উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের অনেক কাজই শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র নয় দিন পর চট্টগ্রামে ক্রিকেট বিশ্বকাপের খেলা হবে। এই উপলক্ষে চট্টগ্রাম নগরকে সাজানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ইতিমধ্যে সরকারি বরাদ্দের অর্থও দেওয়া হয়েছে। কিন্তু নগর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের অনেক কাজই নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না। ফলে বন্দর নগরকে বর্ণাঢ্যভাবে বিশ্বের কাছে উপস্থাপনের সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের অভিযোগ, সরকারের কাছ থেকে সময়মতো অর্থ ছাড় না হওয়ায় খেলা শুরুর আগে কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম। তবে ক্রিকেটসংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, করপোরেশনের সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা এবং ঠিকাদারের কাজের ধীরগতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।আগামী ১১ এবং ১৪ মার্চ চট্টগ্রামের জহুর আহমদ বিভাগীয় স্টেডিয়ামে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামের সড়ক মেরামত ও সৌন্দর্যবর্ধনের জন্য ৮৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, ‘বিশ্বকাপের পরে হলেও বরাদ্দের সব কাজ পর্যায়ক্রমে শেষ করা হবে।’ তবে করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে যেসব কাজ হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। বাকি কাজ যথাসময়ে শেষ হবে বলে আশা করছি।’করপোরেশন সূত্র জানায়, দুই পর্বে সড়ক সংস্কার করতে মোট ৩৫ কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। প্রথম দফায় গত সেপ্টেম্বরে দরপত্র আহ্বান করা হলেও কাজ শুরু হয় জানুয়ারিতে। সেই কাজ তড়িগড়ি করে শেষ করা হচ্ছে, যার ফলে কাজ হচ্ছে নিম্নমানের। প্রথম পর্বে সড়কের সংস্কার, মেরামত, রং লাগানো ও সেতু নির্মাণের চার শতাধিক প্রকল্প আছে।সরেজমিনে দেখা গেছে, জাকির হোসেন সড়ক পিচঢালা করার পরপরই অনেকাংশ নষ্ট হয়ে গেছে। তাড়াহুড়া করতে গিয়ে বিমানবন্দর সড়কে নতুন করে পিচ না ঢেলে জোড়াতালি দিয়ে কাজ শেষ করা হয়। দ্বিতীয় পর্বে গত জানুয়ারিতে ১৭ কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। এ কাজেও সড়ক মেরামত, নালা-নর্দমা পরিষ্কার, সেতু নির্মাণের কাজ রয়েছে। এসব কাজ এখনো শুরুই হয়নি। আগামী জুন মাস পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ আছে। সিটি করপোরেশন ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় নগরের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, পাঁচটি মোড়ে ফোয়ারা নির্মাণ ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পানসহ বিভিন্ন স্থাপনা দিয়ে সাজানোর কথা ছিল। এর মধ্যে টাইগারপাসে বাঘ, বারিক বিল্ডিং মোড়ে রূপচান্দা, নিমতলী মোড়ে ক্রিকেটারদের রেপ্লিকা বসানো হয়েছে। কিন্তু দেওয়ানহাট, লালখানবাজার মোড়সহ বেশির ভাগ দর্শনীয় স্থানে সৌন্দর্যবর্ধনের কোনো কাজ শুরুই হয়নি। সরেজমিনে দেখা গেছে, প্রায় দুই মাস আগে প্রবর্তক মোড়ে একটি পানির ফোয়ারা নির্মাণের কাজ শুরু হয়। সেই ফোয়ারা তৈরির কাজ এখনো প্রাথমিক পর্যায়ে। কাজীর দেউড়ি ও নিউমার্কেট মোড়ে ফোয়ারা নির্মাণের কাজে এখনো শুরুই হয়নি। আবার ওয়াসার মোড়ে ফোয়ারা হলেও তাতে পানির সরবরাহ দেওয়া হয়নি। ফোয়ারার ওপর উল্টোভাবে বসানো হয়েছে একটি গ্লোব। চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশমুখ ও জামালখান মোড়ে সাম্পান বসানো হয়েছে। অটোরিকশা ও রিকশার ভিড়ে বিমানবন্দরের এবং বিলবোর্ডের কারণে জামালখানের সাম্পান দেখা যায় না। সাম্পানে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৪ দেশের পতাকা দিয়ে পাল লাগানোর কথা থাকলেও লাগানো হয়নি। বায়োস্কোপ নামে ঢাকার একটি বিজ্ঞাপনী সংস্থা সাম্পানগুলো বসানোর কাজ নেয়।প্রতিষ্ঠানটির পরিচালক দীপক মোর্শেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা সাম্পান বসিয়েছি, কিন্তু বিলবোর্ডের জন্য পাল লাগাতে পারছি না। সিটি করপোরেশন প্রতিশ্রুত সময়ে বিলবোর্ড সরায়নি। ওয়াসা মোড়ে উল্টো করে গ্লোব বসানো প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমাদের ভুলে হয়েছে। খেলার আগেই ঠিক করা হবে।’