উন্মুখ হয়ে থাকি
বেশ কয়েক ফোঁটা শীত পড়তেই আর সবার মতো আমিও একুশে বইমেলার জন্য উন্মুখ হয়ে থাকি। বছরের এই সময়ে শহরে নানা উৎসবের বান ডাকে। নিখাদ সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি বস্ত্রমেলা, চলচ্চিত্র উৎসব, নাট্যমেলা এবং সবশেষে বিশাল বাণিজ্য মেলা ঢাকাবাসীকে মজিয়ে রাখে বেশ কয়েকটা দিন। তবে এদের ভালো লাগার রেশ একটু পরেই ফুরিয়ে আসে। ব্যতিক্রম একুশে বইমেলা। এটি মানুষকে যতখানি দীর্ঘস্থায়ী তৃপ্তি আর ‘প্রাণের আরাম’ জোগায়, তা আর অন্য কোথাও মেলে না বলেই আমার বিশ্বাস।ফি বছর অন্তত এক দিন হলেও বইমেলায় ঘুরে আসি, বেশ কিছুটা অনাবিল আনন্দঘন সময় কাটে কবি, লেখক, বন্ধু আর পরিচিতদের সঙ্গে। এখানে এসে বয়স হঠাৎ যেন অনেকটা কমে যায়। থোকা থোকা উজ্জ্বল বইয়ের দ্যুতি, একঝাঁক তাজা প্রাণের উষ্ণ পরশ, আর নতুন চিন্তন-চেতনার প্রবহমান স্রোতে সঞ্জীবিত হওয়ার এমন সুযোগ এই ঊষর নাগরিক জীবনে আর কোথায় মিলবে! বইমেলাকে ঘিরে কত নতুন লেখকের সম্ভাবনার কুঁড়ি পুষ্পিত হয়েছে। নবীন সাহিত্যিকদের এগিয়ে দিতে এবং প্রতিষ্ঠিতদের মেধাকে নতুন নতুন দিগন্তে বাঁক নিতে বইমেলার অনুচ্চারিত ভূমিকাকে গুরুত্বপূর্ণ বললে অত্যুক্তি হবে না। দেশের প্রকাশন সংস্থার স্বাস্থ্যের জন্য বইমেলার ভূমিকা যে যথেষ্ট বলকারক ও পুষ্টিবর্ধক, তাও সবার জানা।লেখক, পাঠক উভয়ই বইমেলায় একটি অলিখিত দূরত্বের গণ্ডি পেরিয়ে একে অপরের কাছাকাছি পৌঁছানোর সুযোগ পান। প্রিয় কবি ও লেখকদের চোখের সামনে দেখা, তাঁদের কথা শোনা আর তাঁদের স্বাক্ষর নিয়ে বাড়ি ফেরা অনেকের কাছেই একটা বিশাল প্রাপ্তি। পাঠকদের সামনে মুখোমুখি হওয়ার উষ্ণ নিবিড়তা লেখকের জন্যও কম স্বাদু নয়।এবার বইমেলায় গ্রন্থদস্যুদের বিরুদ্ধে বেশ জোরালো ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে আশান্বিত হলাম। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মেলায় এবার কোনো পাইরেটেড বই বিক্রি হবে না। আইন করে যা হয় না, তা যে জনমত তৈরি করে নৈতিক বলে প্রায়ই সমাধান করা যায়, সেটাই আমরা প্রায় ভুলতে বসেছি। বইমেলা এই ভুলে যাওয়া সত্যটিকে আবার মনে করিয়ে দিল। একসময় ইতিহাসের ছাত্র ও শিক্ষক ছিলাম। ইতিহাস ও ইতিহাসভিত্তিক বইয়ের প্রতি আমার আগ্রহ স্বাভাবিক। মেলা থেকে ঐতিহাসিক মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধের ছিন্ন দলিল ও মাদ্রিদে তিন বাঙ্গাল সংগ্রহের ইচ্ছা রয়েছে।যেহেতু আত্মজীবনীতে সমসময়ের সামাজিক ইতিহাসের উপাদান খুঁজে পাওয়া যায়, তাই আমার তালিকায় রয়েছে আবদুশ শাকুরের জীবনস্মৃতি-এর দ্বিতীয় খণ্ড, কাঁটাতেও গোলাপ থাকে-এর সঙ্গে আবদুশ শাকুরের শ্রেষ্ঠ প্রবন্ধ।পত্রিকায় দেখলাম, এবার বইমেলায় মোট তিন হাজার ৫০০ নতুন বই উঠবে। এটি নিঃসন্দেহে পুস্তকপ্রেমীদের জন্য অত্যন্ত সুখবর। শুধু সংখ্যার দিক দিয়েই নয়, বিষয়বৈচিত্র্যেও এই গ্রন্থসম্ভার বহুমাত্রিক হবে—এমনটি আমাদের প্রত্যাশা। এরই পাশাপাশি মেলার বিদ্যমান পরিকাঠামোর উন্নয়ন হয়ে বই হাতে নিয়ে ধীরেসুস্থ্থে উল্টেপাল্টে দেখার আনন্দ আরও একটু ঘন হবে, এমন আশা জাগতেই পারে। মহান একুশে বইমেলা ২০১১-এর থিম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র সার্ধশতবর্ষে এর চেয়ে যথার্থ শ্রদ্ধার্ঘ্য আর কিছু হতে পারত না বলেই আমার বিশ্বাস।