উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক উন্নয়ন এবং বর্তমান সরকারের গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশে কোনো জঙ্গিবাদ বা সন্ত্রাসের স্থান নেই।’ বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগের চমৎকার পরিবেশের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, বিশ্ব উষ্ণায়নের পরিপ্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় যে তহবিল গঠন করেছে, যত দ্রুত সম্ভব এই তহবিলের অর্থ ছাড় করা প্রয়োজন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।উভয়েই মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এ সময় অ্যাম্বাসেডর এটলার্জ এম জিয়াউদ্দিন, মুখ্যসচিব এম এ করিম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।—বাসস।