উন্নয়ন ও যোগাযোগ সম্পর্কিত: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উন্নয়ন ও যোগাযোগ একে অপরের সঙ্গে সম্পর্কিত। তাই উন্নয়নের জন্যই এখন এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা জোরদার করা দরকার। আজ সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত চতুর্থ দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এই সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অর্থমন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের এখনো খুব একটা উন্নতি হয়নি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সৌরবিদ্যুত্ অনেক এগিয়েছে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এর উন্নয়ন যত বেশি দরকার তার চেয়ে অনেক বেশি পিছিয়ে আছে। এ ছাড়া খাদ্যপণ্য ও জ্বালানি তেলের উচ্চমূল্য এই অঞ্চলের দেশগুলোর জন্য একটি বড় সমস্যা বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ফ্রিডরিক-ইবার্ত-স্টিফতুংয়ের ভারতের প্রকল্প পরিচালক সারাহ হিজ, ইউএন-এসকাপের প্রধান অর্থনীতিবিদ নাগেশ কুমার, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিয়েল ওয়াকার প্রমুখ। দুই দিনব্যাপী এ সম্মেলন আগামীকাল রোববার শেষ হবে।