উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন এমডিজি চাই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নশীল দেশ, বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর জন্য সুনির্দিষ্ট লক্ষ্য ও সময় নির্দিষ্ট করে নতুন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘দারিদ্র্য, ক্ষুধা ও লিঙ্গ সমতার’ ওপর এক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান। তিনি বলেন, নতুন এই এমডিজি হবে বাস্তবায়নাধীন সব এমডিজির ভিত্তি।একই দিনে ‘চিলড্রেন অ্যান্ড দি এমডিজিস: রিচিং দ্য মোস্ট ভালনারেবল’ শীর্ষক উচ্চপর্যায়ের এক আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশে শিশু কল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতির পেছনে রাজনৈতিক সদিচ্ছা ও নিবেদিত কার্যক্রমই মূল কারণ। তবে তহবিলের অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে, আছে নিবেদিত ভূমিকা কিন্তু নেই অর্থ, এটাই সমস্যা।শেখ হাসিনা বলেন, এমডিজি-১ প্রণয়নের সময় তিনটি সুনির্দিষ্ট লক্ষ্য ধার্য করা হয়েছিল। এগুলো হচ্ছে: যেসব মানুষের প্রতিদিনের আয় এক মার্কিন ডলারেরও কম, তাদের সংখ্যা ২০১৫ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনা, নারীসহ সবার জন্য উৎপাদনমুখী কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং দারিদ্র্যের হার অর্ধেকে কমিয়ে আনা। কিন্তু এই তিন লক্ষ্যের একটিও অর্জিত হয়নি। বরং বিশ্ব অর্থনৈতিক মন্দায় আরও এক শ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক এমডিজিকে হতে হবে সব এমডিজির ভিত্তি। এ সময় তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে তৃণমূল পর্যায়ে ১৩ হাজার নারী প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ১৫ থেকে বাড়িয়ে ৪৫ করা হয়েছে। সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন নারী। এ ছাড়া হাইকোর্টের জজ ও সরকারের সচিব রয়েছেন নারী। বর্তমান মন্ত্রিসভায় পররাষ্ট্র, স্বরাষ্ট্র, কৃষি, শ্রম ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পাঁচ মন্ত্রণালয়ের মন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং একজন হুইপও নারী বলে তিনি উল্লেখ করেন।দেশের পোশাকশিল্পে ২০ লাখ অর্থাৎ মোট শ্রমিকের ৮৫ শতাংশই নারী উল্লেখ করে প্রধানমন্ত্রী গর্বের সঙ্গে বলেন, এমডিজি-৩ কর্মসূচিতে বাংলাদেশ লক্ষ্য অর্জন করেছে।শিশু কল্যাণে অগ্রগতি: শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০১৫ সালের মধ্যেই বাংলাদেশ এমডিজি বাস্তবায়নে সক্ষম হবে। তিনি বলেন, সরকারবদলের সঙ্গে সঙ্গে উন্নয়ন কার্যক্রম মুখ থুবড়ে পড়ার একটি সমস্যা বাংলাদেশে রয়েছে।‘চিলড্রেন অ্যান্ড দি এমডিজিস: রিচিং দ্য মোস্ট ভালনারেবল’ শীর্ষক আলোচনা সভায় সিএনএন টেলিভিশনের প্রখ্যাত অনুষ্ঠান উপস্থাপক জিম কানসি সঞ্চালকের দায়িত্ব পালন করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গোটা পরিবারের সদস্যরা ঘাতকদের হাতে বলি হলেও বেঁচে আছেন তিনি’ বলে পরিচয় করিয়ে দেন।ব্রাজিলের প্রধানমন্ত্রী পাওলো ভানুচি রকফেলার ফাউন্ডেশনের সভাপতি ড. জুডিথ রডিন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও প্রখ্যাত মার্কিন অভিনেত্রী মিয়া ফাররা এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক, ডানিলো টার্ক প্রমুখ প্যানেল বক্তা হিসেবে এই আলোচনায় অংশ নেন।প্রধানমন্ত্রী বলেন, চলতি বছর ইউনিসেফের সভাপতি ও আগামী বছর সহসভাপতি হিসেবে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ অধিবেশন এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সার্বিক নীতিমালা অনুসারে সংস্থার কার্যক্রম বাস্তবায়ন সহজীকরণের লক্ষ্যে কাজ করে যাবে। তিনি বিশেষ করে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশে ইউনিসেফের ভূমিকার প্রশংসা করেন। আজকের শিশুরা সাম্প্রতিক বিশ্বমন্দা, বিশ্ব উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা স্থানান্তরের বিরূপ প্রভাবের শিকার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক মন্দায় খাদ্য ও জ্বালানি তেলের মূল্য বেড়েছে। পরিণামে বিশেষ করে স্বল্পোন্নত দেশে দারিদ্র্য ও অপুষ্টির শিকার হয়েছে শিশুরা।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা, শিশু অধিকারকর্মী সায়মা হোসেন খোন্দকার ও আজমিনা সিদ্দিকী এই আলোচনায় উপস্থিত ছিলেন।অটিজম শীর্ষক আলোচনায় সায়মা ওয়াজেদ: জাতিসংঘ সদর দপ্তরে গত বুধবার অনুষ্ঠিত হয় ‘থার্ড অ্যানুয়াল ওয়ার্ল্ড ফোকাস অন অটিজম’ শীর্ষক এক বিশেষ সভা। এতে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও বিশিষ্টজনেরা যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনও এ অনুষ্ঠানে বক্তব্য দেন। বিভিন্ন দেশের বেশ কয়েকজন ফার্স্ট লেডি বিশ্বব্যাপী অটিজম-সমস্যা মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের স্ত্রী বান সুন তায়েক বিশ্বের ১০ জন ফার্স্ট লেডি ও বিশিষ্টজনের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।