উন্নয়নের প্রতিশ্রুতি মিলল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর উন্নয়নে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সুস্পষ্ট কোনো প্রতিশ্রুতি ও ঘোষণা ছাড়াই বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন শেষ হয়েছে।রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসক কাইছার রহমান চৌধুরী স্মৃতি মিলনায়তনে রাজশাহী শিল্প ও বণিক সমিতি আয়োজিত গতকাল শুক্রবারের বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। তিনি রাজশাহীর ব্যবসায়ীদের ২৫ দফা দাবির একটিও পূরণ করার সুস্পষ্ট ঘোষণা দেননি। এতে হতভম্ব হয়ে পড়েন ব্যবসায়ীরা।এই ব্যবসায়ী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ।মিলনায়তনভর্তি দর্শক সারি থেকে মাঝেমধ্যেই ‘নগদ’ ঘোষণার দাবি উচ্চারিত হলেও অতিথিদের কেউ-ই রাজশাহীর উন্নয়নে সে ধরনের সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেননি। দাবির মধ্যে অন্যতম প্রধান ছিল রাজশাহী মেডিকেল কলেজকে শহীদ এ এইচ এম কামরুজ্জামান মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘোষণা করা।এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, তা-ও ভালো চলে না। তবে আমরা আরও মেডিকেল বিশ্ববিদ্যালয় করব। তাই বলে রাজশাহীরটাই যে এক নম্বরে থাকবে, তা আমি বলতে পারব না।’এ সময় দর্শকের সারি থেকে হইচই শুরু হলে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কোনো প্রমিজ করতে পারব না। আই শুড টেল ইউ, ক্যাবিনেটের ডিসিশনের ব্যাপার আছে।’ হইচইয়ের মধ্যেই তিনি বলেন, ‘সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’বক্তব্য শেষ করেই অর্থমন্ত্রী দ্রুত মিলনায়তন থেকে বেরিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অন্য অতিথিরাও বেরিয়ে আসেন।এর আগে অনুষ্ঠানের সভাপতি রাজশাহী শিল্প ও বণিক সমিতির প্রশাসক জিয়াউল হক তাঁর বক্তব্যে রাজশাহীর উন্নয়নে ২৫ দফা দাবি তুলে ধরেন। এ সময় দর্শক তাঁর দাবির সমর্থনে করতালি দেয়।এসব দাবির ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ‘এর সঙ্গে ১৫টি মন্ত্রণালয় জড়িয়ে রয়েছে। এগুলো মন্ত্রণালয়ে উত্থাপন করা হবে। সরকার এ ব্যাপারে বিশেষভাবে সচেতন। আমি সরাসরি কিছু বলতে পারব না।’অর্থমন্ত্রী রাজশাহী অঞ্চলে কয়েকটি নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র চালুর প্রস্তুতির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমরা আপনাদের এই প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করছি। শুনেছি, মাস দুয়েকের মধ্যে গ্যাসের ব্যবস্থা হবে। গৃহসংযোগ পাবেন। তবে সংযোগের সঙ্গে সঙ্গেই গ্যাস পাবেন না। জোগানসাপেক্ষে পাওয়া যাবে।’বন্ধ রেশম কারখানা চালুর দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘পুরোনো কারখানা চালু করাই আসল কাজ নয়, আসল কাজ হচ্ছে গবেষণা ও উৎপাদনকারীদের সহযোগিতা করা।’ রাজশাহীতে একটি বড় বিমানবন্দরের দাবির ব্যাপারে তিনি বলেন, ‘ছোট একটা ছিল। তা-ই তো চলে না। কাল (বৃহস্পতিবার) চালু হয়েছে। এখন দেখেন চলে কি না।’‘রেলওয়ে সংযোগ ভালো করতে সময় লাগবে। কোচ-ওয়াগন নেই। ফরমায়েশ দিলে বানাতে ১৮ মাস সময় লাগে। এর পরও রাজশাহীতে তিনটি ট্রেন চলছে। আরও একটি চলবে।’ অর্থমন্ত্রীর এই ঘোষণাতেই দর্শক করতালি দেয়।রাস্তাঘাটের কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই বলব না। আপনারা কয়েক দিন থেকেই এ ব্যাপারে শুনছেন। চাহিদা যেমন আছে, সামর্থ্য সেই তুলনায় কম। তবে বাড়ছে।’রাজশাহীতে টেস্ট ক্রিকেট ভেন্যু স্থাপনের দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এ জন্য হোটেল দরকার। এখানে নেই। দেখা যাক কী করা যায়।’ ২৫ দফার মধ্যে আরও একটি উল্লেখযোগ্য দাবি ছিল গঙ্গা ব্যারেজ। অর্থমন্ত্রী বলেন, গঙ্গা ব্যারেজ কাল-পরশুই পাবেন না। পাঁচ-দশ বছর সময় লাগবে। রাজশাহীতে পদ্মা নদীতে খননের ব্যাপারেও তিনি অর্থের সমস্যার কথা বলেন।রহনপুর ও সোনামসজিদকে পূর্ণাঙ্গ স্থলবন্দরের দাবি অর্থমন্ত্রী সহানুভূতির সঙ্গে বিবেচনার ঘোষণা দেন। নারী উদ্যোক্তাদের বুটিক মার্কেট সম্প্রসারণের ব্যাপারে তিনি বলেন, ‘কী করা যায় দেখা যাক।’ অর্থমন্ত্রী বলেন, ‘উত্তরাঞ্চলে কয়লা আছে। কয়লা আপনাদের চেহারা পাল্টে দেবে।’শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ২০১০ সালের শিল্পনীতির আলোকে বলেন, ‘সরকার কলকারখানা দেবে না। লজিস্টিক সাপোর্ট দেবে। ভবিষ্যতে বিসিক সম্প্রসারণ করা হবে। রাজশাহীতে দুটি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে।’বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘২৫ দফা দাবির বেশির ভাগই আগামী দুই বছরের মধ্যে পূরণ করা যাবে না—এমন অসম্ভব কিছু নেই।’ তিনি বলেন, ‘আঞ্চলিক সড়কগুলো চার লেনে উন্নীত করা হবে। তবে অতীতে কোনো কাজ হয়নি। এ জন্য সময় লাগবে।’আগামীতে উত্তরাঞ্চলের সব প্রকল্প একনেক ও মন্ত্রিসভায় নির্দ্বিধায় পাস করার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।তিন মন্ত্রীর আগে বক্তব্য দেন মেয়র খায়রুজ্জামান। তিনি রাজশাহীকে অবহেলিত উল্লেখ করে এর জন্য পৃথক চিন্তা থেকে মন্ত্রীদের ঘোষণা দেওয়ার কথা জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলম, এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. জসীম উদ্দিন ও মোস্তফা আজাদ চৌধুরী, বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরামুদ্দিন আহমেদ, নারী উদ্যোক্তা শাহীন আক্তারসহ অন্যান্য বণিক সমিতির সভাপতিরা।খায়দায় জব্বার, মোটা হয় চান মিঞা: এই ব্যবসায়ী সম্মেলন আয়োজনের জন্য ৩৬টি ব্যাংকে চিঠি দিয়ে রাজশাহীর মেয়রের টাকা চাওয়ার ঘটনাটি নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ গতকাল সম্মেলনে বলেন, ‘একটি পত্রিকা এ নিয়ে খবর প্রকাশ করেছে। মেয়র লিটন চিঠি দিয়ে টাকা চেয়ে সমালোচিত হয়েছেন। এর দায় আমি নিচ্ছি।’ তিনি বলেন, ‘ব্যবসায়ীরা সম্মেলন করবে, এ জন্য মেয়র লিটনের টাকা চেয়ে ব্যাংকে চিঠি দেওয়ার কী দায় পড়েছে? একটি প্রবাদ রয়েছে “খায় দায় জব্বার, মোটা হয় চান মিঞা”।’ এ কে আজাদ বলেন, ‘আমি বলব, এই গুরুদায়িত্ব কাঁধে নিয়ে তিনি (মেয়র খায়রুজ্জামান) সারা দেশের ব্যবসায়ীদের কাছে সমালোচিত নন, নন্দিত হয়েছেন।’