উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা নিষিদ্ধ করতে আলটিমেটাম
সারা দেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিষিদ্ধ করতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে (আলটিমেটাম) তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি। একই সঙ্গে দেশ থেকে এশিয়া এনার্জিকে বহিষ্কার ও ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে তারা।আজ বৃহস্পতিবার পুরানাপল্টনের মুক্ত ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব দাবি জানায়। সুন্দরবনে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুত্ প্রকল্প সম্পূর্ণ বাতিল করারও দাবি জানিয়েছে সংগঠনটি।এসব দাবিতে সংগঠনটি ফুলবাড়ী, দিনাজপুর, খুলনা ও বাগেরহাটে এ মাসে বিভিন্ন কর্মসূচি পালন করবে। এ ছাড়া ১৩ নভেম্বর ঢাকায় ও ২৮ নভেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় তারা। এর মধ্যে সরকারের ইতিবাচক সাড়া পাওয়া না গেলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। তিনি অভিযোগ করেন, সরকার একদিকে বলছে, বিশেষজ্ঞ মতামত ও জাতীয় স্বার্থ নিশ্চিত করে কয়লা উত্তোলন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে সরকার সম্প্রতি অব্যাহতভাবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে।আনু মুহাম্মদ বলেন, ফুলবাড়ী কয়লাখনির ওপর লন্ডনে এখনো শেয়ার ব্যবসা করছে এশিয়া এনার্জি। এ দেশীয় কিছু পরামর্শক, সাংবাদিক, মন্ত্রী-আমলা দেশের সর্বনাশ করে বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষায় কাজ করছেন। তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা কোম্পানির লবিস্ট হিসেবে কাজ করছেন।সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন কমিটির আহ্বায়ক শেখ মুহম্মদ শহীদুল্লাহ। আরও বক্তব্য দেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।