প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) পণ্য উৎপাদন বৃদ্ধি নিশ্চিত ও পরিষেবার আওতা বাড়াতে এসব দেশের সঙ্গে উন্নয়ন অংশীদারদের সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল সোমবার ঐতিহাসিক ইস্তাম্বুল নগরের ‘লুৎফি কিরদার কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টার’-এ স্বল্পোন্নত দেশগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিসম্পর্কিত ‘থিমেটিক সেশন’-এ মূল বক্তার ভাষণে এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশগুলোর অর্থনীতি সমৃদ্ধ হলে তাদের ক্রয়ক্ষমতা বাড়বে। এতে উন্নত দেশগুলোর জন্য শক্তিশালী ও স্থিতিশীল বাজার গড়ে উঠবে। তিনি স্বল্পোন্নত দেশের নেতাদের ও উন্নয়ন অংশীদারদের উদ্দেশে বলেন, ‘অতীতের অদূরদর্শী কৌশল পরিত্যাগ করে আমাদের সবার জন্য কল্যাণকর সিদ্ধান্তের পথে অবস্থান নিতে হবে।’ তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে তাদের বিশ্বায়নের সুবিধা গ্রহণের উপযোগী করতে এসব দেশের মানবসম্পদের উন্নয়ন সাধন এবং উৎপাদনক্ষমতা বাড়াতে হবে।প্রধানমন্ত্রী বলেন, আশির দশকের প্রথম কর্মপরিকল্পনায় দারিদ্র্য ও বঞ্চনা থেকে বেরিয়ে আসতে স্বল্পোন্নত দেশগুলোর পণ্য উৎপাদন ও পরিষেবা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। তিনি বলেন, ওই কর্মপরিকল্পনার আলোকে স্বল্পোন্নত দেশগুলোকে মানবসম্পদ উন্নয়ন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, বাণিজ্য সম্প্রসারণ ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য বিনিয়োগ এবং জনশক্তির প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও সম্পদ স্থানান্তরের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।শেখ হাসিনা বলেন, প্রযুক্তি, অভিজ্ঞতা ও দক্ষতা স্থানান্তরের রাশ টেনে ধরলে স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন ব্যাহত হবে। তিনি বলেন, উৎপাদনক্ষমতা বাড়াতে ও বিশ্বায়নের সুবিধা কাজে লাগাতে বাংলাদেশ আর্থিক ও ব্যবসা-বিনিয়োগের ক্ষেত্রে যথোপযুক্ত নীতি প্রণয়ন এবং অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ও পরিবহন খাতের উন্নয়নের ব্যবস্থা নিয়েছে।সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী মান্ডিক নিয়াং এবং ফিনল্যান্ডের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিতভা রোনদে অনুষ্ঠানে পালাক্রমে সভাপতিত্ব করেন।এলডিসি বাণিজ্য মেলায়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, আগামী দশকে এলডিসি নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হবে। গতকাল সন্ধ্যায় ইস্তাম্বুলের ‘লুৎফি কিরদার কনভেনশন সেন্টারে’ এলডিসি বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর ইলেকট্রনিক মিডিয়ার কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্তকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ এলডিসি গ্রুপ থেকে বেরিয়ে আসবে। কেননা আমরা উন্নয়নশীল দেশভুক্ত হতে চাই।’তুরস্কের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: পরে গতকাল প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল ও প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোগান এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন।