উন্নয়ন পরিকল্পনা দিতে উপজেলা চেয়ারম্যানদের প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা চেয়ারম্যানদের নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এর ভিত্তিতে বাজেট বরাদ্দ করে স্থানীয় পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য খাতের উন্নয়ন করা হবে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘জনগণের দোরগোড়ায় সেবা: তৃণমূলে জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে রূপকল্প-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা চেয়ারম্যানদের কর্মশালা হয়। এ কর্মশালায় প্রধানমন্ত্রী উপজেলা চেয়ারম্যানদের উদ্দেশে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেন। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আপনাদের সম্মান দেখাতে হবে। একইভাবে সরকারি কর্মকর্তাদের প্রতি নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মান দেখানোর আহ্বানও জানান তিনি। তিনি বলেন, এর মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ভালো হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব হবে।প্রধানমন্ত্রী আজ সকালে পাঁচ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংশ্লিষ্ট সচিবেরাও এ সময় উপস্থিত ছিলেন।