উন্নয়নের সব ক্ষেত্রে সহযোগিতার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারত তাদের একে অন্যের সমুদ্র, রেল ও সড়কপথ ব্যবহার করতে দিতে রাজি হয়েছে। নেপাল ও ভূটানে ট্রানজিটের জন্য বাংলাদেশকে তাঁর ভূ-খন্ড ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। অন্যদিকে বাংলাদেশ চট্টগ্রাম ও মঙ্গলা বন্দর ভারতকে ব্যবহার করতে দেবে। যদিও চট্টগ্রাম সমুদ্র বন্দর ও মংলা বন্দর বাংলাদেশ শুধু ভারতকে নয়, নেপাল ও ভূটানকেও দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ। এছাড়া ভারতকে আশুগঞ্জ ও বাংলাদেশকে শিলঘাট পোর্ট অফ কল দিতে রাজি হয়েছে। এছাড়া বাংলাদেশের রেল ব্যবস্থার সংস্কার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নদী পুনঃখননের জন্য ১০০ কোটি ডলারের ঋণ সহায়তা দেওয়ার ঘোষনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। কোনো একক দেশকে ভারতের এই বিপুল আর্থিক সাহায্য দেওয়ার ঘটনা এটাই প্রথম। বাংলাদেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় এনে টিপাইমুখ প্রকল্পে এমন কিছু নিয়ে না এগোনোর সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার তিস্তার পানি বন্টন চুক্তি সইয়ের বিষয়টি ত্বরান্বিত করতে দুই দেশের পানিসম্পদ মন্ত্রীদের আগামী মার্চের মধ্যে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বাংলাদেশের বিদ্যুত্ ঘাটতি মেটাতে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ দিতে রাজি হয়েছে ভারত। গত সোমবার দিল্লির হায়দরাবাদ হাউজে অনুষ্ঠিত শেখ হাসিনা ও মনমোহন সিংয়ের শীর্ষ বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। শীর্ষ বৈঠকের একদিন পর আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া যৌথ ঘোষণায়, দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনায় বিভিন্ন বিষয়ে কি ধরণের অগ্রগতি হয়েছে তা উল্লেখ করা হয়। ৫০ দফার ওই ঘোষণায়, সন্ত্রাসবাদ দমন, ট্রানজিট, সীমান্ত বিরোধ ও ব্যবস্থপনা, পানিবণ্টন, বাণিজ্য বৈষম্য বিলোপ ও বিদ্যুত্ খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়। দীর্ঘ প্রতিক্ষিত এই বৈঠক থেকে বাণিজ্য বৈষম্য বিলোপের জন্য বাংলাদেশের বেশ কিছু পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পাশাপাশি সার্কের আওতায়ও শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়া বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু সুনির্দিষ্ট প্রকল্পে অর্থায়ন করবে ভারত। মনমোহন সিংয়ের ঘোষণার মধ্য দিয়ে দূর হয়েছে টিপাইমুখ নিয়ে বাংলাদেশের উদ্বেগ। তবে সমুদ্রসীমা নির্ধারণের বিষয়ে জাতিসংঘে সালিশ নিষ্পত্তির চেয়ে দ্বিপক্ষীয়ভাবে আলোচনাকে প্রাধান্য দিয়েছে ভারত। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দুই দেশের সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতায় দিল্লির শীর্ষ বৈঠকে দীর্ঘদিনের অমিমাংসিত বিষয়গুলোতে সুনির্দিষ্ট অগ্রগতি হয়েছে। আগামী দিনগুলোতে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর নির্ভর করছে দ্বিপক্ষীয় সম্পর্কের আগামী দিনের ভবিষ্যত।