উন্নত চিকিৎসার জন্য ঢালী আল মামুন ব্যাংককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ব-বিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন-কে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে।গতকাল শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে ঢালী আল মামুনকে পান্থপথের বেসরকারি স্কয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স তাঁকে নিয়ে বেলা সাড়ে তিনটার দিকে ব্যাংককের দিকে যাত্রা করে। বাংলাদেশ সময় রাত পৌনে নয়টায় তাঁকে ব্যাংকক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাঁর চিকিৎসা শুরু হয়। সুষ্ঠু চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ গঠন করে চিকিৎসা বোর্ড। আজ শনিবার তাঁর হাতে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।ঢালী আল মামুনের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী শিল্পী দিলারা বেগম জলি এবং পারিবারিক বন্ধু ও কথাসাহিত্যিক শাহাদুজ্জামান।সরকারি, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন এবং ব্যক্তিগত আর্থিক সহায়তায় ঢালী আল মামুনের উন্নত চিকিৎসার জন্য প্রাথমিক তহবিল গঠিত হয়েছে। চিকিৎসার জন্য সরকার আরও আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।ঢালী আল মামুনকে ব্যাংককে নেওয়ার খবর শুনে গতকাল সকাল থেকেই তাঁর বন্ধুবান্ধব, দেশের সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যক্তি ও স্বজনেরা স্কয়ার হাসপাতালে আসতে থাকেন। তাঁদের মধ্যে ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, আলোকচিত্রী শহীদুল আলম, অধ্যাপক আনু মুহাম্মদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, অধ্যাপক রেহনুমা আহমেদ, শিল্পী শিশির ভট্টাচার্য্য, শিল্পী ওয়াকিলুর রহমান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও সাংবাদিক শ্যামল দত্ত।হাসপাতালে উপস্থিত ঢালী আল মামুনের বন্ধু ও স্বজনেরা জানান, ঢাকায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে সমস্যা হওয়ায় যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে তাঁর শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়। প্রাথমিক পর্যায়ে ব্যাংকক জেনারেল হাসপাতালে তাঁকে মাসাধিককাল চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসকদের পরামর্শ অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ওই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন শিল্পী ঢালী আল মামুন। তাঁর দাঁত উপড়ে যায়; চোয়ালের দুটি ও পাঁজরের আটটি হাড় ভেঙে যায়। মানিকগঞ্জে তারেক মাসুদের নতুন চলচ্চিত্র কাগজের ফুল-এর শুটিংয়ের স্থান দেখার পর তাঁরা ঢাকায় ফিরছিলেন। ওই দুর্ঘটনায় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ ও দিলারা বেগম জলিও আহত হন। তাঁরা বর্তমানে সুস্থ আছেন।