স্বাধীনতার শুরুতে বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তা ছিল সত্যিই দুরূহ। জনসংখ্যা বৃদ্ধির দ্রুত হার, নিত্যনৈমিত্তিক খাদ্য ঘাটতি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, বৈদেশিক সাহায্যের ওপর অতিনির্ভরতা, আন্তর্জাতিক বাণিজ্যের উপযোগী পণ্যের সীমিত উৎপাদন, ব্যাপক দারিদ্র্য এবং মানব উন্নয়নের নিম্নমান—সব মিলিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। স্বাধীনতাযুদ্ধের সময় দেশের ভৌত অবকাঠামো ও অর্থনীতির অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিস্থিতিকে করে তুলে আরও হতাশাব্যঞ্জক। এ অবস্থায় দীর্ঘ মেয়াদি সঞ্চয়, বিনিয়োগ ও প্রবৃদ্ধির সীমিত সামর্থ্য বাংলাদেশকে পরিণত করেছিল উন্নয়নের ‘টেস্ট কেস’ হিসেবে। প্রখ্যাত উন্নয়ন অর্থনীতিবিদ ফাআল্যান্ড ও পার্কিনসন মত দিয়েছিলেন যে বাংলাদেশের উন্নয়ন সম্ভব হলে, আরও কম প্রতিকূল অবস্থার সম্মুখীন দেশগুলোর উন্নয়নের সম্ভাবনার ব্যাপারে আশার সঞ্চার হবে।কিন্তু বাংলাদেশ অর্থনীতির গত চার দশকের অর্জন এই নৈরাশ্যের চিত্রকে অনেকটাই ভ্রান্ত প্রমাণিত করেছে। যেখানে ১৯৫০ থেকে ১৯৭০ পর্যন্ত মোট দেশজ উৎপাদনের (জিডিপির) প্রবৃদ্ধির গড় বার্ষিক হার ছিল শতকরা ৩.২ ভাগ, সেখানে সত্তর ও আশির দশকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির গড় বার্ষিক হার শতকরা চার ভাগ ছাড়িয়ে যায়। নব্বইয়ের দশকে গড় বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল শতকরা প্রায় ৫ ভাগ এবং নতুন শতাব্দীর প্রথম দশকে তা শতকরা ৬ ভাগের কাছাকাছি এসে দাঁড়ায়।একই সময় জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। স্বাধীনতার আগে জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে ছিল প্রায় শতকরা ২.৭ ভাগ, তা নতুন শতাব্দীর শুরুতে শতকরা ১.৬ ভাগে নামিয়ে আনা সম্ভব হয়। মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার কমায় মাথাপিছু আয়ের প্রবৃদ্ধির হার বেড়ে যায়। স্বাধীনতাপূর্ব সময়ে মাথাপিছু আয়ের প্রবৃদ্ধির হার যেখানে ছিল শতকরা ০.৬৬ ভাগ, নব্বইয়ের দশকে তা ছিল শতকরা ৩.৩ ভাগ এবং নতুন শতাব্দীর প্রথম দশকে তা বেড়ে দাঁড়ায় শতকরা ৪.৪ ভাগে।প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশজ উৎপাদনের উৎসেও এসেছে পরিবর্তন। কৃষির তুলনামূলক অবদান কমার সঙ্গে সঙ্গে বেড়েছে ম্যানুফ্যাকচারিং, নির্মাণ ও অন্যান্য শিল্প খাতের অবদান। সত্তর দশকে মোট দেশজ উৎপাদনে কৃষি ও শিল্পের (ম্যানুফ্যাকচারিং) অংশ ছিল যথাক্রমে শতকরা ৪৮ ও ১২ ভাগ যা বর্তমানে এসে দাঁড়িয়েছে যথাক্রমে শতকরা ২১ ও ১৮ ভাগে।বাংলাদেশের অর্থনীতি বিশ্ব অর্থনীতির সঙ্গে আগের তুলনায় এখন অনেক বেশি সম্পৃক্ত। সত্তর দশকে আমদানি ও রপ্তানি মিলিয়ে মোট বহির্বাণিজ্য যেখানে মোট দেশজ উৎপাদনের মাত্র শতকরা ১৫ ভাগ ছিল, নতুন শতাব্দীর প্রথম দশকে তা এসে দাঁড়িয়েছে শতকরা ৪৩ ভাগে। গত তিন দশকে বাংলাদেশের রপ্তানি আয় গড়ে বার্ষিক শতকরা ১১ ভাগ হারে বেড়েছে। রপ্তানি পণ্যের ধরনেও এসেছে বড় ধরনের পরিবর্তন এবং রপ্তানিতে শিল্পজাত পণ্যের গুরুত্ব বেড়েছে। সত্তর দশকে রপ্তানিতে প্রাথমিক পণ্যের অংশ যেখানে ছিল শতকরা ২৯ ভাগ, তা ১৯৯০ সালে কমে দাঁড়ায় শতকরা ১৮ ভাগে এবং এখন তা আরও কমে দাঁড়িয়েছে শতকরা ৬ ভাগে।রপ্তানি ছাড়াও প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স বৈদেশিক মুদ্রা অর্জনে বিরাট ভূমিকা রেখেছে। গত তিন দশকে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স গড়ে বার্ষিক শতকরা ১৬ ভাগ হারে বেড়েছে। ১৯৭৮ সালে বার্ষিক রেমিট্যান্সের পরিমাণ ছিল মাত্র ১২২ মিলিয়ন ডলার যা বর্তমানে প্রায় ১০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।রেমিট্যান্স আয় বৃদ্ধি ও তার সঙ্গে অভ্যন্তরীণ সঞ্চয়ের হার বাড়ার ফলে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা অনেকটাই কমে এসেছে। সত্তর দশকে বৈদেশিক সাহায্যের পরিমাণ ছিল মোট দেশজ উৎপাদনের প্রায় শতকরা ১০ ভাগ যা এখন শতকরা ২ ভাগে নেমে এসেছে।সত্তর দশকে জাতীয় সঞ্চয়ের হার ছিল বিনিয়োগের হারের চেয়ে কম। গত দুই দশকে এর উল্টো চিত্র দেখা যায়। ২০০৮-০৯ সালে জাতীয় সঞ্চয় ছিল মোট দেশজ উৎপাদনের শতকরা ৩২ ভাগ। অন্যদিকে একই সালে বিনিয়োগ ছিল মোট দেশজ উৎপাদনের শতকরা ২৪.২ ভাগ। অর্থাৎ বাংলাদেশে সঞ্চয়ের হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম হওয়া সত্ত্বেও বর্তমানে সঞ্চয়ের স্বল্পতা বিনিয়োগ সম্ভাবনাকে ব্যাহত করছে না।খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যদিও বাংলাদেশের জন্য এখনো একটি বড় চ্যালেঞ্জ, তবুও উচ্চফলনশীল বীজ, সেচের বিস্তার ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক খাদ্য উৎপাদন, দুর্যোগ মোকবিলায় কার্যকর প্রস্তুতি এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনী জোরদার করার মধ্য দিয়ে বাংলাদেশ খাদ্য ঘাটতির সমস্যা নিরসনে অনেক দূর এগিয়ে এসেছে।মানব উন্নয়নের ক্ষেত্রেও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে, বিশেষ করে শিশুমৃত্যুর হার কমিয়ে আনার সাফল্যের জন্য সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘ পদক পেয়েছে। শিশুর অপুষ্টি নিবারণেও বাংলাদেশের সাফল্য উল্লেখ করার মতো। এ ছাড়া, সর্বজনীন প্রাথমিক শিক্ষার বিস্তার এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পর্যায়ে নারী-পুরুষের বৈষম্য দূরীকরণেও বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে।অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ততা এখন অনেক বিস্তৃতি লাভ করেছে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে, রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে, জনসংখ্যা নিয়ন্ত্রণে এবং প্রাথমিক শিক্ষার প্রসারে এ দেশের নারীসমাজ বড় ধরনের ভূমিকা রেখেছে।ওপরে বর্ণিত অর্জনগুলো সত্ত্বেও বাংলাদেশের এ ব্যাপারে আত্মতুষ্টির খুব সুযোগ নেই। বাংলাদেশের সামনে উন্নয়নের চ্যালেঞ্জগুলো এখনো পাহাড়সম। মাথাপিছু আয়ের দ্রুত প্রবৃদ্ধি সত্ত্বেও ৬৯০ ডলারের বর্তমান মাথাপিছু আয় বাংলাদেশকে এখনো বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি করে রেখেছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) পরিচিতি থেকে বের হয়ে আসতে হলে আমাদের বর্তমান ডলারমূল্যে মাথাপিছু আয় ১০৮৬ ডলারে নিয়ে যেতে হবে। ২০১৫ সালের মধ্যে সে পর্যায়ে যেতে হলে আগামী পাঁচ বছর আমাদের মাথাপিছুু আয়ের প্রবৃদ্ধির হার হওয়া উচিত গড়ে অন্তত শতকরা ৮ ভাগ, যার সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপটে ক্ষীণ বলে মনে হয়।কিছুুটা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও জিডিপিতে ম্যানুফ্যাকচারিং শিল্পের বর্তমান অবদান (শতকরা ১৮ ভাগ) একটি গতিশীল অর্থনীতি গড়ে তোলার প্রয়োজনে খুবই অপ্রতুল। উদাহরণস্বরূপ বলা যায় যে থাইল্যান্ডে নব্বইয়ের দশকে জিডিপিতে ম্যানুফ্যাকচারিং শিল্পের অবদান শতকরা ২২ ভাগ থেকে বেড়ে শতকরা ৩০ ভাগে পৌঁছায়। ম্যানুফ্যাকচারিং শিল্পে এ রকম অগ্রগতি অর্জন করতে হলে দেশে বিনিয়োগের হার বর্তমানের শতকরা ২৪ ভাগ থেকে বাড়িয়ে অন্তত শতকরা ৩০ ভাগ করা দরকার। কিন্তু তার জন্য যে বিনিয়োগ পরিবেশ দরকার তা আজ অনেকাংশেই অনুপস্থিত।রপ্তানিতে গত তিন দশক সন্তোষজনক প্রবৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশের রপ্তানি খাতের ভিত্তি খুবই সংকীর্ণ থেকে গেছে। রপ্তানি আয়ের প্রায় ৭৯ ভাগ এখন তৈরি পোশাকশিল্প থেকে আসে, যার ফলে আন্তর্জাতিক বাজারে পোশাকশিল্পের অবস্থার ওপর বাংলাদেশের রপ্তানি খাত বিপজ্জনকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে।প্রবাসীদের রেমিট্যান্সের উৎস এখনো মূলত অদক্ষ শ্রমিক। এই শ্রেণীর শ্রমিকের ক্ষেত্রে প্রতিযোগিতা বেশি থাকায় রেমিট্যান্স আয় বাড়ানোর সম্ভাবনা অনেকটা সীমিত। অন্যদিকে দক্ষ শ্রমশক্তি রপ্তানি করে রেমিট্যান্স আয় বাড়ানোর বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও শ্রম দক্ষতা সৃষ্টিতে আমরা তেমন সাফল্য দেখাতে পারিনি।রেমিট্যান্স আয় বাড়ার ফলে জাতীয় সঞ্চয়ের হার বেশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাংলাদেশে অভ্যন্তরীণ সঞ্চয়ের হার এখনো পার্শ্ববর্তী বিভিন্ন দেশের তুলনায় অনেক নিচে। অভ্যন্তরীণ সঞ্চয়ের হার কম হওয়ার পেছনে একটি প্রধান কারণ হচ্ছে রাজস্ব আদায়ের দুর্বল ভিত্তি। বাংলাদেশে রাজস্ব-জিডিপির বর্তমান অনুপাত শতকরা ১১ ভাগ, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায়ও অনেক কম। মানব উন্নয়নেও আমাদের সাফল্যের সঙ্গে সঙ্গে ব্যর্থতার পাল্লাও কম ভারী নয়। মাতৃস্বাস্থ্যের পরিচর্যা ও মাতৃমৃত্যুর হারের দিক থেকে বাংলাদেশের অবস্থান উদ্বেগজনক থেকে গেছে। প্রাপ্তবয়স্কদের মধ্যে শিক্ষিতের হারসংক্রান্ত সহস্রাব্দ লক্ষ্য অর্জনের ব্যাপারেও আমরা পিছিয়ে আছি।গত দুই দশকে মাথাপিছু আয়ের বৃদ্ধি ত্বরান্বিত হওয়ার ফলে দরিদ্র জনসংখ্যার শতকরা হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ১৯৮৩-৮৪ সালে দারিদ্র্যের হার যেখানে ছিল শতকরা ৫৮.৫ ভাগ, ১৯৯১-৯২ সালে তা ছিল ৫৮.৮ ভাগ এবং ২০০৫ সালে তা নেমে আসে শতকরা ৪০ ভাগে। তবে শতকরা হারের পরিবর্তে আমরা যদি দরিদ্র লোকের সংখ্যা গণনা করি তাহলে চিত্রটি অনেক কম সন্তোষজনক বলে প্রতীয়মান হয়। যেমন, ১৯৮৩-৮৪ সালে দরিদ্র লোকের সংখ্যা যেখানে ছিল পাঁচ কোটি ৫৯ লাখ, ২০০৫ সালে তা সামান্য কমে দাঁড়ায় পাঁচ কোটি ৫৫ লাখে। পরিস্থিতি আরও হতাশাজনক মনে হয় যখন দেখা যায় যে এই সময় অর্থনীতিতে আয়ের বৈষম্যও বেড়েছে।দরিদ্র লোকের সংখ্যা কম হ্রাস পাওয়া এবং আয়ের বৈষম্য বেড়ে যাওয়ার তথ্য থেকে এটাই প্রতীয়মান হয় যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি যথেষ্ট পরিমাণে দরিদ্রবান্ধব হয়নি। এর মর্মার্থ হচ্ছে অর্থনীতিতে জিডিপির প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কর্মসংস্থান সৃষ্টি হয়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপের প্রতিবেদন থেকেও দেখা যায় যে নব্বইয়ের দশকে দেশের মোট শ্রমশক্তি যে হারে বেড়েছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তার চেয়ে কম হারে। একই প্রতিবেদন থেকে দেখা যায় যে জিডিপিতে কৃষির অবদান অন্য খাতের তুলনায় ক্রমাগতভাবে কমে শতকরা ২১ ভাগে নেমে আসা সত্ত্বেও কর্মসংস্থানে কৃষির অবদান প্রায় ৫০ ভাগে স্থির থেকেছে। জিডিপির প্রবৃদ্ধির সঙ্গে অকৃষি খাতে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির ব্যর্থতার কারণেই কৃষিতে নিয়োজিত অতিরিক্ত শ্রমিককে কৃষি থেকে বের করে আনা সম্ভব হয়নি।উল্লিখিত সীমাবদ্ধতাগুলো সত্ত্বেও গত চার দশকে বাংলাদেশের অর্থনৈতিক অর্জনকে খাটো করে দেখার সুযোগ নেই। চরম প্রতিকূল অবস্থার মধ্যে বাংলাদেশের এই অর্জন তার সুপ্ত শক্তির ইঙ্গিতই বহন করে। অতীতের দুর্বলতাকে চিহ্নিত করে সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও সুশাসনের মাধ্যমে এই সুপ্ত শক্তি আহরণ করা গেলে বাংলাদেশের জনগণ অসম্ভবকে সম্ভব করতে পারে, তার প্রমাণ তারা একাধিকবার দিয়েছে। ড. জায়েদ বখ্ত: গবেষণা পরিচালক, বিআইডিএস