উন্নত চিকিৎসার জন্য ভারতে রুমানা, সাইদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুমানা মনজুরকে উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার ভারতে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল দুপুরে বাবা মনজুর হোসেন, মা ও মেয়ে আনুশার সঙ্গে তিনি ঢাকা ছাড়েন।এই নৃশংস নির্যাতনের প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, সমাবেশ ও মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত হাসান সাইদের গ্রেপ্তার দাবি করেছে। একই দাবিতে ১২৭ জন শিক্ষক বিবৃতি দিয়েছেন। রুমানার বাবা মনজুর হোসেন প্রথম আলোকে জানান, উন্নত চিকিৎসার জন্য তাঁকে চেন্নাইয়ের শংকর নেত্রালয় হাসপাতালে নেওয়া হচ্ছে। মেয়ের জন্য তিনি সবার কাছে দোয়া চান। ৫ জুন ধানমন্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মনজুর। পরদিন তাঁর বাবা মনজুর হোসেন বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন। তবে গতকাল পর্যন্ত পুলিশ সাইদকে গ্রেপ্তার করতে পারেনি। গুরুতর আহত রুমানা আট দিন চিকিৎসাধীন ছিলেন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে। নির্যাতনে তাঁর বাম চোখ নষ্ট হয়ে গেছে এবং ডান চোখের অবস্থাও আশঙ্কাজনক বলে এখানকার চিকিৎসকেরা জানিয়েছেন। মানববন্ধন, সমাবেশ: এদিকে নৃশংস এ নির্যাতনের প্রতিবাদে গতকাল মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হাসান সাইদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন, সমাবেশ ও মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদ জানিয়ে সকালে মানববন্ধন ও মৌন মিছিল বের করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁদের হাতে ধরা ফেস্টুনে লেখা ছিল, ‘রুমানা ম্যাডামের অন্ধত্ব চেতনার অন্ধত্ব, আমরা অন্ধত্ব চাই না’। মৌন মিছিলটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, ৭২ ঘণ্টার মধ্যে নিপীড়ক হাসান সাইদকে গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা, নির্যাতিত রুমানা মনজুরের চিকিৎসার ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গ্রহণ করা এবং তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে নির্যাতনকারী হাসান সাইদকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বেলা সাড়ে ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে সমিতি।প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের সহকর্মী রুমানা মনজুরের ওপর তাঁর স্বামী “নরপশু” হাসান সাইদ বীভৎস, নৃশংস ও পাশবিক নির্যাতন চালিয়েছে।’ তিনি ২৪ ঘণ্টার মধ্যে সাইদকে গ্রেপ্তারের দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।এ সময় শিক্ষক সমিতির কার্যকরী সদস্য তাজমেরী এস এ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও একজন নারী। অথচ আট দিন পরও নির্যাতনকারী স্বামী গ্রেপ্তার হয়নি। ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সভায় অন্যান্যের মধ্যে সমিতির সহসভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সহিদ আকতার হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।১২৭ শিক্ষকের বিবৃতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৭ জন শিক্ষক গতকাল তাঁদের সহকর্মী রুমানা মনজুরের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং নির্যাতনকারী স্বামীর গ্রেপ্তারের দাবি করে বিবৃতি দিয়েছেন। আজ সংহতি সমাবেশ: আজ বুধবার দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী ও নিপীড়নবিরোধী সংগঠনগুলোর নেতাদের অংশগ্রহণে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। নিন্দা: রুমানা মনজুরের ওপর বর্বরোচিত নির্যাতনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর প্রতিবাদে আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে সংগঠনটি।