উন্নয়নশীল দেশের তালিকার শীর্ষে বাংলাদেশ: মজীনা
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, প্রেসিডেন্ট ওবামার দৃষ্টিতে সফল উন্নয়নশীল দেশের তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ।বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উচ্চ ফলনশীল ধানের জাতসহ বিভিন্ন লাগসই প্রযুক্তির উচ্ছ্বসিত প্রশংসা করে মজীনা বলেন, এ প্রতিষ্ঠানের কল্যাণেই বিগত চার দশকে চাল উত্পাদন কয়েক গুণ বাড়িয়ে বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রে সফলতার বিরল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। এ দেশকে এখন আর তলাবিহীন ঝুড়ি বলা যাবে না। এটি এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। আজ বুধবার সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে এসব কথা বলেন ড্যান মজীনা।মজীনা বলেন, বাংলাদেশ কৃষিক্ষেত্রে যে বৈপ্লবিক সফলতা অর্জন করেছে, শিক্ষাক্ষেত্রেও অনুরূপ সাফল্য অর্জন করতে হবে। কোনো দেশে জনসংখ্যা বাড়লেও দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী কখনো দেশের জন্য বোঝা নয়। তিনি আরও বলেন, এ দেশে এখনো অনেক শিশু অপুষ্টিতে ভুগছে। এ সমস্যা মোকাবিলায় কৃষিবিজ্ঞানীদের আরও কাজ করতে হবে।ব্রির মহাপরিচালক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কামাল উদ্দিন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের বাংলাদেশ প্রতিনিধি টিমোথি ডেভিড রাসেল প্রমুখ।পরে মার্কিন রাষ্ট্রদূত ব্রির গবেষণা মাঠ, ল্যাব, জিন ব্যাংকসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।