প্রতারণার মাধ্যমে তথ্য বিকৃত করে পাণ্ডুলিপি প্রকাশের অভিযোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর আই এম আমিনুর রশীদসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা করেন।মহানগর হাকিম কামরুন্নাহার রুমি বাদীর জবানবন্দি গ্রহণ করে আমিনুর রশীদসহ ১০ জনকে আগামী ৫ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারির আদেশ দেন।অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এরশাদুল বারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এম ফরিদ আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য রুহুল আমিন আকন্দ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং ও পাবলিকেশন বিভাগের সাবেক পরিচালক এবং বর্তমানে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ফজলে আলী, বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন আনছারুজ্জামান ও বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের চেয়ারম্যান আরশেদ আলী মাতুব্বর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (উন্মুক্ত বিদ্যালয়) ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রাহীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ও উন্মুক্ত বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক প্রভাষক মো. কামাল উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. কুতুব উদ্দিন।মামলার আরজিতে বলা হয়, বাদী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শওকত আরা হোসেন্রপ্রণীত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চমাধ্যমিক শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বই ২০০০ সালে সর্বপ্রথম প্রকাশিত হয়। পরে আসামিরা পর্যায়ক্রমে দায়িত্ব পালনের সময় পরস্পর যোগসাজশে মূল বইয়ে তাঁদের নাম ব্যবহার ও পাণ্ডুলিপির বিকৃতি করে এর পুনঃসংস্করণ বের করেন। এ সময় ওই পাণ্ডুলিপি থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দটি বাদ দেওয়া হয় এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা অধ্যায়ের স্বাধীনতার ঘোষণাসহ মূল পাণ্ডুলিপির পরিবর্তন ঘটিয়ে ভিন্ন তথ্য সংযোজন করা হয়।মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বইয়ের মূল পাণ্ডুলিপির তথ্য বিকৃতি করার অভিযোগ আনা হয়।বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান তালুকদার প্রমুখ।