উনা ভাতে দুনা বল, বেশি ভাতে রসাতল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুঁশিয়ারি বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাদের নিজেদের আত্মরক্ষার কথা ভাবতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের দেওয়া বক্তব্যের জবাব দিতে গিয়ে আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম এ কথা বলেন।গতকাল মঙ্গলবার রাজধানীতে হরতালবিরোধী এক সমাবেশে জামায়াতে ইসলামীর সহিংসতা ও নাশকতার কথা উল্লেখ করে হানিফ বলেন, এর সঙ্গে খালেদা জিয়াও যদি জড়িত থাকেন, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সরকার তাঁরও বিচার করবে। এ বক্তব্যের উল্লেখ করে তরিকুল ইসলাম বলেন, ‘সরকার ও তাদের “ভুঁইফোড় নেতাদের” বলতে চাই, রাজপথ অবরোধ দেখেছেন; মন্ত্রী-নেতাদের বাসায় সংগ্রামী জনগণ কীভাবে অবরোধ করে, এবার তা দেখবেন। তাই খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুঁশিয়ারি বাদ দিয়ে নিজেদের আত্মরক্ষার কথা ভাবুন। জনতার দরবারে বিচারের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিন।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তারের পর বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা এই নেতা আরও বলেন, ‘আমি সরকারকে জানিয়ে দিতে চাই, জনগণের পক্ষ থেকে কারফিউ জারি করা হবে। নতুন গজিয়ে ওঠা হুংকারসর্বস্ব সরকারি দলের নেতাদের খুঁজে বের করা হবে। যারা অপকর্ম ও খুনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’তরিকুল ইসলাম বলেন, ‘সরকারের সীমাহীন দুর্নীতি, হানাহানি ও দুঃশাসন থেকে জনগণকে পরিত্রাণ দিতে বিরোধীদলীয় নেতা গৌরবময় প্রতিবাদী ভূমিকা পালন করছেন। ক্ষমতাসীনদের গায়ে “কালাজ্বর” দেখা দিয়েছে। এ জন্যই তারা খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুমকি দিচ্ছে। এতে লাভ হবে না। সরকারের বিদায়ের সাইরেন বাজছে, এখনই সাবধান হোন। নইলে মারাত্মক পরিণতি অনিবার্য রূপ নেবে।’ মাহবুব উল আলম হানিফের নাম উল্লেখ না করে তরিকুল বলেন, ‘আওয়ামী লীগের একজন নামগোত্রহীন নেতা খালেদা জিয়াকে হুমকি দেওয়ার পর আমার একটি খনার বচনের কথা মনে পড়ল। উনা ভাতে দুনা বল, বেশি ভাতে রসাতল। অর্থাত্, অল্প ভাত খেলে শরীর ভালো থাকে, বেশি ভাত খেলে শরীর রসাতলে যায়।’ তাঁর দাবি, নিজেদের দুর্নীতি ও লুটপাট ঢাকতেই সরকারি দল বেসামাল কথাবার্তা বলছে।তরিকুল ইসলাম দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও বানোয়াট। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি পোড়ানোর যে মামলা করা হয়েছে, সেই গাড়ির চালক মো. আইনাল নিজেই জানেন না যে তিনি মামলার বাদী। তাঁর সই জাল করে ওই মামলা করা হয়েছে। মামলার বিবরণীতে যে গাড়ির নম্বর উল্লেখ করা হয়েছে, সেই গাড়িটির চালক আইনাল নন। এতেই প্রমাণিত হয়, মামলাটি হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি অবিলম্বে ফখরুলের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, রুহুল আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।