উন্মুক্ত পদ্ধতিতে তুললে মানবাধিকার লঙ্ঘিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দিনাজপুরের ফুলবাড়ী থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা হলে তা হবে জাতিসংঘের মৌলিক মানবাধিকারের পরিপন্থী। কেননা, তার ফলে হাজারো মানুষ বাস্তুচ্যুত হবে। তারা মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হবে। গত মঙ্গলবার জাতিসংঘের একটি স্বাধীন বিশেষজ্ঞ দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় থেকে ওই বিবৃতি প্রকাশ করা হয়েছে।বিবৃতিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ সরকারকে সবার আগে মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, উন্মুক্ত পদ্ধতি কেন, কোনো পদ্ধতিতেই নতুন কোনো খনি থেকে কয়লা তোলার সিদ্ধান্ত সরকার নেয়নি।এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জনসমক্ষে ঘোষণা করেছেন, সরকার দেশের খনি থেকে কয়লা তুলবে না। এ কয়লা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেওয়া হবে।দেশের কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে বিবৃতি সম্পর্কে জানতে চাইলে তাঁরা বলেন, কয়লানীতি চূড়ান্ত হয়নি। কয়লা তোলার বিষয়ে কোনো উদ্যোগ তো দূরের কথা, কোনো আলোচনাও যখন নেই, তখন এ রকম একটি বিবৃতির কারণ তাঁরা বুঝতে পারছেন না। জাতিসংঘ-সংশ্লিষ্টদের বিবৃতিতে বলা হয়, উন্মুক্ত খনির দূষণে ওই অঞ্চলের বিশুদ্ধ পানির উৎস ও প্রতিবেশ ব্যবস্থা ধ্বংস হবে। প্রাথমিকভাবেই ৫০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হবে। ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে সেখানকার আরও দুই লাখ ২০ হাজার লোকের ওপর। ওই প্রকল্পের মাধ্যমে ছয় হাজার হেক্টর কৃষিজমি থেকে ৩৬ বছরে ৫৭ কোটি ২০ লাখ টন কয়লা তোলা যাবে। এতে ১২ হাজার হেক্টর কৃষিজমি ধ্বংস হবে। এমনিতেই ঝুঁকির মধ্যে থাকা হাজার হাজার কৃষকের জীবিকা হুমকির মুখে পড়বে। প্রায় এক হাজার মৎস্য উৎপাদনকারী জলাশয় ও ৫০ হাজার ফলের গাছও ধ্বংস হবে।বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে জাতীয় কয়লানীতি বিবেচনাধীন রয়েছে। তারা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের উন্নয়নের কথা চিন্তা করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার অনুমতি দিতে পারে। আদিবাসীদের ব্যাপারে উদ্বেগ জানিয়ে বলা হয়, উন্মুক্ত পদ্ধতির কয়লাখনির কারণে ওই অঞ্চলের সাঁওতাল, মুণ্ডা, মাহিলি ও পাহান সম্প্রদায়ভুক্ত আদিবাসী গোষ্ঠীর বাসস্থান হারানোর আশঙ্কা রয়েছে। আসকের বিবৃতি: আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, ফুলবাড়ী কয়লাখনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার সিদ্ধান্ত নেওয়া হলে তা হবে স্থানীয় অধিবাসীদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবেশগত সীমক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে স্থানীয় অধিবাসীদের ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আসক।