উন্নয়নে সমন্বয়ের অভাব
বীর-উত্তম জিয়াউর রহমান সড়কের জিয়া কলোনি থেকে মিরপুর সেনানিবাস পর্যন্ত সড়ক নির্মাণের কাজ শেষ পর্যায়ে আছে। ডিটিসিবি প্রণীত এসটিপির প্রথম ধাপে থাকা এ সড়কটি চালু হলে মিরপুর ও উত্তরার মধ্যে যাতায়াত সুগম হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। এই সড়কটি চালু হওয়ার আগেই জিয়া কলোনি থেকে মাটিকাটা পর্যন্ত একটি উড়ালসেতু (বিমানবন্দর সড়ক-মিরপুর ফ্লাইওভার) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) উড়ালসেতুটি নির্মাণের প্রকল্প অনুমোদন করেছে। অথচ এই উড়ালসেতুটি এসটিপিতে নেই।এসটিপি প্রণয়নবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলমগীর মুজিবুল হক অভিযোগ করেন, নগরের যোগাযোগব্যবস্থা উন্নয়নে বর্তমানে যেসব প্রকল্প হাতে নেওয়া হচ্ছে সেসবে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। ‘এলিভেটেড এক্সপ্রেস ওয়ে’ নির্মাণের দিকে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা বেশি হচ্ছে। অথচ এসটিপিতে এটিকে প্রাধান্য দেওয়া হয়নি। নগরের পরিবহনসংক্রান্ত প্রকল্প বাস্তবায়নের আগে তা অবশ্যই ডিটিসিবির মাধ্যমে যাচাই হওয়া উচিত। এ ক্ষেত্রে ডিটিসিবি সিদ্ধান্ত দেবে এসটিপির আলোকে।এসটিপির চূড়ান্ত প্রতিবেদন থেকে জানা যায়, পান্থপথ থেকে রামপুরা মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের প্রকল্প প্রথম ধাপের প্রকল্পগুলোর মধ্যে আছে। কিন্তু ‘বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ওই সংযোগ সড়কটি আরও ভালোভাবে হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। তাই এসটিপি থেকে পান্থপথ-রামপুরা মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক প্রকল্পটি বাদ দিতে হবে। আর বাস্তবায়নাধীন বেগুনবাড়ী-হাতিরঝিল প্রকল্পটিতে একাধিক সড়ক, সেতু থাকায় এটিকে এসটিপির প্রথম ধাপের প্রকল্পগুলোর মধ্যে যুক্ত করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।গত ২ মে উদ্বোধন করা হয়েছে কুড়িল উড়ালসেতুর নির্মাণকাজ। এ সেতুটি এসটিপির প্রকল্পগুলোর মধ্যে নেই। তেজগাঁও এলাকার সড়কগুলোর যানবাহনের চাপ কমাতে তেজগাঁও পুরোনো বিমাবন্দরে একটি টানেল নির্মাণের কথা বলা হয়েছে এসটিপির চূড়ান্ত প্রতিবেদনে। এর প্রথম ধাপের মধ্যেই টানেলটির কাজ শেষ করার কথা। কিন্তু টানেলের বদলে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় করা হয়েছে জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁও মোড় পর্যন্ত একটি বিকল্প সংযোগ সড়ক। এটি হওয়ায় এখন আর টানেলের খুব একটা দরকার নেই বলে জানান পরিবহন বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে নাম-পদবি প্রকাশে অনিচ্ছুক ডিটিসিবির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা দাবি করেন, টানেলের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। তাই এর প্রকল্প এসটিপি থেকে বাদ দেওয়া হবে না। তবে প্রথম ধাপে এটি বাস্তবায়ন না করলেও চলবে। সেভাবে এসটিপির প্রতিবেদন সংশোধিত হওয়ার দরকার বলে তিনি স্বীকার করেন।