উন্নয়ন সংস্থার কাছে আইলা ‘ভুলে যাওয়া দুর্যোগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার আট মাস পার হলেও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পায়নি সরকার। আইলা আঘাত হানার চার মাস পর উন্নয়ন সহযোগীদের সঙ্গে এক বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনায় সরকার তার নেওয়া কৌশল ব্যাখ্যা করতে গিয়ে বলেছে, ‘আজকের বিনিয়োগ, আগামীর সুরক্ষা’। অর্থাত্ আপাতত জরুরি ত্রাণসহায়তা ও দুর্যোগ মোকাবিলার সামর্থ্য সরকারের রয়েছে। সরকার উন্নয়ন সহযোগীদের কাছ থেকে দীর্ঘমেয়াদি সহায়তা চায়। আইলার পর দুর্গত এলাকা পরিদর্শন করে বিশেষজ্ঞরা বলছেন, অন্য যেকোনো দুর্যোগের তুলনায় আইলার ক্ষতি বেশি ও দীর্ঘমেয়াদি। কিন্তু নানা কারণে তা সবচেয়ে কম আলোচিত হচ্ছে। এখন দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মহলের কাছে আইলা ‘হারিয়ে যাওয়া দুর্যোগে’ পরিণত হয়েছে। সরকারের কাজ হবে তা মনে করিয়ে দেওয়া। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ও যুক্তরাজ্য সরকারের বৈদেশিক উন্নয়ন সংস্থা ডিএফআইডি এখনো সরকারের আহ্বানে সাড়া দেয়নি। সংস্থাগুলো তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কিছু জরুরি ত্রাণসহায়তা দিয়েছে মাত্র। আইলা আঘাত হানার চার মাস পর সরকারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে দাতাদের কাছে সাত হাজার ৯৩৫ কোটি টাকা বা ১১৫ কোটি ডলার অর্থ প্রয়োজন বলে জানানো হয়েছিল। বেড়িবাঁধ মেরামত ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য বেশির ভাগ অর্থ প্রয়োজন হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত দাতাদের কাছ থেকে এ ব্যাপারে কোনো আশ্বাস পাওয়া যায়নি। দুর্যোগ বিশেষজ্ঞ খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, দাতা সংস্থার কাছে এখন আইলা ‘ভুলে যাওয়া দুর্যোগ’। সঠিক সময়ে সহায়তা না চাওয়ায় এখন আর তারা সহায়তা দিতে এগিয়ে আসছে না। সরকারের উচিত গণমাধ্যমের সহায়তা নিয়ে আবারও দাতাদের সঙ্গে যোগাযোগ করা। ইউএনডিপি ও ইইউ: আইলার আগে সংঘটিত সিডরের সময় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) তিন কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছিল। সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে তারা এই সহায়তা সিডরে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। কিন্তু আইলার আঘাত হানার আট মাস হতে চললেও সংস্থাটির তহবিলের পরিমাণ তিন কোটি ৩৫ লাখ টাকা বা পাঁচ লাখ ডলারও ছাড়ায়নি। জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা রিলিফ ওয়েভের পর্যবেক্ষণে দেখা গেছে, আইলার পর সব উন্নয়ন সহযোগী মিলে প্রায় ১৪০ কোটি টাকা বা দুই কোটি ডলার সহায়তা দিয়েছে নিজেদের তত্ত্বাবধানে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের সহযোগী উন্নয়ন সংস্থার মাধ্যমে এ পর্যন্ত ৩৫ কোটি টাকা বা ৫০ লাখ ডলার সহায়তা দিয়েছে। আরও ২৮ কোটি টাকা বা ৪০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এই সহায়তার বেশির ভাগই ব্যয় হবে জরুরি খাদ্যসহায়তা, পানি ও স্যানিটেশন ব্যবস্থা, ওষুধ ও ঘরবাড়ি নির্মাণের জন্য। ইউএসএআইডি ও ডিএফআইডি: ইউএসএআইডি সূত্রে জানা গেছে, আইলার পর যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে মোট প্রায় ৪০ কোটি টাকা বা ৫৫ লাখ মার্কিন ডলার সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। প্রতিটি ৫০ হাজার লিটার উত্পাদনক্ষম ১৪টি পানি বিশুদ্ধকরণ যন্ত্র সরবরাহ করা হয়েছে। এ ছাড়া বাড়তি হিসেবে ১১ কোটি ৩০ লাখ টাকা বা ১৭ লাখ ডলারের খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এই সংস্থাটি ঘূর্ণিঝড় সিডরে মোট সহায়তা দিয়েছিল ৮১৪ কোটি ২০ লাখ টাকা বা ১১ কোটি ৮০ লাখ ডলার।এ বিপুল পার্থক্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র হার্ভি সারনোভিত্জ প্রথম আলোকে জানান, সিডর পুনর্বাসনে নেওয়া অনেক কার্যক্রম থেকে আইলায় ক্ষতিগ্রস্ত মানুষও সহযোগিতা পেয়েছে। যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি) সিডরের পর বড় অঙ্কের অর্থসহায়তা নিয়ে এগিয়ে এসেছিল। সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে তারা মোট ৭০ কোটি ৩৫ লাখ টাকা বা এক কোটি দেড় লাখ ডলার সহায়তা দিয়েছিল। নভেম্বরে সিডর আঘাত হানার পর আড়াই মিলিয়ন ডলার দিয়ে তারা সহায়তা শুরু করলেও পরবর্তী সময়ে চার ধাপে বাকি অর্থ দেয় ডিএফআইডি। কিন্তু আইলার পর ডিএফআইডি সরকারকে এখন পর্যন্ত কোনো অর্থসহায়তা দেয়নি। ডিএফআইডির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনকে (আইওএম) ডিএফআইডি সাত কোটি টাকা বা ১০ লাখ ডলার ডলারের একটি তহবিল দিয়েছে। আইলায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও ত্রাণে এই অর্থ খরচ করার জন্য বলেছে তারা। বিশ্বব্যাংক: পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেড়িবাঁধ জরুরি মেরামতে ৬০০ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছিল। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেড় শ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিল। এখন পর্যন্ত সেই টাকা ছাড় হয়নি। সংস্থা দুটি তাদের প্রক্রিয়া শেষ করে সবে পরামর্শক নিয়োগ দিয়েছে। পরামর্শকদের প্রতিবেদন দেওয়ার পর অর্থ ছাড় দেওয়া হবে বলে জানা গেছে। সরকারি তহবিলই ভরসা: দাতাদের কাছ থেকে তেমন সাড়া না পেয়ে সরকার নিজস্ব তহবিল থেকে আইলা ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ পর্যন্ত সরকারি তহবিল থেকে ১১৭ কোটি ৩০ লাখ অর্থসহায়তা দেওয়া হয়েছে। গৃহনির্মাণ, চাল বিতরণ ও নগদ অর্থ বাবদ এই অর্থ খরচ করা হয়েছে বলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের আইলার ওপর প্রস্তুত করা জরুরি মানবিক সহায়তা তহবিলের নথিতে বলা হয়েছে, সিডরের সঙ্গে তুলনা করলে আইলায় দাতা সংস্থাগুলো অনেক ধীরগতিতে সহায়তা করছে। ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে বলা হয়েছে, চার লাখ ৪৬ হাজার মানুষকে আইলার আগে ও পরে সরিয়ে নেওয়া হয়েছে। ৫০ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন লাখ ২৩ হাজার একর জমির ফসল ক্ষতিগ্রস্ত ও দেড় লাখ গবাদিপশু মারা গেছে। ৭০ শতাংশ চিংড়িঘের ক্ষতিগ্রস্ত হয়েছে।