সরকারি কাজে গতি আসছে না বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। তাঁদের মতে, উন্নয়নমূলক কাজের গতি মন্থর এবং এতে সমন্বয় নেই। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ কাজের বাস্তবায়ন অগ্রাধিকার পাচ্ছে না। দলীয় সাংসদ এবং কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সামনেই এসব কথা বলেছেন।দলের কেন্দ্রীয় নেতা ও সাংসদদের অনেকেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, সরকারের কাজে আশানুরূপ গতি না থাকায় গত ১৩ মাসেও দৃশ্যমান কোনো উন্নয়ন কর্মকাণ্ড নেই। তা ছাড়া দলীয় সুপারিশে চাকরি না হওয়া নিয়েও নেতারা ক্ষোভ প্রকাশ করেন। এ ক্ষেত্রে তাঁরা খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী পদে গত এক বছরেও নিয়োগ না হওয়ার কথা উল্লেখ করেন।আওয়ামী লীগের সংসদীয় দলের বিগত কয়েকটি সভায় এবং গত শনিবার দলীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এসব বিষয় নিয়ে নেতা ও সাংসদেরা এসব কথা বলেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ ওবায়দুল কাদের সরকারি কাজের গতিহীনতার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, সরকারের মধুচন্দ্রিমা শেষ হয়েছে। এক বছর পর আর মানুষ প্রতিশ্রুতি শুনতে চায় না। কাজের বাস্তবায়ন চায়। তিনি বলেন, কথা দিয়ে সরকারের মূল্যায়ন হবে না। কাজে মূল্যায়ন হবে। সুতরাং কথায় চিঁড়ে ভিজবে না।তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবারের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সরকারের বিগত সময়ের সফল কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, ঢাকা বাইপাস সড়ক চালু হওয়ায় ঢাকায় যান চলাচলের ওপর চাপ কমেছে। কৃষি খাত ও সারে ভর্তুকি, সময়মতো ছাত্রছাত্রীদের বইপত্রসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সরকারের এসব ইতিবাচক কাজ প্রচার করার জন্য তিনি দলীয় নেতাদের পরামর্শ দেন।নির্বাহী কমিটির বৈঠক সূত্র জানায়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আখতারুজ্জামান, আবদুর রহমানসহ কয়েকজন সরকারের কাজে গতিহীনতার অভিযোগ করেন। ইঞ্জিনিয়ার মোশাররফ দলীয় লোকজনের চাকরির ব্যবস্থা না করায় ক্ষোভ প্রকাশ করেন। নূহ উল আলম লেনিন সিটি করপোরেশন নির্বাচনের আগে দৃশ্যমান উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।সূত্র জনায়, বৈঠকে শেখ ফজলুল করিম সেলিম বলেন, সংসদীয় কমিটির চেয়ারম্যান বা সদস্যদের কেউ কেউ ব্যক্তিগত কারণে মন্ত্রণালয় বা মন্ত্রীর বিরুদ্ধে অযাচিত অভিযোগ তোলেন। এ সম্পর্কে তাঁদের কতটুকু বলার বা করার এখতিয়ার আছে, সে বিষয়ে তাঁদের বিধিবিধান জানতে হবে। সৈয়দা সাজেদা চৌধুরী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধের আগে রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার কথা বললে প্রধানমন্ত্রী বিরক্ত হন। আসাদুজ্জামান নূর বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত আরও জোরদার করতে সংস্কৃতিকর্মীদের নিয়ে সারা দেশ সফর করা উচিত।বৈঠকে সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে দলীয় একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নিয়ে কোনো কথা হয়নি বলে বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা জানিয়েছেন। বৈঠকে ঐতিহাসিক সাতই মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস এবং পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে দলীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়। এ ছাড়া সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে বৈঠকে আলোচনা হয়।বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা: বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। বৈঠক শেষে দলীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা আরও জোরদার করতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।খালেদা জিয়ার এসএসএফ নিরাপত্তা দাবি প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, বিএনপি ক্ষমতায় এসে বিরোধীদলীয় নেত্রীর এসএসএফ নিরাপত্তাব্যবস্থা আইন বাতিল করেছে। আইন অনুযায়ী বিরোধীদলীয় নেত্রী একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদায় নিরাপত্তা পাওয়ার কথা। কিন্তু বর্তমানে খালেদা জিয়াকে তাঁর চেয়েও ১০ গুণ বেশি নিরাপত্তাসুবিধা দেওয়া হচ্ছে।সাংগঠনিক বিষয়ে আলোচনা: সূত্র জানায়, বৈঠকে শিগগিরই দলের উপদেষ্টা পরিষদ পূর্ণাঙ্গ করা এবং কেন্দ্রীয় উপকমিটি করার সিদ্ধান্ত হয়েছে। গত বছরের ২৪ জুলাই জাতীয় কাউন্সিলের পর ৪১ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে ২১ জনের নাম ঘোষণা করা হয়। শেখ হাসিনা উপদেষ্টা পরিষদের বাকি ২০ সদস্যের নির্বাচনের ক্ষেত্রে নাম প্রস্তাব করতে নেতাদের প্রতি আহ্বান জানান।সূত্র জানায়, বৈঠকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে জোরদার করতে চলতি মাসে কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফর শুরুর সিদ্ধান্ত হয়। এ সময় কেন্দ্রীয় নেতাদের একটি খসড়া সফরসূচি দলীয় সভানেত্রীর কাছে উপস্থাপন করা হলে তিনি কিছু সংশোধন ও সংযোজন-বিয়োজন করেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা: বৈঠকে পার্বত্য চট্টগ্রামের সহিংস ঘটনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দলীয় বিবেচনায় না নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে তাত্ক্ষণিকভাবে গ্রেপ্তার করার জন্যও স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি নির্দেশ দেন।এ প্রসঙ্গে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন কোনো অবনতি হয়নি যে আশঙ্কা প্রকাশ করতে হবে। বিশ্বের অনেক উন্নত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এর চেয়ে অনেক খারাপ পর্যায়ে আছে। তার পরও সরকার পরিস্থিতি আরও ভালো করার চেষ্টা করছে। ছাত্রলীগের বিরুদ্ধে টেন্ডার ও চাঁদাবাজির অভিযোগ এবং তাদের নিয়ন্ত্রণ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রলীগ এখন আর আওয়ামী লীগের অঙ্গ কিংবা সহযোগী সংগঠন নয়। শেখ হাসিনা সংগঠনটির সাংগঠনিক নেত্রীর পদ থেকে সরে গেছেন। আমরা তাদের পরোক্ষ নির্দেশ দিতে পারি, কিন্তু কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিতে পারি না। তার পরও তাদের আইনশৃঙ্খলাবিরোধী কার্যকলাপের ক্ষেত্রে সরকার যতটা সম্ভব কঠোর পদক্ষেপ নিয়েছে।’পার্বত্যাঞ্চলের সহিংসতা প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, একটি দল ও গোষ্ঠী পার্বত্যাঞ্চলে শান্তিচুক্তি বাস্তবায়ন হোক, তা চায় না। বিএনপি-জামায়াত জোট পরিকল্পিতভাবে সেখানে অশান্তি সৃষ্টি করছে।২৩ লাখ টাকার সদস্য ফরম বিক্রি: বৈঠকে জানানো হয়, চলমান সদস্য সংগ্রহ অভিযানে এখন পর্যন্ত দলের ৭২টি সাংগঠনিক জেলার মধ্যে ৫০টি জেলা কমিটি সদস্য ফরমের বই সংগ্রহ করেছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ বাকি জেলাগুলো শিগগিরই ফরম নেবে। এ পর্যন্ত ২৩ লাখ ১১ হাজার টাকার ফরম বিক্রি হয়েছে।শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দলের প্রাথমিক সদস্যপদ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, রংপুরের তৃণমূল নেতারা জয়কে প্রাথমিক সদস্যপদ দিয়েছেন। এখন এই সদস্যপদ জয় গ্রহণ করবেন কি না, সেটা তাঁর বিষয়।এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, সাম্প্রতিক জরিপে দেশের ৮৬ শতাংশ এবং নতুন প্রজন্মের ৯৮ শতাংশ মানুষই যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে সমর্থন দিয়েছে। এ বিষয়ে ব্যাপক জনমত গঠনসহ দেশব্যাপী গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে কাজ করা হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।