উন্মোচিত হচ্ছে করুণ কাহিনি
প্রলয়ংকরী ভূমিকম্প আঘাত হানার এক দিন পর গতকাল শনিবার রাজধানী টোকিওসহ অন্যান্য শহরে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। তবে ভূমিকম্প ও সুনামির জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে এখনো বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আবার ভূমিকম্প হতে পারে এমন আশঙ্কায় টোকিওতে গতকাল লক্ষাধিক লোক খোলা আকাশের নিচে রাত কাটায়। আমি নিজেও প্রেসক্লাবে রাত কাটিয়ে সকালে বাড়ির পথে রওনা হই। স্বাভাবিক সময়ে যে দূরত্ব আমি ৯০ মিনিটে অতিক্রম করি, সেই একই দূরত্ব অতিক্রম করতে আমার সময় লেগেছে সাড়ে তিন ঘণ্টা। তার পরও ঘরে ফেরার একটা নিশ্চয়তা আমি অনুভব করতে পেরেছি, যে সৌভাগ্য থেকে এখনো বঞ্চিত মিয়াগি, ফুকুশিমা আর ইওয়াতে এলাকার লাখ লাখ মানুষ। জাপানের সব কটি টেলিভিশন চ্যানেলে সার্বক্ষণিকভাবে দেখা যাচ্ছে তাদের। উন্মোচিত হচ্ছে নানা করুণ কাহিনি।সে রকম এক ট্র্যাজিক ঘটনার কেন্দ্রে গোটা এক শহর। মিয়াগি জেলার সেই শহরের নাম মিনামি নাস রিকিচো। গত শুক্রবার দুপুর পর্যন্ত শহরটি ছিল ১৭ হাজার মানুষের আনন্দ-উচ্ছ্বাস আর হাসি-কান্নায় মুখরিত এক জনপদ। এক দিনের ব্যবধানে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরের ১৭ হাজার লোকের মধ্যে ১০ হাজারের কোনো খবর এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সুনামির ঢেউয়ের তোড়ে তারা ভেসে গেছে। সমুদ্র উপকূলের সেই শহরে ভূমিকম্পের ঠিক পরপর সুনামির জলোচ্ছ্বাস আঘাত হানে এবং ভাসিয়ে নিয়ে যায় অর্ধেকের বেশি শহরবাসীকে। সরকারি হিসাবে এদেরকে এখন পর্যন্ত নিখোঁজের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাই আশঙ্কা করা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় এখানে জীবিত অবস্থায় কাউকে পাওয়া না গেলে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা এক লাফে কয়েক গুণ বেড়ে যাবে।এদিকে বিশ্বের বিভিন্ন দেশ জাপানের ভূমিকম্পকবলিত লোকজনকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। গতকাল জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক তালিকায় দেখা যায়, এ পর্যন্ত ৫০টি দেশ জাপানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের সাহায্যে এগিয়ে আসার কথা জাপান সরকারকে জানিয়েছে। ভারত, পাকিস্তানসহ জাপানের কাছ থেকে নিয়মিত সাহায্য পাওয়া অনেক দেশের নাম সেই তালিকায় রয়েছে। তবে বাংলাদেশের নাম নেই। বন্ধুর দুর্দিনে সাহায্যের হাত সম্প্রসারণ করা নিয়ে আমরা হয়তো এ কারণে কিছুটা দ্বিধাগ্রস্ত যে, আমাদের সেই বন্ধু তো ধনী বন্ধু। ফলে সেই তালিকায় লেখাইনি আমাদের নাম। কূটনীতির মানদণ্ডে যেটাকে শিষ্টাচারসুলভ আচরণ হিসেবে দেখা হয়, ধনী-দরিদ্রের নিজস্ব বিচার-বিবেচনার আলোকে তা থেকে আমরা নিজেদের দূরে সরিয়ে রেখে খুব একটা শুভবুদ্ধির পরিচয় যে দিচ্ছি, তা কি বলা যায়?