উন্নয়নের প্রধান বাধা জনসংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দশক ধরে আলোচনা, গবেষণা এবং নানা কর্মসূচি-উদ্যোগ নেওয়ার পরও জনসংখ্যা বৃদ্ধি জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান বাধা হিসেবেই দাঁড়িয়ে আছে। বরং বিপুল জনসংখ্যার কারণে নতুন নতুন সমস্যার কথা শোনা যাচ্ছে। জাতীয় জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনা কর্মীদের কাজের সমন্বয় নেই। জনসংখ্যা খাতে নেতৃত্ব দেওয়ার মতো লোকের অভাব রয়েছে। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা বা প্রতিশ্রুতির স্পষ্ট ঘাটতিও লক্ষণীয়। সমস্যা মোকাবিলায় দল ও মতের ঊর্ধ্বে উঠে সবার একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই।গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশে জনবিস্ফোরণের কারণ ও এর ফলাফল, জনসংখ্যা সমস্যা মোকাবিলায় চ্যালেঞ্জ এবং করণীয়’ বিষয়ে এক আলোচনা সভায় অংশগ্রহণকারীরা এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশন্যাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিজ) তাদের কার্যালয়ে এ সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, সামরিক-বেসামরিক আমলা ও রাজনীতিকেরা এই আলোচনায় অংশ নেন। সভায় অভিযোগ ওঠে, ২০০১ সালের সর্বশেষ আদমশুমারি ঠিকভাবে হয়নি। ওই শুমারি প্রতিবেদন থেকে দেশের জনসংখ্যা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। অন্যদিকে জনসংখ্যা পরিকল্পনায় সম্পদ, নীতি ও প্রতিষ্ঠান কী আছে, তা স্পষ্ট করা হয় না।বাংলাদেশে বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৯ শতাংশ। এই হিসাবে দেশে দৈনিক ছয় হাজার ৩০১ জন মানুষ বাড়ছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম সভায় উপস্থাপিত প্রথম প্রবন্ধে এ তথ্য দেন। তাঁর হিসাব মতে, বছর শেষে ২৩ লাখ মানুষ জনসংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে। তিনি বলেন, দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি। আগামী ২০১৫, ২০২৫ ও ২০৫০ সালে দেশের জনসংখ্যা গিয়ে দাঁড়াবে যথাক্রমে ১৭, ১৯ দশমিক ৬ ও ২৭ দশমিক ৯ কোটিতে।সভায় একাধিক আলোচক বলেন, ভৌগোলিকভাবে ছোট এই দেশটিতে জনসংখ্যা অনেক বেশি। জনসংখ্যা বৃদ্ধির কারণে মাথাপিছু কৃষি জমির পরিমাণ কমছে, খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পরিবেশের ওপর বিরূপ প্রভাব স্পষ্ট হচ্ছে। গ্রামের মানুষ জীবিকার সন্ধানে নগরে আসছে, আর নগরায়ণ হচ্ছে অপরিকল্পিত। শহরে ও গ্রামে মানুষ নতুন নতুন স্বাস্থ্যসমস্যায় পড়ছে। অন্যদিকে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা বাড়ছে। এদের সংখ্যা বর্তমানে মোট জনসংখ্যার ৬ শতাংশের বেশি। কিন্তু এদের স্বাস্থ্য ও অন্যান্য সেবার জন্য সমাজ ও রাষ্ট্রের প্রস্তুতি নেই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক বরকত-এ-খোদা বলেন, গত ছয় দশকে আলোচনা-গবেষণা হয়েছে অনেক, কিন্তু সুপারিশ বাস্তবায়ন হয়েছে কম। মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন পরিস্থিতি খুব খারাপ। এ ক্ষেত্রে কোনো নেতৃত্ব নেই। তিনি আরও বলেন, গত ১৫-২০ বছরে জনসংখ্যার ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা ও প্রতিশ্রুতির স্পষ্ট ঘাটতি লক্ষ করা গেছে। শহরাঞ্চলে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে জনসংখ্যা কর্মসূচি জোরদার করার সুপারিশ করেন তিনি।অনুষ্ঠানের নির্ধারিত আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষক এ কে এম নূর-উন-নবী বলেন, জনসংখ্যা সমস্যাটি পুরোনো, কিন্তু এ ক্ষেত্রে নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তাই এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখা জরুরি। তিনি বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে নীতির পরিবর্তন হলে তার প্রভাব পড়ে বাংলাদেশের জনসংখ্যা কর্মসূচির ওপর। দাতাদের আগ্রহ, তহবিল এসব বিষয়েও কর্মসূচিকে প্রভাবিত করে বলে তিনি মন্তব্য করেন।প্রবন্ধের ওপর আলোচনা করতে গিয়ে এ কে এম নূর-উন-নবী মন্তব্য করেন, জনসংখ্যা নিয়ে আলোচনা নির্দিষ্ট কাঠামোর (ফ্রেমওয়ার্ক) মধ্যে হওয়া দরকার। তাঁর কথার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মাহবুব উল্লাহ বলেন, ভোগ, উত্পাদন, নিরাপত্তা—এ বিষয়গুলোকে কেন্দ্রে রেখে আলোচনার কাঠামোটি তৈরি হতে পারে। জনসংখ্যা বৃদ্ধি ভোগ, উত্পাদন ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলে।প্রায় চার ঘণ্টা স্থায়ী এই আলোচনা সভার শুরুতে বিজের মহাপরিচালক গোলাম মোহাম্মদ বলেন, পরিসংখ্যানে দেখা গেছে, দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কমে যাচ্ছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা কর্মসূচিতে অব্যবস্থাপনারও অভিযোগ পাওয়া যায়। তিনি আরও বলেন, একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, ঢাকা শহরের লোকসংখ্যা এক কোটি ১০ লাখ। এই বিপুল জনসংখ্যার কারণে শহরে নাগরিক সুবিধা কমে যাচ্ছে। পাশাপাশি বেকারত্ব, মাদকাসক্তি, যানজট বাড়ছে।সভায় উপস্থাপিত দ্বিতীয় প্রবন্ধে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের প্রধান ফকরুল আহসান বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য সরকার কিছু লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে আছে: মোট প্রজনন হার (টোটাল ফার্টিলিটি রেট—টিএফআর) ২ দশমিক ৭ থেকে কমিয়ে ২ দশমিক ২ করা। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ৫৬ থেকে বাড়িয়ে ৮০ শতাংশ করা। অপূর্ণ চাহিদার হার ১৭ দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা। মাঝপথে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার ছেড়ে দেওয়ার হার সাড়ে ৫৬ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা এবং সরকারের মধ্যে কর্মসূচি পরিকল্পনা, নজরদারি ও সমন্বয় জোরদার করা।প্রবন্ধের ওপর নির্ধারিত আলোচক জাতীয় জনসংখ্যা পরিষদের সদস্য এম কবির বলেন, ‘আমাদের সঠিক তথ্য বা পরিসংখ্যান যদি না থাকে, তাহলে আগামী দিনে কাজ করতে পারব না।’ তিনি বলেন, ২০০১ সালের আদমশুমারি যথাযথ হয়নি। ওই শুমারির ওপর ভিত্তি করে পরিসংখ্যান ব্যুরো যে পরিসংখ্যান দেয়, তা নির্ভরযোগ্য নয়।এ প্রসঙ্গে অনুষ্ঠানের সভাপতি মোজাফ্ফর আহমদ বলেন, ‘আমাদের পরিসংখ্যান ঠিক নেই।’ তিনি বলেন, দেশের সবচেয়ে ভালো আদমশুমারি হয়েছিল ১৯৮১ সালে, আর সবচেয়ে খারাপ ২০০১ সালে। তিনি জানান, প্রতিবেশী দেশ ভারতে আগামী বছরের আদমশুমারিতে নাগরিকের কাছ থেকে ১০০টি তথ্য সংগ্রহ করা হবে। আগামী বছর বাংলাদেশেও আদমশুমারি হবে। এই শুমারির তথ্য যেন ব্যাপকভিত্তিক ও নির্ভরযোগ্য হয়, তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।মোজাফ্ফর আহমদ বলেন, সরকারের পক্ষ থেকে কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য দেশের সম্পদ কী আছে, এ ক্ষেত্রে নীতি কী হবে এবং প্রতিষ্ঠান কী আছে, সে সম্পর্কে কিছু বলা হয় না। তিনি বলেন, নারীর ক্ষমতায়নের প্রভাব জনসংখ্যার ওপর বা অন্য ক্ষেত্রে কী পড়েছে, তার বিশ্লেষণ হওয়া দরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজসেবাবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘আমরা যদি আমাদের জনসংখ্যাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তার চেয়ে বড় ব্যর্থতা আর কী হতে পারে?’ তিনি বলেন, অনেক ব্যাপারে রাজনৈতিক বা দলগত মতপার্থক্য থাকতে পারে। কিন্তু সমস্যা সমাধানের ব্যাপারে সবাইকে একমত হতে হবে। তিনি স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনাকর্মীদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন।