উন্নয়ন নেই, গোলকধাঁধায় গোলাপগঞ্জ
পৌরসভা ভবনের পাশে ফুটপাতের একটি চায়ের দোকানে বসে কথা হচ্ছিল এক ব্যক্তির সঙ্গে। তিনি জানালেন, বড় দুর্ভোগ আর ভোগান্তিতে রয়েছে পৌরবাসী। মাদকসেবীদের উৎপাত, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং যানজট তীব্র। এ ছাড়া একটি পৌর এলাকার জন্য যেসব নাগরিক সুবিধা অপরিহার্য, তার সামান্যই মিলছে এখানে। এ অভিযোগ পৌরবাসীর।২ ডিসেম্বর সরেজমিনে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা ঘুরে জানা যায় বিভিন্ন সমস্যার কথা। পৌরবাসীর কথার সূত্র ধরে পুরো পৌর এলাকা ঘুরে হ-য-ব-র-ল অবস্থা দেখা গেছে। মেয়র ও কাউন্সিলরদের দ্বন্দ্ব আর রেষারেষির কারণে প্রতিটি ওয়ার্ডে সমানতালে উন্নয়ন কার্যক্রমও হচ্ছে না বলে জানিয়েছেন অনেকেই।বাস টার্মিনাল এলাকা থেকে সিলেটমুখী মূল সড়কের হাতের বাঁ পাশে গোলাপগঞ্জ পৌরসভার চোখ ধাঁধানো সুবিশাল ফটক। ফটকের ভেতরে মিনিট পাঁচেক হাঁটার পর পৌরভবন। ভবনে ঢোকার আগে ডানে-বাঁয়ে ময়লার স্তূপ। এই স্তূপই যেন গোটা শহরের অবস্থা জানান দিচ্ছে। গোলাপগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এ রকম ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে আছে নোংরা-আবর্জনা।শুধু তাই নয়, কয়েকটি ড্রেনের অস্তিত্ব পাওয়া গেল যেগুলো আবর্জনায় ভর্তি। পানির প্রবাহ নেই। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট ভেসে একাকার। পৌরবাসী জানায়, সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর পৌর এলাকায় ঘুটঘুটে অন্ধকার বিরাজ করে। স্বাভাবিকভাবেই তখন মাদকসেবীদের উৎপাত অনেকটা বেড়ে যায়। জলাবদ্ধতা: দাড়িপাতন গ্রামের ব্যবসায়ী সুয়েদুর রহমান বলেন, শহরে সুষ্ঠূ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই প্রায় এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। নিয়মিত পরিষ্কার না করায় অনেক ড্রেনের এখন অস্তিত্ব নেই বললেই চলে।জানা গেল, ছিটা ফুলবাড়ি, সরস্বতী মালিপাড়া, রণখেলি লামার দক্ষিণ ভাগ, রণখেলি ইয়াগুল, খালপাড়, দাড়িপাতনসহ বিভিন্ন এলাকায় পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। এ ছাড়া শহরের ব্যস্ততম আহমদ খান রোড ও ভিতরবাজার এলাকায় ড্রেনেজ সুবিধা থাকলেও এগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পানি চলাচলের ড্রেনগুলো রুদ্ধ হয়ে গেছে। ফলে অনিবার্য পরিণতি হিসেবে শহরে এখন অল্প বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা।পৌরবাসী জানান, শহরে পানিনিষ্কাশন নালা না থাকায় সামান্য বৃষ্টিতেই অধিকাংশ এলাকা তলিয়ে যায়। ভারী বর্ষণে সৃষ্টি হয় ব্যাপক জলাবদ্ধতা। পাশাপাশি অপরিকল্পিতভাবে খাল-নালা ভরাট করে বাসা-বাড়ি তৈরি করায় পানি চলাচল সুষ্ঠুভাবে সম্ভব হচ্ছে না। ফলে পৌরবাসীর দুর্ভোগ শুধু বেড়েই যাচ্ছে। তাই জলাবদ্ধতা ঠেকাতে ব্যাপক প্রস্তুতির দাবি জানিয়েছে এলাকাবাসী। গাড়িজট: গোলাপগঞ্জ শহরের সাধারণ মানুষের একমাত্র বাহন হলো রিকশা। ছোট্ট শহরে প্রয়োজনের তুলনায় রিকশার সংখ্যা এত বেশি যে প্রতিদিনই রিকশার জট লেগে থাকে। পৌরসভার তথ্যানুযায়ী, ৭০০টি রিকশার লাইসেন্স দেওয়া হয়েছে এবং এগুলোর চালক ৬৩০ জন। কিন্তু এখানে এখন রিকশা হাজারখানেক বলে শহরবাসীর ধারণা।এলাকাবাসী জানায়, শহরে স্থায়ী স্ট্যান্ড না থাকায় কর্তৃপক্ষ যত্রতত্র অস্থায়ী ভিত্তিতে স্টপেজ বসিয়ে যাত্রী ওঠানামা করিয়ে বাস চালাচ্ছে। মুক্তিযোদ্ধা সংসদের পাশে একটি জায়গা ‘বাস টার্মিনাল’ হিসেবে ব্যবহূত হলেও এটি সুপরিসর না হওয়ায় কয়েকটি লাইটেস ছাড়া অন্য গাড়ি রাখা সম্ভব হচ্ছে না। এতে যেখান-সেখান থেকে বাসগুলো যাত্রী ওঠানামা করিয়ে বিভিন্ন সড়কে চলাচল করছে। এ ক্ষেত্রে যাত্রী ও বাসমালিকদের দুই পক্ষেরই দুর্ভোগে পড়তে হচ্ছে।সরজমিনে গিয়ে দেখা যায়, শহরের প্রধান সড়ক চৌমোহনী রোডের ঢাকা-দক্ষিণ রোড, জকিগঞ্জ রোড এবং সিলেট রোডে দিনে-রাতে গাড়ি দাঁড় করিয়ে রাখায় যানজট সারাক্ষণ লেগেই রয়েছে। সকাল-দুপুর স্কুল-কলেজ ছুটির সময় দীর্ঘসময়ের জন্য যানজট লেগে থাকে। ট্রাফিকের ভূমিকাও সন্তোষজনক নয় বলে অনেকেই অভিযোগ করেছে।জানা যায়, শহরের সবচেয়ে ব্যস্ততম চৌমোহনী এলাকার প্রধান সড়কে যাত্রীবাহী বাস, টেম্পো, সিএনজি, রিকশাসহ বিভিন্ন যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। বড় বড় বাস দিনে-রাতে ওই রাস্তায় যাত্রী ওঠানামা করায়। কখনো কখনো বেশ কতগুলো ট্রাক অহেতুক দাঁড়িয়ে থাকে। গোলাপগঞ্জ পৌর এলাকার বাসিন্দা শাহীনুর রব বলেন, ‘চালকেরা নিজেদের ইচ্ছা অনুযায়ী রাস্তায় গাড়ি ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে। অথচ সংশ্লিষ্ট প্রশাসন নির্বিকার। ফলে এ ধরনের গাড়িজট থেকে দীর্ঘস্থায়ী যানজট তৈরি হচ্ছে।’ ঢাকা-দক্ষিণ রোড এলাকার ব্যবসায়ী শাহেদ আহমদ বলেন, ‘শহরে যানজট খুব বেশি। স্থায়ীভাবে কয়েকটি স্ট্যান্ড তৈরি করা হোক, যাতে সবাই সুবিধা পায়।’বিদ্যুৎ নিয়ে যত ভোগান্তি: পৌর শহরের কোথাও কোনো সড়কবাতি না থাকায় লোকজনকে সন্ধ্যার পর চলাফেরা করতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক বছর আগে শহরের কয়েকটি স্থানে বেশ কয়েকটি সড়কবাতি লাগানো হয়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে ওই বাতিগুলো অকেজো অবস্থায় রয়েছে। বাতি না জ্বলায় সন্ধ্যার পর মাদকসেবীদের উৎপাতের মাত্রা বেড়ে যাচ্ছে। পৌর শহরের বাসিন্দা হারুনুজ্জামান বলেন, ‘রাত হলেই শহরের রাস্তাজুড়ে নেমে আসে অন্ধকার। গাড়ি চলাচল করলে যেটুকু আলো দেখা যায় তা দিয়েই পথ চলতে হয়। অন্ধকারে ছোটখাটো দুর্ঘটনা ঘটে নিয়মিত।’এলাকাবাসী জানিয়েছে, পৌর এলাকা হওয়া সত্ত্বেও শহরের নয়াগ্রাম, দিঘির পার রঙ্গাই বিশ্রা, লামার দক্ষিণ ভাগ, নরুপাড়া, গোঘার কূল দক্ষিণপাড়া এলাকা এখনো বিদ্যুৎ-সুবিধার বাইরে রয়েছে। এসব এলাকার প্রায় সাড়ে সাত হাজার মানুষ এখনো অন্ধকারে বসবাস করছে। দিঘিরপার রঙ্গাই বিশ্রা গ্রামের মো. মুহিবুর রহমান মনির বলেন, ‘একাধিকবার বিদ্যুৎ-সুবিধার দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ বিদ্যুতের অভাবে কত ভোগান্তি সহ্য করতে হচ্ছে।’ ওই এলাকার বিলাল আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অন্তত ৪০টি পরিবার বিদ্যুৎ-সুবিধার বাইরে রয়েছে। কবে যে বিদ্যুৎ আসবে তার যেন কোনো ঠিকঠিকানা নেই।’মাদকসেবীদের উৎপাত: সন্ধ্যা হলেই মাদক ব্যবসায়ীরা পৌর শহরের বেশ কয়েকটি স্থানে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যার পর এসব এলাকায় মাদকসেবীদের উৎপাত বেড়ে যায়। পৌরবাসী জানায়, একাধিক সন্ত্রাসী গোষ্ঠী মাদক বেচাকেনার সঙ্গে যুক্ত। অনুসন্ধানে জানা গেছে, গোলাপগঞ্জ শহরের কমপক্ষে ১০টি স্পটে মাদক বেচাকেনা হয়। এর মধ্যে ভিতরবাজার, কদমতলী, কাশিখাল ও কামারগাঁওয়ে অনেকটা প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। এসব জায়গায় ফেনসিডিল, গাঁজা, বিভিন্ন ধরনের ট্যাবলেট, ইনজেকশন, চুয়ানি ও দেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য পাওয়া যায়। সন্ধ্যার পর ওই সব এলাকায় বাতাসে ভেসে আসে উৎকট গন্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদকসেবী বলেন, ‘এখানে অতিসহজেই সব ধরনের মাদক পাওয়া যায়। এ কারণে আমরা কিছুতেই এ মরণনেশা ছাড়তে পারছি না।’ কাশিখাল এলাকার এক মাদক ব্যবসায়ী বলেন, ‘পুলিশ ও রাজনৈতিক দলের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে মাসে নিয়মিত টাকা দিয়ে এ ব্যবসা চলে।’ রণখেলি গ্রামের মাদ্রাসাশিক্ষক আবদুল জলিল বলেন, পৌর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় অতিসহজেই মাদক পাওয়ার কারণে কিছু তরুণ ক্রমেই মাদকাসক্ত হয়ে পড়ছে। বিষয়টি উদ্বেগজনক। তাই আমি মনে করি, মাদকের হাত থেকে এদের বাঁচানোর জন্য শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। তিনি মাদকের জন্য এখানকার যুবসমাজকে বখে যাওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন।সরেজমিনে গিয়ে পৌর শহরের বিভিন্ন এলাকায়, নর্দমা ও নালায় ফেনসিডিলের খোলা বোতল ও বিভিন্ন ট্যাবলেটের খোলাপাতা পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী জানায়, এলাকায় ফেনসিডিল ও গাঁজায় আসক্তদের সংখ্যা বিপজ্জনকভাবে বেড়েছে। কলেজ ও স্কুলপড়ুয়া অনেক ছাত্র এসব নেশায় আসক্ত হয়েছে। এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক খান বলেন, ‘আমি গোলাপগঞ্জকে মাদকমুক্ত করতে ব্যাপক তৎপরতা শুরু করেছি। এ কারণে শহরে এখন মাদকসেবী ও ব্যবসায়ীদের সংখ্যা অনেক কমে গেছে। এখন মাদক বিক্রেতাদের কোনো উপদ্রব নেই বললেই চলে।’ পুলিশ মাদক বিক্রিতে সহায়তা করে—এ অভিযোগ অস্বীকার করে তিনি জানান, লোকজন বলার খাতিরেই হয়তো বা পুলিশকে জড়িয়ে এমন অভিযোগ করে থাকে। প্রকৃতপক্ষে এটি সত্য নয়।নেই কোনো গণশৌচাগার: শহরের কোথাও গণশৌচাগার না থাকায় খুব সমস্যায় পড়তে হচ্ছে লোকজনকে। পৌর কর্তৃপক্ষের কাছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে গণশৌচাগার স্থাপনের দাবি জানিয়ে এলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, বছরখানেক আগে শহরের লোকজনের দুর্ভোগের কথা বিবেচনায় এনে কদমতলী এলাকায় একটি গণশৌচাগার তৈরি করা হয়েছে। তবে এলাকাবাসী শৌচারগার স্থাপনের স্থানটি যথাযথ হয়নি বলে অভিযোগ করেছে। পৌর বাজারের বেশ দূরে এই শৌচাগার তৈরি করায় কেউই প্রকৃত সুফল ভোগ করতে পারছে না। তা ছাড়া এটি স্থাপনের পর থেকে এখন পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় রয়েছে। পৌর এলাকার ইলেকট্রনিকস ব্যবসায়ী মো. আবুল হাসনাত জানান, পৌর শহরের কমপক্ষে চারটি গুরুত্বপূর্ণ স্থানে শৌচাগার প্রতিষ্ঠা করা দরকার। স্থানগুলো হচ্ছে চৌমোহনী, ভিতরবাজার, উপজেলা এলাকা এবং মিলের বাজার। ব্যবসায়ী ওলিউর রহমান বলেন, ‘প্রস্রাব-পায়খানা করার জন্য কোনো শৌচাগার নেই। এর মতো অবাক কাণ্ড আর থাকতে পারে না। শৌচাগার না থাকায় প্রতিনিয়ত আমাদের কী পরিমাণ দুর্ভোগে পড়তে হচ্ছে সেটা একমাত্র আমরাই ভালো বলতে পারব।’ পানির সমস্যা : মোট ১৭ দশমিক ২৮ বর্গকিলোমিটার আয়তনের গোলাপগঞ্জ পৌরসভায় এখন জনসংখ্যা প্রায় ৪০ হাজার। ২০০১ সালের ১০ মে প্রতিষ্ঠার পর থেকে নাগরিকদের এক-পঞ্চমাংশের জন্যও পানি সরবরাহের ব্যবস্থা নেই। কয়েকটি নলকূপ স্থাপন করে পানি সরবরাহের দায় এড়ানো হয়েছে। পৌরকর্তৃপক্ষের হিসাবে, শহরে ১৫৩টি গভীর ও নয়টি অগভীর নলকূপ রয়েছে। তবে এর অধিকাংশই ব্যক্তিমালিকানাধীন।শহরের চৌমোহনী এলাকায় কথা হয় শাহীন আহমদ, গোলাপ মিয়া ও সামসুল ইসলামের সঙ্গে। তাঁরা অভিন্ন সুরে বলেন, ‘সুপেয় পানি সরবরাহের কোনো ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি। কিংবা যদি বুঝতাম কার্যকর কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, তবু তো মন্দ ছিল না।’ সংশ্লিষ্ট লোকেরা কী বলেন: গোলাপগঞ্জ পৌরসভার সচিব মিসবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমি গত কয়েক মাস হলো এখানে এসেছি। তাই পৌরসভার উন্নয়ন কার্যক্রম কিংবা সমস্যা সম্পর্কে তেমন বলতে পারব না।’গোলাপগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন বলেন, ‘বছর দেড়েকের মধ্যে একটি ২০ কোটি টাকার প্রকল্প পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পের কাজ শুরু হলে পানি-সমস্যার সমাধান অনেকটাই হয়ে যাবে। অন্যদিকে জলাবদ্ধতা সমস্যার সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ইতিমধ্যে ৭০ ভাগ সমস্যার সমাধান হয়েছে। বাকিটুকুও পর্যায়ক্রমে হবে।’ তিনি জানান, কদমতলী এলাকায় নির্মিত শৌচাগারটি শিগগিরই উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে শহরের আরও কয়েকটি স্থানে শৌচাগার নির্মাণের পরিকল্পনা পৌরসভার রয়েছে।৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খান বলেন, ‘পৌর শহরে যেন মাদকের হাট বসে গেছে। অনেক সময় পুলিশের হাতে মাদক-বিক্রেতাদের ধরিয়ে দিচ্ছি। কিন্তু ওরা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে পুরোনো ব্যবসায় ফিরে আসছে।’ তিনি জানান, যানজট নিরসনে পরিবহন-শ্রমিকনেতাদের নিয়ে শিগগিরই একটি বৈঠকের ব্যবস্থা নেওয়া হবে। রাস্তার ওপর যাতে একটির বেশি গাড়ি রাখা না হয় সে ব্যাপারেও তাদের অনুরোধ করা হবে।সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস বলেন, ‘বিদ্যুৎ না থাকায় পৌর এলাকার বেশ কয়েকটি পাড়া-মহল্লার লোকজন চরম ভোগান্তিতে রয়েছে। যাতে পৌরসভার সব এলাকায় বিদ্যুৎ-সুবিধা পৌঁছে দেওয়া যায় সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আমরা নিয়মিত বলে আসছি। এ ছাড়া শহরে প্রচুর পরিমাণে সড়কবাতি লাগানোর জন্য পৌরসভার নিয়মিত সভায় উপস্থাপন করব।’ গোলাপগঞ্জ পৌরসভার মেয়র জাকারিয়া আহমদ পাপলু বিদেশে অবস্থান করায় গত ৫ ডিসেম্বর পর্যন্ত তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।