উন্মাদনার নাম ১২-১২-১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বিচিত্র তারিখ আজ। সংখ্যায় লিখলে দাঁড়ায় ১২-১২-১২। দিনটিকে নিয়ে বিশ্ববাসীর মধ্যে উত্সাহ-উদ্দীপনার কমতি নেই। এ দিনকে স্মরণীয় করে রাখতে যে যেভাবে পারছেন, কিছু না কিছু করছেন। কেউ বিয়ে করছেন। কেউ সিজারের মাধ্যমে যথাসময়ের কিছু আগেই সন্তানের জন্ম দিচ্ছেন। কেউ ধুমধাম করে পালন করছেন জন্মদিন। যাঁদের এ ধরনের কোনো সুযোগ নেই, তাঁরা দিনটি উদ্যাপনের কোনো একটা উপলক্ষ তৈরি করে নিচ্ছেন।বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হার্টথ্রুব অলরাউন্ডার সাকিব আল হাসান আজ বুধবার যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে আকদ করবেন। স্পেন প্রবাসী মারিয়া মীমের সঙ্গে নাট্যাভিনেতা সিদ্দিকের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন চলছে আজ। আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী মোনালিসা।যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিয়ের পোশাক তৈরি প্রতিষ্ঠান ডেভিডস ব্রাইডালের হিসেব অনুযায়ী, আজকের দিনে আনুমানিক সাড়ে সাত হাজার কনে বিয়ের পিঁড়িতে বসবেন। একটি বার্তা সংস্থার প্রতিবেদন মতে, গত বছরের তুলনায় আজকের তারিখে প্রায় চার গুণ বেশি যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ ড্যানিয়েল আর হার্ডের মতে, অনেকে মনে করছেন, ১২-১২-১২ তারিখটি তাঁদের জন্য সৌভাগ্য বয়ে আনবে; তবে সংখ্যাতাত্ত্বিক কোণ থেকে দেখলে বলতে হয়, যাঁরা বিয়ে করতে চাইছেন, তাঁদের ব্যক্তিগত সুবিধার বিষয়টি মাথায় রেখেই বিয়ের দিনক্ষণ ঠিক করা উচিত।যুক্তরাজ্যের কোরি স্মিথের জন্ম ২০০০ সালের ১২ ডিসেম্বর। গতকাল দিবাগত রাত ১২টায় তাঁর বয়স হয়েছে ১২ বছর। ২০১২ সালের ১২ ডিসেম্বর রাত ১২টায় ১২ বছর বয়স হওয়ার রীতিমতো উল্লসিত কোরি স্মিথ। তাঁর বাবা জেসন বলেন, ছেলের জন্মের কয়েক মাস পর আমরা এমন একটা দিনের আগমনের বিষয়টি বুঝতে পারি। কোরি স্মিথ ছোটদের একটি ফুটবল দলে খেলে। ১২ সংখ্যার মাহাত্ম্যকে মহিমান্বিত করতে চলতি মৌসুমে ১২টি গোল করার লক্ষ্য নির্ধারণ করেছে স্মিথ। বিভিন্ন দেশের চিকিত্সকেরা জানিয়েছেন, আজ তাঁরা বিপুল সংখ্যক সিজারের তালিকা লিপিবদ্ধ করেছেন। দম্পতিরা চাইছেন, এ দিনটিতে জন্মগ্রহণ করুক তাঁদের সন্তান।এসবের বাইরে ফেসবুকে এ দিনটিকে নিয়ে চলছে নানা আলোচনা। চলছে বিচিত্র সব স্ট্যাটাস দেওয়া ও ছবি পোস্ট করার হিড়িক।