উনি কেন তিস্তার পানি আনতে পারলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা গতবার যখন ক্ষমতায় ছিলাম, তখন গঙ্গা চুক্তির ন্যায্য হিস্যা আদায় করেছি। তিস্তা চুক্তির ব্যাপারে আলোচনা চলছে। তিস্তা চুক্তিও বাস্তবায়ন হবে।’বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি তো ক্ষমতায় ছিলেন বহুবার। উনি কেন তিস্তার পানি আনতে পারলেন না।’গতকাল বুধবার বিকেলে নীলফামারী সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের অধিকার ও ক্ষমতা রক্ষা করা আমাদের দায়িত্ব। উত্তরবঙ্গে প্রতিবছর মঙ্গা হয়। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর আর মঙ্গা হয়নি। আমরা চিরস্থায়ীভাবে মঙ্গা দূর করেছি। এ জন্য আমরা নতুন নতুন প্রজাতির ধান উদ্ভাবন করেছি। এই মঙ্গার সময়েও কৃষকেরা আগাম ধান পাচ্ছেন। আড়াই বছরে আড়াই লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। বিদেশ থেকে বেশি দামে খাদ্য কিনে আপনাদের কম দামে দিয়েছি, যাতে খাদ্যনিরাপত্তা থাকে।’প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় একই মঞ্চে ছিলেন মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, ‘আজকে যারা জিয়া অরফানেজ ট্রাস্ট করে ওই ট্রাস্টের টাকা লুটপাট করেছে, তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। যারা এতিমদের টাকা আত্মসাৎ করেছে, মানি লন্ডারিং করেছে, তাদের বিচার এ দেশের মাটিতেই হবে।’ খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ যখন যুদ্ধাপরাধীদের বিচারে সোচ্চার, তখন তিনি যুদ্ধাপরাধীদের রক্ষায় মেতেছেন। দেশটাকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের অভয়ারণ্য করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিলেন। আমরা কয়েক বছরের মধ্যে কঠোর হস্তে জঙ্গিবাদ দমন করেছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৪০ বছরেও সীমান্তরেখা চিহ্নিত ছিল না, আমরা সেটা করেছি। ভারতের কাছ থেকে ৪৫ বিঘা জমি উদ্ধার করেছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় নেতা আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলে আমাকে উদ্দেশ করে বলেছেন, “তাঁর তো ধর্মের ঠিক নেই।” তবে আমি শুধু আপনাদের এটুকুই বলতে পারি, আমি মুসলমান। ফজরের নামাজ পড়ে আমার প্রতিদিনের কাজ শুরু করি। কিন্তু তাঁর (খালেদা জিয়া) সকাল হয় দুপুর ১২টায়। তাহলে উনি রাতে কী করেন?’প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ২০০১ সালে উত্তরা ইপিজেড স্থাপন করেছি। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে সেখানে একটি শিল্পকারখানাও গড়ে তোলেনি। এখন আমরা আবারও ক্ষমতায় আসার পর সেখানে অনেক শিল্পকারখানা গড়ে উঠেছে। অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমরা প্রতিটি বিভাগে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব।’প্রধানমন্ত্রী নীলফামারী সরকারি কলেজকে স্নাতকোত্তর পর্যন্ত উন্নীতকরণ, সরকারি মহিলা কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু, সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকীকরণ, রেললাইন সংস্কার করে চিলাহাটি থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্তনগর ট্রেন চালু, উত্তরা ইপিজেডে রেল-সংযোগ ও নীলফামারীতে যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।সভায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকার মানি নাই, মানব না। তত্ত্বাবধায়ক সরকার কখনোই নিরপেক্ষ ছিল না। নির্বাচন করতে হলে রাজনৈতিক সরকারের অধীনেই করতে হবে।’নীলফামারী জেলা আওয়ামী লীগ আয়োজিত ওই জনসভায় নীলফামারী-২ আসনের সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা উত্তরবঙ্গ থেকে মঙ্গা শব্দটি চিরতরে মুছে দিয়েছেন। এরপর মঙ্গা শব্দটি থাকবে ইতিহাস ও ডিকশনারিতে।’জেলা আওয়ামী লীগের সভাপতি নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, নীলফামারী-৪ আসনের সাংসদ এ এ মারুফ সাকলান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় প্রমুখ।এর আগে বেলা তিনটা ৫০ মিনিটে সৈয়দপুর থেকে সড়কপথে প্রধানমন্ত্রী সভামঞ্চে এসে উপস্থিত হন। বেলা একটা থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মী ও সমর্থকেরা নানা ব্যানার ফেস্টুন হাতে মিছিল করতে করতে সভামঞ্চের সামনে হাজির হতে থাকেন। বেলা তিনটার মধ্যে বিশাল মাঠটি কানায় কানায় ভরে ওঠে। ইএমই সেন্টার ও স্কুলের পুনর্মিলনীতে প্রধানমন্ত্রীসৈয়দপুর (নীলফামারী) থেকে এম আর আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যোগ দেওয়ার আগে সকালে সৈয়দপুর সেনানিবাসের ইএমই (কোর অব ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স) সেন্টার ও স্কুলের চতুর্থ পুনর্মিলনীতে কালার প্যারেডে সালাম গ্রহণ করেন। তিনি কোর অব ইএমইকে জাতীয় পতাকা প্রদান করেন। প্রধানমন্ত্রী কোরের প্রশংসা করে বলেন, এই কোর সর্বতোভাবে সেনাবাহিনীকে যুদ্ধোপযোগী রাখতে সহায়তা দিয়ে থাকে। কাজেই এই কোরের পেশাগত দক্ষতা বাড়াতে সরকার সব রকম সহায়তা দিয়ে যাবে।প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে একটি আধুনিক সুশৃঙ্খল বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর নাম উঠে এসেছে। জাতিসংঘ মিশনে সর্বোচ্চসংখ্যক সেনাসদস্য প্রেরণকারী দেশ এখন বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সেনাবাহিনীর ভূমিকা অনন্য।প্যারেড গ্রাউন্ডে এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল মুবীন, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ প্রমুখ।