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শওকত হোসেন নীলু প্রথম আলোকে বলেন, ‘বিএনপি বলেছিল, শিগগির জোট সম্প্রসারণের ঘোষণা দেবে। আমরা আশায়ও ছিলাম। কিন্তু মনে হচ্ছে, প্রিন্সিপল দল ঢিল দিয়েছে, আগের মতো উদ্যোগ দেখছি না।’তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা সুনির্দিষ্ট তারিখ দিয়ে জোট সম্প্রসারণের কথা কখনো বলিনি। এটুকু বলতে পারি, শিগগির হবে।’সংশ্লিষ্ট দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকটি কারণে জোট সম্প্রসারণের ঘোষণা আসতে দেরি হচ্ছে। এর মধ্যে আছে, জোটের শরিক হতে ইচ্ছুক দলগুলোর কারও কারও ব্যাপারে বিএনপির নীতিনির্ধারকদের শঙ্কা। সমমনা একটি দলের নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, জোটভুক্ত হওয়ার পর ক্ষমতাসীন দল প্রভাব খাটিয়ে বা প্রলোভন দেখিয়ে যদি শেষ মুহূর্তে কোনো দলকে জোট থেকে বের করে নেয়, তখন পুরো জোট সম্পর্কে জনমনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই আশঙ্কায় বিএনপি ও চার দলের আরেক শরিক সতর্ক পদক্ষেপ নেওয়ার পক্ষে।প্রসঙ্গত, আওয়ামী লীগের গত আমলের শেষ ভাগে জামায়াত, এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোটকে নিয়ে চারদলীয় ঐক্যজোট গঠন করেছিল বিএনপি। পরে এরশাদ জোট থেকে বেরিয়ে যান। তবে, এরশাদকে ছেড়ে নাজিউর রহমান মঞ্জুর বিজেপি নাম নিয়ে চারদলীয় জোটে থেকে যান। ২০০৬ সালে ইসলামী ঐক্যজোটের পাঁচ শরিক দলের একটি বাংলাদেশ খেলাফত মজলিস জোট থেকে বের হয়ে আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করে। কিন্তু এই দলেরই একটি অংশ খেলাফত মজলিস নাম দিয়ে সে জায়গা পূরণ করে।এ ছাড়া জোটে আসতে ইচ্ছুক ১০টি দলের পাঁচটিরই নিবন্ধন নেই। এ দলগুলোকে কী প্রক্রিয়ায় জোটভুক্ত করা হবে, তার উপায় খোঁজাও বিলম্বের একটি প্রধান কারণ। সমমনা দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে খালেদা জিয়া এ বিষয়ে কিছুটা ইঙ্গিতও দিয়েছেন বলে ওই বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান। এর মধ্যে বাংলাদেশ ন্যাপ ও ন্যাপ ভাসানী—এ দল দুটিকে একীভূত হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন খালেদা জিয়া। ন্যাপ ভাসানীর নিবন্ধন নেই। বৈঠকে অনিবন্ধিত দলগুলোকে দ্রুত নিবন্ধন করতে বলেন বিএনপির নেত্রী।জোটে যেতে ইচ্ছুক দলগুলোর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও বাংলাদেশ ন্যাপ নির্বাচন কমিশনে নিবন্ধিত। অনিবন্ধিত দলগুলো হলো—ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ন্যাপ ভাসানী, লেবার পার্টি, বাংলাদেশ ইসলামিক পার্টি, মুসলিম লীগ (কামরুজ্জামান)।এর বাইরে পাঁচ মাস আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনর্বহাল করার আন্দোলনে বিএনপির পক্ষ থেকে যে চারটি দলের কাছে আনুষ্ঠানিক সমর্থন চাওয়া হয়েছিল, তাদের মধ্যে বিকল্পধারা বাংলাদেশ ও কৃষক শ্রমিক জনতা লীগের সম্মতি পাওয়ার বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। এটা বিলম্বের আরেকটি কারণ বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ওই চারটি দলের দুটি কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ কল্যাণ পার্টি ইতিমধ্যে চার দলের কর্মসূচিতে অংশ নিচ্ছে।সূত্র জানায়, জোটের শরিক হতে ইচ্ছুক দলগুলোর মধ্যেও দীর্ঘ মেয়াদে নিজেদের অবস্থান নিয়ে অনিশ্চয়তাবোধ আছে। একসঙ্গে আন্দোলন-সংগ্রামের পর নির্বাচনের সময় তাদের অবস্থান কী হবে? অবজ্ঞা-অবহেলা করা হবে না তো! বিএনপির কাছে তারা এ বিষয়ে নিশ্চয়তা বা আশ্বাসজাতীয় কিছু একটা আশা করছে।একটি সূত্র জানায়, জাতীয়তাবাদী ও ইসলামপন্থীদের সমন্বয়ে গঠিতব্য বৃহত্তর এ জোটের নামকরণ নিয়েও শরিকদের মধ্যে বিতর্ক আছে। বিএনপির সমমনা কিছু দল ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্ট’ নাম প্রস্তাব করেছে। কিন্তু ইসলামপন্থী অংশ চায়, নাম হোক ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’।জানতে চাইলে চার দলের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান বলেন, ‘আমরা অনেকে বিভিন্ন নাম দিয়েছি, ঠিক করে সিদ্ধান্ত জানাবেন ম্যাডাম।’বিএনপির একটি সূত্র জানায়, সব বিষয় চিন্তা করে চার দলের বৈঠকে নতুন জোটের জন্য একটি লিখিত ঘোষণাপত্র তৈরি করে তাতে সবার স্বাক্ষর নেওয়ার কথা হয়। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও এসব বিষয়ে আলোচনা হয়। তবে ঘোষণাপত্র তৈরির অগ্রগতি সম্পর্কে জ্যেষ্ঠ নেতারা তেমন কিছু জানেন না বলে দাবি করেন।দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ‘এতগুলো দল একসঙ্গে এলে তার একটা লিখিত ডকুমেন্টেশন থাকাটা খুবই স্বাভাবিক।’ তবে এ ধরনের কোনো ঘোষণাপত্র তৈরিতে তিনি যুক্ত নন বলে জানান। অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, ঘোষণাপত্র তৈরি হচ্ছে।চার দলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, এই জোটের একাধিক শরিক বৃহত্তর জোট গঠনের ক্ষেত্রে চারদলীয় জোটের মূল কাঠামো অক্ষত রেখে পৃথক প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এ ক্ষেত্রে জোটভুক্ত দলগুলোর সঙ্গে সমন্বয় করার জন্য প্রয়োজনে লিয়াজোঁ কমিটি গঠন করা যেতে পারে বলে মনে করেন তাঁরা।এ বিষয়ে আন্দালিব রহমান বলেন, ‘আমরা সবাই বলেছি, চার দল ভাঙা বা বিলুপ্ত করা যাবে না। কারণ, এটি ১৩ বছরের পরীক্ষিত জোট। আমাদের মধ্যে বোঝাপড়াও খুব ভালো। তাই চার দল বিলুপ্ত না করেই আমরা দেশের বৃহত্তর জোট করব।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, জোট গঠনের বিষয়ে কয়েক মাস আগে বিএনপির পক্ষ থেকে যতটা তোড়জোড় ছিল, তা অনেকটা থেমে গেছে।জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জোট সম্প্রসারণ করার বিষয়টি স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছিল। এর বাস্তবায়ন কী হয়েছে না-হয়েছে, জানি না।’সমমনা দলগুলোর নেতারা আশা করছেন, ১২ মার্চের আগেই জোটের চূড়ান্ত ঘোষণা আসবে। নইলে দলগুলোর ভেতরে ভিন্ন বার্তা যাবে বলে মনে করছেন কোনো কোনো নেতা।এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রথম আলোকে বলেন, ‘গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত যত দ্রুত ঘোষণা করা হবে, আন্দোলনের জন্য ততই মঙ্গল। আর কালক্ষেপণ না করে ১২ মার্চের আগেই ঘোষণাটা আসা উচিত।’