মুসলিম দেশগুলোর প্রতি শেখ হাসিনা
উন্নয়নের লক্ষ্যে নিজেদের সম্মিলিত সামর্থ্য গড়ে তুলুন
মুসলিম দেশগুলোর নিজস্ব সম্পদ, প্রযুক্তি ও বাজারের সুবিধা কাজে লাগানোর মাধ্যমে নিজেদের সম্মিলিত সামর্থ্য বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বুধবার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে ষষ্ঠ বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরামের দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এ আহ্বান জানান। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, ‘বর্তমানের জন্য নতুন নতুন সমাধান খুঁজে বের করার পাশাপাশি ভবিষ্যতে অপ্রত্যাশিত অর্থনৈতিক উত্থান-পতনের ঘটনা থেকে এবং বাইরের আর্থিক ব্যবস্থার অনিশ্চয়তা থেকে নিজেদের রক্ষা করতে হবে। এ ছাড়া আমাদের নিজেদের অর্থনৈতিক নীতিমালার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে হবে।’বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর সরকারের ‘ভিশন-২০২১’ বাস্তবায়নে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন খাতে ব্যাপক বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার জন্য ফোরামে যোগদানকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।পরে প্রধানমন্ত্রী কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেন।প্রসঙ্গত, বিশ্বের ৬৭টি মুসলিম দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ব্যবসায়ী নেতারাসহ মোট দুই হাজার প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন।