বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জাতীয় কয়লা নীতির প্রস্তাবিত খসড়া প্রকাশ করেছে। গতকাল রোববার মোট ছয় পৃষ্ঠায় ২৭টি অনুচ্ছেদসংবলিত এই খসড়াটি www.emrd.gov.bd ওয়েব ঠিকানায় প্রকাশ করা হয়েছে। খসড়াটি প্রথম আলোর ওয়েবসাইটেও (www.prothom-alo.com) দেখা যাবে।জানা যায়, নীতিটি চূড়ান্ত করার আগে সমাজের বিভিন্ন স্তরের মানুষের (স্টেকহোল্ডারস) সঙ্গে আরও আলাপ-আলোচনা ও মতামত গ্রহণের জন্য খসড়াটি ওয়েবসাইটের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত বুধবারের নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।কয়লা উত্তোলন: এই উপশিরোনামে প্রস্তাবিত খসড়ার দুই নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আবিষ্কৃত কয়লাক্ষেত্রের ভূতাত্ত্বিক কাঠামো, ভূগঠন ও প্রকৃতি বিবেচনায় রেখে কারিগরি ও অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য পদ্ধতি অনুসরণ করে কয়লা উত্তোলন করা হবে। অর্থাৎ ভূগর্ভস্থ পদ্ধতি/উন্মুক্ত পদ্ধতি অথবা একই সঙ্গে এই উভয় পদ্ধতি প্রয়োগের মাধ্যমে খনি উন্নয়ন করা হবে। বিনিয়োগকারী/লিজিকে ভূতাত্ত্বিক কাঠামো, ভূগর্ভস্থ পানির স্তর, ভূস্তরের প্রকৃতি, পুনর্বাসন ইত্যাদি বিবেচনায় রেখে পরিবেশগত সমীক্ষার আলোকে খনি ব্যবস্থাপনাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত করে প্রস্তুতকৃত আর্থসামাজিক ও কারিগরি প্রতিবেদন দিতে হবে। এরপর সরকার কর্তৃক অনুমোদন সাপেক্ষে কয়লা উত্তোলন করা যাবে। দেশের অভ্যন্তরীণ চাহিদার সঙ্গে মিল রেখে লিজিকে কয়লা উত্তোলন করতে হবে।বাস্তবায়ন কৌশল: খসড়ার ১ দশমিক ২ অনুচ্ছেদে এ সম্পর্কে আটটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে—কয়লা ক্ষেত্র আবিষ্কার ও উন্নয়নের জন্য স্ট্র্যাটেজিক পার্টনার/যৌথ বিনিয়োগকারী নিয়োগ করা; কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া; আবিষ্কৃত কয়লা ক্ষেত্র ও সম্ভাব্য কয়লাসমৃদ্ধ অঞ্চল নিয়ে ‘কয়লা অঞ্চল’ গঠন করা; খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরকে শক্তিশালী করার পদক্ষেপ গ্রহণ; প্রয়োজনে কয়লা ব্যবস্থাপনার জন্য নতুন প্রতিষ্ঠান গঠন করা; কয়লা গবেষণা প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে বিভিন্ন গবেষণা, স্টাডি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য লাইসেন্সি/লিজিকে বিভিন্ন আর্থিক প্রণোদনা ও সুবিধাদি প্রদান করা।কয়লার রয়্যালটি: খসড়ার ১৭ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সরকার সময়ে সময়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দেশে উত্তোলিত কয়লার রয়্যালটি নির্ধারণ করবে। প্রতিটি কয়লা খনি মাইনিং লিজ প্রদানের পূর্বে সরকার প্রয়োজনবোধে রয়্যালটির নতুন হার নির্ধারণ করতে পারবে।’এ ছাড়া নতুন কয়লা ক্ষেত্র আবিষ্কার ও উন্নয়নের জন্য আইন ও বিধির অধীনে উপযুক্ত প্রতিষ্ঠান/উদ্যোক্তাকে লাইসেন্স ও লিজ দেওয়া; সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগ ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা; দেশের দীর্ঘমেয়াদি চাহিদার বিষয় বিবেচনায় রেখে জনস্বার্থে প্রয়োজন না হলে কয়লা রপ্তানি না করা; কয়লা স্তরের মিথেন উত্তোলন ও ভূগর্ভে কয়লা গ্যাসে রূপান্তর করার বিষয়ে আগ্রহী কোম্পানিগুলোকে উৎসাহিত করার ব্যাপারে পেট্রোবাংলার উদ্যোগ গ্রহণ; কয়লাভিত্তিক ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র (বেসরকারি কোনো কোম্পানির নিজস্ব ব্যবহারের জন্য স্থাপিত বিদ্যুৎকেন্দ্র) স্থাপন; কয়লা উন্নয়ন তহবিল গঠন প্রভৃতির কথা খসড়ায় বলা হয়েছে।জাতীয় কয়লা নীতির প্রস্তাবিত খসড়া দেখতে এখনে ক্লিক করুন