নির্ধারিত কর্মসূচি থাকলেও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান গতকাল রোববার উন্নয়নকাজ পরিদর্শন করেননি। খুলনার রেলিগেটের বাসায় তিনি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেছেন।এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিমন্ত্রী খালিশপুরের ১২ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ তুলেছে ১৮ দল-সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান। তিনি গতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজুল ইসলাম ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী পারভীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর প্রতিমন্ত্রীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের তদন্ত চলছে।খুলনার আঞ্চলিক তথ্য কর্মকর্তা জাকির হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘প্রতিমন্ত্রীর কাছ থেকে আমরা যে বার্তা পেয়েছি, তাতে শনিবার তাঁর কোনো সরকারি কর্মসূচি ছিল না। তবে তিনি খুলনাতেই ছিলেন।’মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান বলেন, ১২ নম্বর ওয়ার্ডে প্রতিমন্ত্রীর প্রচারণা নিয়ে প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে। তাঁর এই প্রচারণা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি আবেদন জানিয়েছেন।সিটি করপোরেশন নির্বাচনের কয়েক দিন আগে শুক্রবার খুলনার ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন মন্নুজান সুফিয়ান। এ সময় এলাকার আওয়ামী লীগ নেতারা ছাড়াও দুজন কাউন্সিলর প্রার্থী তাঁর সঙ্গে ছিলেন। এ সময় তাঁর সঙ্গে থাকা নেতারা আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে ভোট চান।সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১০-এর ১৪ এর (ক) বিধিতে বলা আছে, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাদের সমমর্যাদাসম্পন্ন সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না।মন্নুজান সুফিয়ান প্রথম আলোকে বলেন, আইনটি তাঁর জানা ছিল না। আর তিনি কোনো প্রচারণায় অংশ নেননি।প্রতিমন্ত্রীর এই সফর সম্পর্কে জানতে চাইলে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোস্তফা ফারুক গতকাল বলেন, ‘আমি আপনাদের পত্রিকার ছবি ও খবর দেখেছি। পুরো বিষয়টি জানার জন্য ১২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটকে আমি নির্দেশনা দিয়েছি। সবকিছু জানার পর আমরা ব্যবস্থা নেব।’