জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে উন্নয়ন ফি বাবদ পাঁচ হাজার টাকা নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ক্যাম্পাসে মিছিল করছে প্রগতিশীল ছাত্রজোট। এদিকে পাল্টা মিছিল করছে ছাত্রলীগও।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল নয়টা থেকে প্রগতিশীল ছাত্রজোট বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখা অবরোধ করে। এবং সকাল ১০টার দিকে ব্যাংকের ফটকে তালা লাগিয়ে দেয়। পৌনে ১১টার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে তালা ভাঙেন। তবে ব্যাংকের প্রধান ফটক খোলা থাকায় এ সময় ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক ছিল।এ অবরোধ চলাকালে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক শ্রাবণ, ফারুক ও ইয়াসিনের নেতৃত্বে কয়েক শ ছাত্রলীগ কর্মী প্রগতিশীল ছাত্রজোটের নেতাদের ওপর হামলা চালায়। এতে প্রগতিশীল ছাত্রজোটের নেতা আবির, শরীফ, আজাদ, তানিয়া, তিথি ও মিশু আহত হন। ছাত্রজোটের কর্মী মিশু বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগে কর্মীদের আমাদের ওপর লেলিয়ে দেয়। ছাত্রলীগের হামলায় আহত হন আমাদের ছয় কর্মী।’প্রক্টর কামালউদ্দিন আহমেদ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেন।