এলডিসি সম্মেলনের আন্তর্জাতিক সংলাপ শুরু
উন্নত দেশগুলো থেকে ন্যায্য হিস্যা আদায়ের আহ্বান
উন্নত দেশগুলোর মোট জাতীয় আয়ের যে অংশ সাহায্য হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) পাওয়ার কথা, তা আদায়ে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তুরস্কের ইস্তাম্বুলে আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় চতুর্থ এলডিসি সম্মেলনে বিষয়টি নিয়ে অধিকতর সোচ্চার হওয়ার তাগিদ দেন তিনি। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী ‘স্বল্পোন্নত বিশ্বের উন্নয়নে নতুন বৈশ্বিক অংশীদারিত্ব সন্ধান: প্রেক্ষাপট ইউএন এলডিসি-৪’ শীর্ষক আন্তর্জাতিক সংলাপের উদ্বোধন করে অর্থমন্ত্রী এ আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ফজলে হাসান আবেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রেড অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিটিএসডি) এবং কমনওয়েলথ সচিবালয়ের সহযোগিতায় যৌথভাবে এ সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং প্যারিসভিত্তিক ওইসিডি ডেভেলপমেন্ট সেন্টার। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ওইসিডি ডেভেলপমেন্ট সেন্টারের উপপরিচালক কার্লোস ই আলভারেজ এবং ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টিফান ফ্রিশনার।সংলাপের প্যানেল আলোচক ছিলেন ফ্রান্সের ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্টাডি অ্যান্ড রিসার্চের (এফইআরডিআই) প্রেসিডেন্ট প্যাট্রিক গুইলামন্ট, তানজানিয়ার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ ফাউন্ডেশনের (ইএসআরএফ) নির্বাহী পরিচালক এইচ বি লুনোগেলো এবং সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান অনুষ্ঠান সঞ্চালনা করেন।অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ অবশ্যই মধ্য আয়ের দেশে পরিণত হবে, এটা শুধু সময়ের ব্যাপার। তবে বাংলাদেশ ইতিমধ্যেই প্রতিবেশগত সংকটাপন্ন অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন প্রধান চিন্তার বিষয়। তারপর রয়েছে খাদ্যনিরাপত্তা ও সামাজিক সুরক্ষা। শুধু প্রবৃদ্ধির জন্য নয়, দুর্নীতি কমাতেও প্রযুক্তি-বিপ্লব এখন অত্যাবশ্যক। অর্থমন্ত্রী বলেন, আগামী এলডিসি সম্মেলনের একমাত্র আলোচ্য বিষয় হওয়া উচিত উন্নত দেশগুলো তাদের জিএনআইয়ের যে অংশ এলডিসিদের দেওয়ার কথা, তা কীভাবে আদায় করা যায়। অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘এলডিসি থেকে আমরা উত্তরণ চাই। তবে উত্তরণ শুধু মুখে বললেই হবে না, বাস্তবতার সঙ্গে মিলিয়ে পদক্ষেপ নিতে হবে। এলডিসিগুলোর মধ্যেও নিজের অবস্থান তুলে ধরতে হবে বাংলাদেশকে। জিম্বাবুয়ে ও বতসোয়ানার এলডিসি থেকে উত্তরণের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের উত্তরণ ঘটাতে কিছু কাঠামোগত পরিবর্তন আনতে হবে। আনতে হবে পরিবর্তনে নতুন মাত্রা। মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, ৪৯টি এলডিসি সদস্য রাষ্ট্রে ৮৫ কোটি মানুষের বসবাস, যা বিশ্বের মোট জনসংখ্যার ১৫ শতাংশ। এর মধ্যে অর্ধেকেরই অবস্থানই দারিদ্র্যসীমার নিচে। বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দুই শতাংশ, পণ্য-বাণিজ্যের এক শতাংশ এবং সেবা-বাণিজ্যের মাত্র দশমিক পাঁচ শতাংশের ভাগিদার এই বিশাল জনগোষ্ঠী। কার্লোস ই আলভারেজ বলেন, বৈশ্বিক অংশীদারি থেকে এলডিসিগুলো ন্যায্য হিস্যা পাচ্ছে না। তবে গত ১০ বছরে ১৪টি সদস্য-দেশ প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে আশাব্যঞ্জক অগ্রগতি দেখিয়েছে। আশার কথা, দরিদ্র অবস্থা থেকে উত্তরণের পথে থাকা এই দেশগুলোর মধ্যে নাম রয়েছে বাংলাদেশেরও। প্যাট্রিক গুইলামন্ট বলেন, তিন কারণে এলডিসির সদস্য দেশগুলো একটি দারিদ্র্য ফাঁদের মধ্যে পড়ে রয়েছে। মোট জাতীয় আয় (জিএনআই), মানবসম্পদ সূচক (এইচএআই) এবং অর্থনৈতিক ঝুঁকি সূচকের (ইভিআই) নিম্নমান। তারপর এসেছে জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক মন্দা। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা হবে আগামী এলডিসি সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয়। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ২০২১ সালের মধ্যে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হতে হলেও জিডিপির প্রবৃদ্ধির হার ছয় থেকে আট শতাংশে উন্নীত হতে হবে। অবশ্য জিএনআই, এইচএআই এবং ইভিআই—এই তিন সূচকের উন্নয়ন না হলে তা কঠিন হবে। তবে বর্তমান গতিতে অগ্রগতি চলতে থাকলে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হতে হলে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগবে। দেবপ্রিয় বলেন, মনে রাখা দরকার, বাংলাদেশে শিশুমৃত্যুর হার বেড়েছে, মাধ্যমিক পর্যায়ে নারীদের ভর্তির হার কমেছে, পুষ্টিহীনতা বেড়েছে এবং সাক্ষরতায়ও স্থবিরতা লক্ষ করা যাচ্ছে। দরিদ্র থেকে উত্তরণে আগামী এলডিসি সম্মেলনে বাংলাদেশকে ঘোষণা দেওয়া দরকার, কত দ্রুত ও কীভাবে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হওয়া সম্ভব। এলডিসি থেকে উত্তরণ কৌশলের সমন্বিত পদক্ষেপ না থাকার সমালোচনা করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার, মধ্য মেয়াদি আর্থিককাঠামো (এমটিএমএফ), পরিপ্রেক্ষিত পরিকল্পনা ও ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার উন্নয়ন লক্ষ্যমাত্রায় বেশ বৈপরীত্য লক্ষ করা যায়।উল্লেখ্য, ১৯৭১ সাল থেকে শুরু হয়ে ১০ বছর পরপর এলডিসি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।