উন্নয়ন ফি বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে ‘উন্নয়ন ফি’ বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন প্রগতিশীল ছাত্রজোট ও সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংকের প্রধান ফটক বন্ধ করে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে উন্নয়ন ফি বাবদ তিন হাজার টাকা বাতিলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রজোট। সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে শাখা অগ্রণী ব্যাংকের প্রধান ফটক বন্ধ করে ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এতে ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম চললেও বাইরে থেকে কেউ ব্যাংকে ঢুকতে পারছেন না।সমাবেশে বক্তারা বলেন, গত বছরের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় উন্নয়ন ফি পাঁচ হাজার টাকা বাতিলের দাবিতে টানা ১৪ দিন কর্মসূচি পালন করেছিল ছাত্রজোট। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই হাজার টাকা কমিয়ে ওই বছর তিন হাজার টাকা নেয়। তবে চলতি শিক্ষাবর্ষ থেকে উন্নয়ন ফি সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু আজ থেকে প্রথম বর্ষের ভর্তিতে উন্নয়ন ফি বাবদ তিন হাজার টাকা নেওয়া শুরু করেছে প্রশাসন।বক্তারা বলেন, ‘উন্নয়ন ফি’র নামে তিন হাজার টাকা বাতিলের দাবিতে প্রশাসনের সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছিলেন তাঁরা। সর্বশেষ গত ১৩ ডিসেম্বর উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদকেও স্মারক দেওয়া হয়। কিন্তু প্রশাসন বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন তাঁরা। সমাবেশে জোটের সমন্বয়ক সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক শরিফুল চৌধুরী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, বিপ্লবী ছাত্রমৈত্রীর আহ্বায়ক সৌরব মণ্ডল, ছাত্র ফেডারেশনের সভাপতি তানিয়া ইসলাম প্রমুখ বক্তব্য দেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলো ডটকমকে বলেন, এ বিষয়ে আলোচনার জন্য জোটের নেতাদের বলা হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা প্রশাসনের ডাকে সাড়া দেয়নি। আর চলতি বছর থেকে উন্নয়ন ফি তিন হাজার টাকা বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেন তিনি।ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, দাবি আদায়ে আন্দোলন করছেন তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে আলোচনার জন্য তাঁদের ডাকা হয়নি। উল্লেখ্য, গত বছরের ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উন্নয়ন ফি পাঁচ হাজার টাকা থেকে কমিয়ে তিন হাজার টাকা করার কথা বলা হয়েছিল। আর বাকি তিন হাজারও চলতি শিক্ষাবর্ষ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন।