উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অস্থির প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরে দুটি গণবদলিসহ ৬০০ জনকে বদলি, এ সময়ে উপাচার্যের ১১২ দিন বিদেশে অবস্থান, এক দিনে সিন্ডিকেটের দুটি সভা ডাকা, পরীক্ষা কেলেঙ্কারির সঙ্গে জড়িত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বিভিন্ন শিক্ষা কোর্স এই বন্ধ এই চালু করার মতো কর্মকাণ্ডে অস্থির হয়ে আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর আই এম আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আগের প্রশাসনের অথর্ব লোকগুলোর কারণে প্রশাসনে গতি নেই। বিশ্ববিদ্যালয়কে ঠিক করতে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’বদলির আতঙ্ক: গত বছরের ১৫ জুলাই এক দিনে ২১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়। একই বছরের ফেব্রুয়ারিতেও একসঙ্গে বদলি করা হয়েছিল ১৭৭ জন কর্মকর্তা-কর্মচারীকে। গত দুই বছরে অন্তত পাঁচবারে বিশ্ববিদ্যালয়ের ছয় শর বেশি কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সব সময় বদলির আতঙ্কে থাকেন।জানতে চাইলে উপাচার্য বলেন, জোট সরকারের সময় প্রশাসনের সব ক্ষেত্রেই অদক্ষ লোক নিয়োগ করা হয়েছিল। তাদের অনেকে এখনো বহাল আছে। অদক্ষ কর্মকর্তাদের বদলি করে প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আরও কয়েকজনকে বদলি করা প্রয়োজন।উপাচার্যের ভ্রমণবিলাস: নথিপত্র ঘেঁটে দেখা যায়, ২০০৯ সালে দায়িত্ব পাওয়ার পর থেকে দুই বছরে নানা কাজের অজুহাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১১ বার বিদেশে গেছেন। দুই বছরে তিনি ১১২ দিন বিদেশে ছিলেন।গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা অফিস আদেশে দেখা যায়, ২০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর কমনওয়েলথভুক্ত দেশগুলোর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংগঠনের (কমোসা) প্রথম বার্ষিক সম্মেলনসহ চারটি অনুষ্ঠানে অংশ নিতে উপাচার্য ভারতে গিয়েছিলেন। শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনবিষয়ক বিশ্ব সম্মেলনে (ওয়ার্ল্ড ইনোভেটিভ সামিট ফর এডুকেশন) যোগ দিতে ৬ ডিসেম্বর পাঁচ দিনের সফর করেছেন কাতার। সূত্র জানায়, এসব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় প্রধানেরা থাকলেই চলত।উপাচার্য ২০০৯ সালের ১৩ থেকে ১৯ জুন মালয়েশিয়া; ৯ থেকে ১৩ আগস্ট সিঙ্গাপুর; ৫ থেকে ২৯ সেপ্টেম্বর চীন; ৩০ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভারত; ২০১০ সালের ২২ থেকে ৩০ এপ্রিল দক্ষিণ আফ্রিকা; ১০ থেকে ২৪ জুন ভারত; ৯ থেকে ১২ আগস্ট মালয়েশিয়া; ১৭ থেকে ২৩ অক্টোবর কাতার এবং ২৪ অক্টোবর থেকে ১ নভেম্বর ভিয়েতনাম ভ্রমণ করেন।উপাচার্য বলেন, ‘কমোসার নির্বাহী কমিটির সদস্য হওয়ায় তারা আমাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিল। বেশির ভাগ ক্ষেত্রে এসব সংগঠনই বিদেশে যাওয়ার খরচ পাঠায়। যেসব ক্ষেত্রে খরচ দেয় না, তখন বিশ্ববিদ্যালয়ের অর্থে যাই। শিক্ষা মন্ত্রণালয় থেকে এর অনুমোদন নিতে হয়।’এক দিনে দুই সিন্ডিকেট: ২ জুন একই দিনে সিন্ডিকেটের বিশেষ সভা (১২২তম) ও নিয়মিত সভা (১২৩তম) আহ্বান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সিন্ডিকেটের কয়েকজন সদস্যের আপত্তির কারণে বিশেষ সভাটি স্থগিত করতে হয়।এক দিনে একটির বেশি সিন্ডিকেটের সভা ডাকা যায় কি না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইনে কিছু বলা নেই। তবে সিন্ডিকেটের সভা ডাকার ক্ষমতা দেওয়া হয়েছে উপাচার্যকে। উপাচার্য নিজের ক্ষমতাবলে এক দিনে দুটি সভা ডেকেছিলেন। তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এমন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক-কর্মকর্তা।সূত্র জানায়, আচার্য মনোনীত চার সিন্ডিকেট সদস্যের তিনজনই সভা দুটিতে অনুপস্থিত ছিলেন। দুইজন সদস্য সভা দুটি স্থগিত করতে উপাচার্যের কাছে চিঠিও দেন। সে পরিপ্রেক্ষিতে বিশেষ সভা স্থগিত করা হয়। শুধু নিয়মিত সভাটি করা হয়। সূত্র জানায়, ওই দিন সিন্ডিকেটে নিয়োগসংক্রান্ত বিষয় অনুমোদনের প্রয়োজন থাকায় নিয়মিত সভাটি স্থগিত করা হয়নি।উপাচার্য বলেন, ‘এক দিনে দুটি কেন, চারটি সভাও করা যায়।’ তিনি বলেন, পাঠ্যবইয়ের ইতিহাস বিকৃতির তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনার জন্য বিশেষ সভাটি ডাকা হয়েছিল। কিন্তু সব সদস্য রাজি না হওয়ায় সভাটি স্থগিত করা হয়।মাতুব্বরের শাস্তি হয়নি: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সুপারিশ সত্ত্বেও পরীক্ষায় খাতা কেলেঙ্কারিতে জড়িত আরশাদ আলী মাতুব্বরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। ২০০৫ সালের ওই ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললেও তৎকালীন উপাচার্য এরশাদুল বারীর ঘনিষ্ঠ হওয়ায় তখন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।বর্তমান প্রশাসন ঘটনা তদন্তে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুর রশিদকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে। কমিটি মাতুব্বরের জড়িত থাকার প্রমাণ পায় এবং ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে গত বছরের অক্টোবরে প্রতিবেদন দেয়। কিন্তু সাত মাসেও মাতুব্বরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।সূত্র জানায়, আরশাদ আলী মাতুব্বর ২০০৮ সালে উপাচার্য ফরিদ আহমেদের কাছে লিয়েনে ছুটি চেয়ে আবেদন করেন। তবে তা অনুমোদন হয়নি। তার পর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত আছেন। কিন্তু বর্তমান উপাচার্যও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। তবে ‘পাবলিক পরীক্ষার খাতা চুরির অভিযোগে’ তিনিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার সময় তিনি ওপেন স্কুলের ডিন ছিলেন। জানতে চাইলে উপাচার্য বলেন, বিষয়টি সিন্ডিকেট সভায় তোলা হবে, সেখানেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কবে নাগাদ বিষয়টি সিন্ডিকেটে উঠবে, তা তিনি বলতে পারেননি।