উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরের পথে খোন্দকার দেলোয়ার
উন্নত চিকিত্সার জন্য আজ শুক্রবার সন্ধ্যা সাতটার পরে খোন্দকার দেলোয়ার হোসেনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। এ সময় তিনি কর্তব্যরত চিকিত্সক ও খোন্দকার দেলোয়ারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিত্সা-সংক্রান্ত খোঁজখবর নেন। তিনি খোন্দকার দেলোয়ারের দ্রুত আরোগ্য কামনা করেন।মাহবুব-উল-আলম হানিফ বলেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের পক্ষে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে এসেছেন।মাহবুব-উল-আলম হানিফ আরও বলেন, ‘আমরা আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’উল্লেখ্য, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অসুস্থ হয়ে গতকাল রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন।