জলবায়ু পরিবর্তন কর্মপরিকল্পনা বাস্তবায়নে
উন্নয়ন-সহযোগীদের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ
বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ বিদেশি পরামর্শকদের সহায়তা ছাড়াই জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্মপরিকল্পনা তৈরি করেছে। উন্নয়ন-সহযোগীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে এ উদ্যোগ বাস্তবায়নের জন্য উন্নয়ন-সহযোগীদের কাছ থেকে সহায়তা চাওয়া হয়েছে।আজ মঙ্গলবার বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) পরিবেশ ও জলবায়ু-সংক্রান্ত অধিবেশন শেষে আলোচনার সারসংক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ডে যুক্তরাজ্য বাংলাদেশকে সাত কোটি পাউন্ড দেওয়ার যে প্রস্তাব দিয়েছিল, সে অর্থের ব্যবস্থাপনা কী হবে, তা জানতে চাইলে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আজকের অধিবেশনে এ নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাজ্যের পক্ষ থেকে এই অর্থ ব্যবস্থাপনার দায়িত্বে বিশ্ব ব্যাংককে রাখার প্রস্তাব করা হয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থ ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে বাংলাদেশ সরকারের হাতে। এ নিয়ে দুইপক্ষের আলোচনায় কোনো সমাধান হয়নি। এ ব্যাপারে হাছান মাহমুদ আরও বলেন, বাংলাদেশ এ অর্থ নিতে চায়। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে দুইপক্ষের দূরত্ব দূর হয়ে একটি সমাধানে পৌঁছানো যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।পরে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, নদীগুলো খননের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে গড়াই নদীর তিন কিলোমিটার খনন করা হয়েছে। আইলা এলাকার বিধ্বস্ত বেড়িবাঁধগুলোর মেরামত এখনো শেষ হয়নি কেন, জানতে চাইলে মন্ত্রী বলেন, মার্চের মধ্যেই প্রাথমিক মেরামতের কাজ শেষ হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার উপযোগী করে বেড়িবাঁধগুলো মেরামত করতে উন্নয়ন-সহযোগীদের কাছে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে।