উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার বিষয়ে সমীক্ষা করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া ও ফুলবাড়ী খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার বিষয়ে সমীক্ষা চালানোর উদ্যোগ নিয়েছে সরকার। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জার্মান কারিগরি সহায়তা সংস্থা (জিটিজেড) এবং সরকার যৌথভাবে এ সমীক্ষা চালাবে। সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্রগুলো জানায়, সমীক্ষা চালানোর উদ্যোগের পাশাপাশি ফুলবাড়ী কয়লাখনি উন্নয়নে এশিয়া এনার্জির প্রকল্প নিয়েও আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সরকার বিদ্যুত্ ও জ্বালানি খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য লন্ডন, সিঙ্গাপুর ও নিউইয়র্কে যে ‘রোড শো’ করেছে, সেখানেও বিনিয়োগকারীদের পক্ষ থেকে এশিয়া এনার্জির বিনিয়োগের ভবিষ্যত্ সম্পর্কে প্রশ্ন করা হয়। তবে এশিয়া এনার্জির প্রস্তাবের মতো খুব বড় আকারের উন্মুক্ত পদ্ধতির খনি করা এবং কয়লা রপ্তানির ব্যাপারে সরকারের অবস্থান সম্পূর্ণ নেতিবাচক। গত বছর সরকারের আমন্ত্রণে দেশে একটি পরামর্শ সভায় যোগ দেওয়া কয়েকজন প্রবাসী বাংলাদেশি খনি বিশেষজ্ঞ উন্মুক্ত পদ্ধতির খনি করার বিষয়ে কিছু ইতিবাচক সুপারিশ করেছেন। বড়পুকুরিয়ার বর্তমান ভূগর্ভস্থ পদ্ধতি পরিবর্তন করে কীভাবে বেশি পরিমাণে কয়লা তোলা সম্ভব, সে বিষয়ে সমীক্ষা চালানো এবং ফুলবাড়ী কিংবা অন্য কোনো খনিতেও ওই পদ্ধতি প্রয়োগ করা যায় কি না, সে বিষয়ে সমীক্ষা চালানোর সুপারিশ করেন তাঁরা।এ ছাড়া জাতীয় কয়লানীতির খসড়া চূড়ান্ত করতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মতিন পাটোয়ারির নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশে বড়পুকুরিয়া কয়লাখনির উত্তরাংশে একটি সীমিত আকারের ও পরীক্ষামূলক উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি করে দেখার কথা রয়েছে। উন্মুক্ত পদ্ধতির খনির সামগ্রিক ব্যবস্থাপনা বাস্তবে এ দেশে কতটা সম্ভব, তা পরীক্ষা করে দেখার বিবেচনা থেকেই এ সুপারিশ করা হয়েছে।এসব সুপারিশের ভিত্তিতে সরকার প্রথমে দিনাজপুরে একটি ‘খনিনগরী’ (মাইনিং সিটি) গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে সেখানে ৬৪৬ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। বড়পুকুরিয়া খনির কারণে ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসনের জন্য এই খনিনগরী গড়ে তোলা হবে। ভবিষ্যতে আরও যেসব কয়লাখনি করা হবে, সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষেরও খনিনগরীতে পুনর্বাসনের ব্যবস্থা থাকবে। আন্তর্জাতিক নিয়ম ও হার অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়ায় বর্তমানে দেশের একমাত্র খনি থেকে কয়লা তোলার ফলে সেখানকার নয়টি গ্রামে ভূমিধস ও বাড়িঘরে ফাটল সৃষ্টি হয়েছে। ফলে সেখানকার বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের বিষয়টি জরুরি হয়ে ওঠে। কিন্তু বড়পুকুরিয়া খনি প্রকল্পে এ ধরনের কোনো বিধান রাখা হয়নি। তাই বর্তমান সরকার এ কাজের জন্য প্রাথমিকভাবে ৩২৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়।বড়পুকুরিয়া খনিতে মোট কয়লা মজুদের পরিমাণ প্রায় ৩৯ কোটি (৩৮৯ মিলিয়ন) মেট্রিক টন। এই খনির অর্ধেকের মতো এলাকা বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) আওতাধীন। তারা ভূগর্ভস্থ খনন পদ্ধতিতে সেখান থেকে ৩০ বছরে মোট মজুদের সর্বোচ্চ ২০ শতাংশ কয়লা তুলবে। এই কয়লা দিয়ে মূলত ২৫০ মেগাওয়াট ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুেকন্দ্রটি চলবে।কিন্তু বর্তমান সরকার জ্বালানি খাতের উন্নয়নে কয়লা উত্তোলন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, ‘এযাবত্ প্রাপ্ত কয়লার অর্থনৈতিক ব্যবহার এবং কয়লাভিত্তিক শিল্প নির্মাণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। নতুন কয়লা ও অন্যান্য খনিজ সম্পদ অনুসন্ধান ও আহরণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’সরকার দেশে কয়লাভিত্তিক চারটি বড় (প্রতিটি কমপক্ষে ৫০০ মেগাওয়াট ক্ষমতার) বিদ্যুেকন্দ্র স্থাপনের পরিকল্পনাও নিয়েছে দেশে বাড়তি কয়লা পাওয়ার সম্ভাবনা থেকেই। যদিও সরকারি পরিকল্পনা অনুযায়ী শুরুতে আমদানি করা কয়লা দিয়েই ওই কেন্দ্রগুলো চালু করার কথা।এসব বিষয়ে জানতে চাইলে জ্বালানিসচিব মোহাম্মদ মহসীন ইউএনডিপি-জিটিজেড ও সরকারের যৌথ সমীক্ষার বিষয়টি নিশ্চিত করেন।প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কয়লানীতির খসড়া চূড়ান্তকরণের জন্য গঠিত পাটোয়ারি কমিটির সদস্য নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সমীক্ষা যাঁদের নিয়ে যতভাবে দরকার করা হোক; কিন্তু খসড়া কয়লানীতির মৌলিক কথাটি হলো, কয়লা তোলার জন্য যাঁর জমি খুঁড়বেন, একটা নির্দিষ্ট সময় পরে, হোক তা ২০ কিংবা ৩০ বছর, তাঁকে ফেরত দিতে হবে।নূরুল ইসলাম বলেন, ‘দ্বিতীয় কথা হলো, এশিয়া এনার্জির সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তি বিশ্লেষণ করে আমি বলেছি যে চুক্তিটি বেআইনি। এটি আইনকানুন মেনে করা হয়নি। এ ব্যাপারে সরকারকে আগে সিদ্ধান্ত নিতে হবে।’