উন্নয়ন ফি কমানোর সিদ্ধান্ত প্রশাসনের, ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে উন্নয়ন ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এ কারণে আন্দোলনের সব কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।উন্নয়ন ফি পাঁচ হাজার টাকার স্থলে এখন নেওয়া হবে তিন হাজার টাকা। এ ছাড়া পরবর্তী শিক্ষাবর্ষ থেকে উন্নয়ন ফি বাতিল করতে মন্ত্রণালয় ও ইউজিসির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে প্রশাসন।আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে আজ রোববার বিকেলে আলোচনা শেষে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। পরে রাত পৌনে আটটায় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগ এ-সংক্রান্ত একটি সংবাদবিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করে।সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়ন ফি পাঁচ হাজার টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিচ্ছে প্রশাসন। আগামী ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে অবশিষ্ট তিন হাজার টাকার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে উপাচার্যের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।এতে আরও বলা হয়, আট শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের জন্য অভিযুক্তরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করতে পারবেন। একই সঙ্গে ক্যাম্পাসের সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণাও দেওয়া হয়।উপাচার্যের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন হাসনা হেনা বেগম, প্রক্টর কামালউদ্দীন আহমেদ, ছাত্রকল্যাণ পরিচালক অরুণ কুমার গোস্বামী। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ছিলেন শরীফুল চৌধুরী, মাসুদ রানা, নাজমুল ইসলাম প্রমুখ।বিষয়টি নিশ্চিত করে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘উন্নয়ন ফি সম্পূর্ণ বাতিল করার বিষয়ে চেষ্টা চালিয়ে যাব।’এদিকে প্রগতিশীল ছাত্রজোটের ফারুক আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির একাংশ মেনে নিয়েছে। তাই আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।’ প্রশাসন শিগগিরই পুরো দাবি মেনে নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।প্রসঙ্গত উন্নয়ন ফি বাতিলের দাবিতে ৩ জানুয়ারি থেকে প্রগতিশীল ছাত্রজোট আন্দোলনে নামে। পরে এর সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। গত বুধবার থেকে ধর্মঘটের ডাক দেন আন্দোলনকারীরা।