উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ফুলবাড়ী কয়লাখনির ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা আবার খুলে দেওয়ার জন্য বাংলাদেশের জ্বালানি উপদেষ্টাকে আহ্বান জানিয়েছিলেন। উইকিলিকসে ফাঁস হওয়া মার্কিন দূতাবাসের গোপন তারবার্তায় এমন তথ্যই উঠে এসেছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ‘দ্য গার্ডিয়ান’ গতকাল মঙ্গলবার রাতে এ-সংক্রান্ত একটি সংবাদ পরিবেশন করে।উইকিলিকসে ফাঁস হওয়া গোপন তারবার্তার বরাত দিয়ে গার্ডিয়ান আরও জানিয়েছে, মার্কিন কূটনীতিকেরা বাংলাদেশ সরকারকে ফুলবাড়ী কয়লাখনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য ব্যাপক চাপে রেখেছিলেন। ২০০৬ সালে এক রক্তক্ষয়ী বিক্ষোভের পর এই কয়লাখনিটি বন্ধ করে দিয়েছিল সরকার। সেই বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে তিনজন প্রাণ হারিয়েছিলেন।মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টি গত বছর জ্বালানি উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছিলেন। তিনি ফুলবাড়ী কয়লাখনির ব্যাপারে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান গ্লোবাল কোল ম্যানেজমেন্টের (জিসিএম) পরিকল্পনায় অনুমোদন দেওয়ার আহ্বান জানান। জিসিএম ফুলবাড়ী কয়লাখনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরিকল্পনা সরকারের কাছে পেশ করেছিল।২০০৬ সালে এই জিসিএমের কার্যক্রমের বিরুদ্ধেই স্থানীয় জনগণ প্রতিবাদ জানিয়েছিলেন। তাঁদেরই উত্তাল বিক্ষোভের ফলে ফুলবাড়ী কয়লাখনি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে উইকিলিকসে ফাঁস হওয়া তথ্যে দেখা যাচ্ছে, ফুলবাড়ী কয়লাখনি বন্ধ করে দেওয়ার পরও এই জিসিএম বাংলাদেশে বহাল তবিয়তে কাজকর্ম চালিয়ে গেছে এবং সরকারের ওপরের মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলেছে। এমনকি এ মাসের শুরুতে জিসিএমের চেয়ারম্যান স্টিভ বাইওয়াটার জানিয়েছেন, জ্বালানি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ব্যাপারে সরকারের কাছে সুপারিশ করেছে।ব্যাপারটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় বাংলাদেশ সরকার এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেও জানা গেছে উইকিলিকসের ফাঁস হওয়া তারবার্তায়। তবে মার্কিন সরকার উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ী কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে বলে ফাঁস হওয়া তারবার্তায় জানা যায়।উইকিলিকসের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, জেমস এফ মরিয়ার্টি জানাচ্ছেন, তিনি জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে দেখা করে তাঁকে বলেছেন, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনই হবে সর্বোত্তম ব্যবস্থা।মরিয়ার্টির এ-সংক্রান্ত আরও একটি তারবার্তা ফাঁস হয়েছে উইকিলিকসে। এই বার্তায় এক জায়গায় তিনি জানাচ্ছেন, ফুলবাড়ী কয়লাখনির আরেক ইজারাদার এশিয়া এনার্জিতে যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ বিনিয়োগ রয়েছে। এশিয়া এনার্জির কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন, ফুলবাড়ী কয়লাখনির কাজ শুরু করতে বাংলাদেশ সরকারের অনুমোদন পেতে তাঁরা দারুণ আশাবাদী।এদিকে একই বার্তায় মরিয়ার্টি জানিয়েছেন, জ্বালানি উপদেষ্টা তাঁকে বলেছেন, ফুলবাড়ী কয়লাখনির ব্যাপারটি রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। তিনি আরও বলেছেন, ফুলবাড়ী অঞ্চলে অর্থনৈতিকভাবে অবহেলিত আদিবাসী সম্প্রদায়ের বাস। এর পরই উইকিলিকসের তারবার্তা অনুযায়ী জ্বালানি উপদেষ্টা মরিয়ার্টিকে ফুলবাড়ী কয়লাখনির ব্যাপারে সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন।