উন্নয়ন বরাদ্দের টাকায় কাপ-পিরিচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন ও সংস্কারের জন্য শিক্ষা উন্নয়ন প্রকল্প-২ এর বরাদ্দ করা ২১ লাখ ৬০ হাজার টাকার অধিকাংশই হরিলুট হচ্ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা জোতির্ময় চন্দ্র সরকার বাধ্যতামূলকভাবে বরাদ্দের ১২ লাখ ৪২ হাজার টাকার উপকরণ নিতে শিক্ষকদের বাধ্য করাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৪৬টি সরকারি ও ৬২টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। গত জুন মাসে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট-২ (পিইডিপি) ওই বরাদ্দ দেয়। সরকারি বিধি অনুয়ায়ী ওই টাকা সংশ্লিষ্ট বিদ্যালয়ের স্লিপ কমিটি প্রতিষ্ঠানের প্রয়োজন অনুয়ায়ী ব্যয় করার কথা। এ বিষয়ে গত মে মাসে প্রতিটি বিদ্যালয়ের স্লিপ কমিটিকে প্রশিক্ষণও দেওয়া হয়। শিক্ষা দপ্তর সূত্র জানায়, ওই টাকা খরচের জন্য স্লিপ কমিটি করা হয়েছে। এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি একজন, সদস্য একজন, শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি একজন, সদস্য একজন, ইউনিয়ন পরিষদের সদস্য একজন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক একজন করে রাখা হয়েছে। প্রধান শিক্ষক ও স্লিপ কমিটির সভাপতি যৌথ স্বাক্ষরে টাকা তুলে ব্যয় করবেন। শিক্ষকদের অভিযোগ, বরাদ্দ করা ওই টাকার মধ্যে সাড়ে ১১ হাজার টাকারই উপকরণ নিতে হচ্ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা টেলিফোন করে প্রধান শিক্ষকদের মো. মামুনুর রহমান চৌধুরীর নিমতলা মোড়ে মুকিমা ফার্মেসিতে নির্ধারিত টাকা জমা দিয়ে উপকরণ নিতে বলেছেন। মামুনুর রহমান চৌধুরী স্থানীয় এক আওয়ামী লীগের নেতার আত্মীয়। জানা গেছে, মামুনুর রহমান চৌধুরী বিদ্যালয়গুলোর প্রতিটির কাছ থেকে সাড়ে ১১ হাজার টাকা জমা নিয়ে একটি করে ওয়াটার ফিল্টার, ছয়টি প্লেট, ছয়টি কাপ-পিরিচ, ছয়টি কাচের গ্লাস দিচ্ছেন। পরে একটি ড্রামসেট দেবেন। ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জিম্মি আখতার সাড়ে ১১ হাজার টাকা জমা দিলে তাঁকে ওই উপকরণগুলো দেওয়া হয়। এক শিক্ষক জানান, তাঁরা যে উপকরণগুলো সরবরাহ করছে, সেগুলোর দাম সর্বসাকল্যে সাড়ে পাঁচ হাজার টাকার বেশি হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান শিক্ষকেরা বলেন, অধিকাংশ বিদ্যালয়ে ওই উপকরণগুলোর প্রয়োজন নেই। অনেক বিদ্যালয়ের দরজা-জানালাই নেই। উপকরণগুলো রাখবে কোথায়। মডেল প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, তাঁদের বিদ্যালয়ে কয়েক ডজন করে গ্লাস, প্লেট ও কাপ-পিরিচ আছে। শুধু শুধু তাঁদের এগুলো গছানো হচ্ছে। শিক্ষকেরা বলেন, ‘আমরা চরম বিপদে পড়েছি। শিক্ষা কর্মকর্তার কথাও ফেলতে পারছি না, আবার বিদ্যালয়ের স্লিপ কমিটির সভাপতি ওই টাকা দিতেও চাচ্ছে না। পরে অডিট এলে আমরা কীভাবে ব্যয়গুলো সমন্বয় করব, বুঝতে পারছি না।’ উপকরণ সরবরাহকারী মুকমা ফার্মেসির মামুনুর রহমান চৌধুরী বলেন, উপজেলা শিক্ষা দপ্তরে প্রধান শিক্ষকের সঙ্গে একদিন বৈঠক হয়েছে। অধিকাংশ শিক্ষকের মতামতের ভিত্তিতে উপকরণগুলো সরবরাহ করা হচ্ছে। তিনি একা নন, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানের ছোট ভাই মো. ইমামুল হক ও আওয়ামী লীগের নেতা বেলায়েত মণ্ডল—এই তিনজন মিলে তাঁরা উপকরণ সরবরাহ করছেন বলে তিনি জানান। বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ কমিটির সভাপতি প্রভাষক মঞ্জিল মোরশেদ বলেন, ‘বিদ্যালয়ে উন্নয়ন বরাদ্দের ২০ হাজার টাকার মধ্যে সাড়ে ১১ হাজার টাকা তোলার জন্য তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়েক দিন ধরে ব্যস্ত আছেন। শিক্ষা কর্মকর্তা ওই টাকার উপকরণ কেনার জন্য মুুুকিম ফার্মেসিতে নাকি টাকা জমা দিতে বলেছেন। আমাদের বিদ্যালয়ে কাপ-পিরিচ ও প্লেটের প্রয়োজন নেই, এ জন্য এখনো টাকা তোলা হয়নি। কয়েক দিন আগে ওই টাকায় বিদ্যালয়ের প্রয়োজনীয় উন্নয়নে এক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কাপ-পিরিচ কেনার জন্য নয়।’ এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জোতির্ময় চন্দ্র সরকার বলেন, ‘আমি প্রতিটি বিদ্যালয়ের অ্যাকাউন্টে টাকা জমা করে দিয়েছি। আমার কাজ শেষ। এখন তাঁরা (স্লিপ কমিটি) কীভাবে ব্যয় করবেন, সেটা তাঁদের বিষয়।’ মোবাইল ফোনে প্রধান শিক্ষকদের উপকরণ নিতে বাধ্য করার বিষয়ে বলেন, ‘এর কোনো প্রমাণ নেই।’উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। শিক্ষা কর্মকর্তা সরকারি দলের কিছু নেতার পরামর্শে ইচ্ছামতো কাজ করছেন। এসব বিষয়ে একাধিকবার মিটিংয়ের কথা বলেছি, কিন্তু কেউ কথা শুনতে চায় না।’