উনিই জরুরি অবস্থা আনতে চাইছেন
দেশে জরুরি অবস্থা জারি হতে পারে বলে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্য নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, খালেদা জিয়াই জরুরি অবস্থা আনতে কর্মসূচি দিচ্ছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী বক্তৃতায় শেখ হাসিনা এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘জরুরি অবস্থা জারির প্রশ্নই আসে না। এ কথা আসছে কেন?’ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘উনিই জরুরি অবস্থা আনতে চাইছেন। আনার জন্য পাঁয়তারা করছেন। এ জন্য কর্মসূচি দিচ্ছেন। বিরোধীদলীয় নেতা এসব বলে দেশে আতঙ্ক ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন।’ তিনি বলেন, ‘দেশে এমন কোনো অবস্থা তৈরি হয়নি যে জরুরি অবস্থা জারি করতে হবে। দেশ চলছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এটাই অব্যাহত থাকবে।’ আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতা যাদের জন্য জরুরি অবস্থা আনতে চাইছেন, তারা তাঁকে ছাড় দেবে না। তারা একাই খাবে, ওনাকে (বিরোধীদলীয় নেতা) ভাগ দেবে না।’ তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘সাত্তার সাহেবের পেছনে এরশাদকে লাগিয়েছিলেন। মার্শল ল জারি করে রাষ্ট্রক্ষমতায় আসার পর হুসেইন মুহম্মদ এরশাদ ভাবি সাহেবকে (খালেদা জিয়া) উপরাষ্ট্রপতি করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এরশাদ সাহেব কথা রাখেননি। এখন যদি এরশাদ সাহেব সত্য কথা বলেন, তাহলে সেটা জানা যাবে।’ তিনি বলেন, ‘আপনার (বিরোধীদলীয় নেতা) রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেছিল। এরা এসে আপনাকে ও আপনার ছেলেদের জেলে ঢুকিয়েছিল।’ আওয়ামী লীগের নেত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতা বলেছেন, ক্ষমতায় এলে দেশের চেহারা পাল্টে দেবেন। আসলে, বিএনপি ক্ষমতায় এলে জনগণের জন্য যা ভালো তা করবে না, বরং আওয়ামী লীগের ভালো কাজগুলো বাতিল করে দেবে। কিন্তু জনগণ আর অন্ধকার যুগে ফেরত যেতে চায় না।’ তিনি বলেন, ‘ওনার (খালেদা জিয়া) মধ্যে প্রতিশোধপ্রবণতা আছে। নির্বাচনে ভরাডুবির প্রতিশোধ তিনি জনগণের ওপর নেবেন। আমি তাঁকে প্রতিশোধ না নেওয়ার আহ্বান জানাই।’প্রধানমন্ত্রী বলেন, ‘এই সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। জনগণ ভোট দিলে ক্ষমতায় আসব, না দিলে মাথা পেতে নেব। এটাই আওয়ামী লীগের রাজনীতি।’ খালেদা জিয়ার দুটি পদ্মা সেতু নির্মাণের ঘোষণা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি একটি পদ্মা সেতুই করতে পারেননি। এখন দুটি করার ঘোষণা দিচ্ছেন। মিথ্যা বলার সীমা থাকা উচিত।’প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া রাজাকারদের পালন করছেন। বিজয়ের মাসে কর্মসূচি দিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন। এটা জাতির জন্য লজ্জার। বিরোধীদলীয় নেতা ১৮-দলীয় জোট করেছেন যুদ্ধাপরাধী, খুনি, ডাকাত, সন্ত্রাসী ও পুলিশের রাইফেল ছিনতাইকারীদের নিয়ে। শেখ হাসিনা বলেন, মওদুদ আহমদের বেনামে ২০টি ব্যাংক হিসাব আছে। কিন্তু টাকা কেবল তিনিই তোলেন। এ-সম্পর্কিত একটি প্রমাণ দুর্নীতি দমন কমিশনের হাতে এসেছে।অধিবেশন শেষ: নবম সংসদের পঞ্চদশ অধিবেশন আজ শেষ হয়েছে। চলতি অধিবেশনের সমাপনী সম্পর্কিত রাষ্ট্রপতির একটি চিঠি স্পিকার আবদুল হামিদ সংসদে পড়ে শোনান। স্পিকার তাঁর ভাষণে বলেন, ‘আমি আশা করেছিলাম, সংসদে বিরোধী দল যোগ দেবে। আবার আশা করছি, আগামী অধিবেশনে তাঁরা যোগ দেবেন।’