উন্নয়ন সহযোগীরা সাহায্যের পরিমাণ বাড়াবে: বিডিএফ বৈঠক শেষে অর্থমন্ত্রী
ভবিষ্যতে বাংলাদেশকে বাড়তি সাহায্য-সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে উন্নয়ন সহযোগীরা। পাশাপাশি আর্থিক ও কারিগরি সহযোগিতা হিসেবে এ পর্যন্ত তারা যা দিয়ে এসেছে, তাও অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে তারা। এ ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা জরুরি বলে তারা অভিমত দিয়েছে। বৈঠকে উন্নয়ন সহযোগীরা আরও বলেছে, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, সংসদীয় স্থায়ী কমিটিসহ সব মৌলিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে।বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) দুই দিনব্যাপী বৈঠক শেষে আজ মঙ্গলবার বৈঠকের সার্বিক বিষয় নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা জানান।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া এবং যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) কান্ট্রি ডিরেক্টর ক্রিস অস্টিন এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ৩২টি উন্নয়ন সহযোগী ও সহায়তাকারী দেশের প্রতিনিধিরা অংশ নেন।বৈঠকে সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরএসপি) উন্নয়ন সহযোগীদের কাছে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে, এটি একটি প্লাটফরম। সাহায্য-সহযোগিতা যা-ই করা হোক না কেন, এখন থেকে যেন এর সঙ্গে মিলিয়ে করা হয়। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার কথাও জানানো হয়েছে তাঁদের। অর্থমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, এই প্রস্তাব গ্রহণ করেছেন তাঁরা। সে কারণেই সহযোগিতা বাড়াবে বলে জানিয়েছেন। তবে বাংলাদেশকে তার নিজের জন্যই কয়েকটি খাতে অধিকতর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তাঁরা। এগুলো হচ্ছে রাজস্ব আদায়ের হার বাড়ানো, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, বিদ্যুত্ ও জ্বালানি তেলের দাম সমন্বয় করা, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) বাস্তবায়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন।’আবুল মাল আবদুল মুহিত জানান, বৈঠকে বাংলাদেশের সঙ্গে ১৯টি উন্নয়ন সহযোগীর একটি ‘যৌথ কৌশলগত সহযোগিতা’ (জেএসসি) তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আবারও বসা হবে। আগামী জুনের মধ্যেই জেএসসি চুক্তি আকারে রূপ নেবে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন। অর্থমন্ত্রী জানান, জেএসসিকে মানদণ্ড বিবেচনা করে এরপর তৈরি করা হবে ‘যৌথ কার্যসূচি’।সব দিক থেকেই বিডিএফ বৈঠক সফল হওয়ার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যে কর দিই, তা যথেষ্ট নয়। করের হার ও আওতা বাড়ানোর কথা উঠলেই স্বার্থান্বেষীরা এর বিরোধিতা করে।’