উন্মোচিত হবে মহাবিশ্বের জন্মমুহূর্ত
মার্চ ৩০, ২০১০। স্থান: সার্নের এলএইচসি বা লার্জ হাড্রন কোলাইডার পরীক্ষাগার। পরমাণুর ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা, ধনাত্মক বিদ্যুৎবাহী প্রোটনের দুটি স্রোতকে ঠেলে দেওয়া হলো পরস্পরের দিকে। প্রতিটি ৩ দশমিক ৫ ট্রিলিয়ন (১০০০ বিলিয়ন=১ ট্রিলিয়ন) ইলেকট্রন ভোল্ট শক্তিতে পরস্পরের প্রতি ছুটে গেল। একত্রে সাত ট্রিলিয়ন ভোল্টের সংঘর্ষে সেখানে সৃষ্টি হলো কয়েক কোটি অবপারমাণবিক (সাব-অ্যাটমিক) কণা। সার্নের পর্যবেক্ষণ ক্যামেরায় খুব সুন্দরভাবে ধরা পড়েছে এই দৃশ্য। আমেরিকা ও ইউরোপের একাধিক জায়গায় টেলিভিশনের পর্দার সামনে বসে বিজ্ঞানীরা দেখলেন সৃষ্টিজগতের প্রসববেদনার এক অনিন্দ্যসুন্দর দৃশ্য। তাঁদের সঙ্গে সঙ্গে আশাবাদী হয়ে উঠেছে মানবকুল। এবার হয়তো উন্মোচিত হবে দুনিয়া সৃষ্টির প্রথম মুহূর্তের রহস্য।আইনস্টাইনের জানানো তত্ত্ব থেকে বিজ্ঞানীরা জেনেছেন, এক মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাজগতের শুরু। কিন্তু সৃষ্টির সেই মহাক্ষণে শক্তির মাত্রা এত বেশি ছিল যে, সত্যি সত্যি সেখানে কী হয়েছিল তা জানাটা বেশ কঠিন। আবার ওই সময়ে আমাদের জানা পদার্থবিজ্ঞানও জটিল হয়ে ওঠে। ফলে, হাতেকলমে বিষয়টি দেখার ইচ্ছা বিজ্ঞানীদের অনেক দিনের। সেই প্রত্যাশা পূরণে গেল বছর চালু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী কণাত্বরক যন্ত্র এলএইচসি। আর সেখানেই হয়ে গেল সৃষ্টিমুহূর্তের এক ড্রেস রিহার্সেল।সৃষ্টিসুখের উল্লাসেফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমানার কাছে মাটির প্রায় ১০০ মিটার নিচে (৩২৮ ফুট) রয়েছে বিশালাকৃতির এই গোলাকার কণাত্বরক। কারও কারও ধারণা, এই মেশিনই হয়তো একদিন পৃথিবীকে ধ্বংস করে ফেলবে! তবে, বেশির ভাগই মনে করেন, এ দিয়ে জানা যাবে মহাবিশ্বের সৃষ্টিরহস্য। এলএইচসি পৃথিবীর উচ্চাভিলাষী ও শক্তিশালী কণাত্বরক (পার্টি এক্সিলারেটর)। নতুনের সন্ধানে শতাধিক দেশের হাজারো বিজ্ঞানী এখানে একসঙ্গে কাজ করে যাচ্ছেন। এই প্রকল্পে প্রোটন ও আয়ন আলোর গতিতে ধাবিত হয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এ রকম অসংখ্য সংঘর্ষের পর প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা হয়তো আমাদের জানিয়ে দেবেন কীভাবে শুরু হয়েছিল এই মহাবিশ্বের, আর কীভাবে চলছে এর অগ্রযাত্রা।সামনে আছে লক্ষ তারা ছুটছে মোদের জ্ঞানের ঘোড়া১৯০৫ সালে বিজ্ঞানী আইনস্টাইন যখন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রকাশ করেন, তখন পুরো পৃথিবী নড়েচড়ে ওঠে। এই নড়াচড়া আরও বেশি হয় যখন ১৯১৬ সালে প্রকাশিত হয় সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব। মহাবিশ্বের সৃষ্টিরহস্য বুঝতে বিজ্ঞানীরা সাহায্য নিয়েছেন আপেক্ষিকতা তত্ত্ব আর কোয়ান্টাম তত্ত্বের। এই কোয়ান্টাম তত্ত্ব ও আপেক্ষিকতা নীতি মিলে তৈরি হয়েছে স্ট্যান্ডার্ড মডেল। স্ট্যান্ডার্ড মডেলে চারটি মৌলিক বলের মধ্যে তিনটি অন্তর্ভুক্ত; শক্তিশালী নিউক্লিয়ার বল, দুর্বল নিউক্লিয়ার বল ও তড়িত্ চুম্বকীয় বলকে একীভূত করা হয়েছে। বাদ পড়েছে মহাকর্ষ বল। স্ট্যান্ডার্ড মডেল মহাবিশ্ব নিয়ে বিভিন্ন ধারণা দিয়েছে, যেগুলোর সত্যতা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। কিন্তু কিছু ‘ফাঁক’ রয়েই গেছে। এই যেমন ‘হিগস বোসন কণা’।মৌল কণার ভর আছে। বিজ্ঞানীরা কিন্তু এমন কণার সন্ধানও পেয়েছেন, যার কোনো ভর নেই। যেমন, নিউট্রিয়ন। কেন এক ধরনের কণার ভর থাকে, আবার আরেক ধরনের কণার ভর থাকে না? এ প্রশ্নের উত্তরে অনেক তত্ত্ব আছে। সরলতম তত্ত্বটি হলো হিগস মেকানিজম। হিগস তত্ত্ব অনুসারে একটি হিগস কণা ও একটি সংশ্লিষ্ট বলের কারণেই বিভিন্ন কণার ভর থাকে। এই তত্ত্বের সত্যতা পরীক্ষাগারে নিশ্চিত করা যায়নি। বিজ্ঞানীদের ধারণা, এলএইচসির এই বিশাল পরীক্ষাগারেই নিশ্চিত হবে সত্যি হিগস বোসন কণার অস্তিত্ব আছে কি না। পাশাপাশি হয়তো আরও অনেক তথ্য জানা যাবে যা ছিল কল্পনার বাইরে।শুধু হিগস বোসন কনাই নয়, এলএইচসির এই গবেষণা আমাদের কণা, প্রতিকণা, কৃষ্ণবস্তু ইত্যাদি বিষয়েও অনেক তথ্য দেবে। যেমন, বিজ্ঞানীরা বলেন যে পৃথিবীতে কণার পরিমাণ প্রতিকণা থেকে একটু বেশি। আর এখনো পর্যন্ত বিজ্ঞানীরা প্রতিকণা অবলোকন করতে পারেননি। এলএইচসি সে সুযোগ এনে দিয়েছে। সংঘর্ষের সময় প্রতিকণার উদ্ভব হবে বলে বিজ্ঞানীরা আশা করছেন। তখন তাঁরা বুঝতে পারবেন মহাবিশ্বের শুরুর সময় কেন কণার পরিমাণ প্রতিকণা থেকে বেশি ছিল। আর তখনই নিশ্চিত হওয়া যাবে আন্দ্রে শাখারভের তত্ত্ব।এ ছাড়া আমাদের বর্তমান যুক্তি ও বিশ্বাস অনুসারে, আমরা মহাবিশ্বের মাত্র তিন থেকে চার শতাংশ বস্তু পর্যবেক্ষণ করতে পারি। যখন নীহারিকা আর নক্ষত্রগুলোর পরিভ্রমণ পর্যবেক্ষণ করি, তখন আমাদের যুক্তি বলে যে সেখানে আরও বস্তু থাকা উচিত। এই দেখা বস্তু আর না দেখা কৃষ্ণবস্তুর পরিমাণ মহাবিশ্বের মোট ২৫ শতাংশ। বাকি তিন-চতুর্থাংশকে বিজ্ঞানরা বলেন কৃষ্ণশক্তি বা ডার্ক এনার্জি, যা মহাবিশ্বের সম্প্রসারণের মূল নিয়ামক।বিস্ময়ে জাগে আমার গানকণা, প্রতিকণা আর তত্ত্বীয় কণার গবেষণার ফলাফলে অনেকে বিস্মিত নাও হতে পারেন। তাঁদের জন্য বলছি, কণা-প্রতিকণাতেই এলএইচসি আটকে নেই। পৃথিবীর বিশালতম এই যন্ত্র মানুষকে মাত্রিক ঝামেলা থেকেও মুক্তি দিতে পারে। ইউক্লিডের সময় থেকে মানুষ জানত যে পৃথিবী ত্রিমাত্রিক। আইনস্টাইন এসে লাগালেন প্যাঁচ! বললেন, না মাত্রা তিনটি (দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা) নয়, চারটি। সেই চতুর্থ মাত্রাটি হলো সময়। আর সত্তরের দশকে স্ট্রিং-তত্ত্ব এসে তো সবকিছু ভজকট পাকিয়ে দিল; বলল, তিন নয়, চার নয়, মোট মাত্রা ১১!স্ট্রিং-তত্ত্ববিদেরা বলেন, মহাবিশ্বের গাঠনিক একক আসলে কণা নয়, স্ট্রিং বা সুতা। এই স্ট্রিংগুলো খোলা হতে পারে, বন্ধ হতে পারে, আবার স্পন্দিতও হতে পারে। একটি স্ট্রিং একভাবে স্পন্দিত হচ্ছে বা কাঁপছে, তার নাম ইলেকট্রন। আবার অন্য একটি স্ট্রিং অন্যভাবে কাঁপছে, তার নাম হয় নিউট্রিনো।কিছু বিজ্ঞানী স্ট্রিং-তত্ত্বের সমালোচনা করে বলেন, স্ট্রিং-তত্ত্ব আসলে স্ট্যান্ডার্ডের মডেলে মহাকর্ষের যোগসাধন। এখনো পর্যন্ত এই তত্ত্বের কোনো প্রমাণ নেই। তাই অনেকে একে বিজ্ঞান বলেন না, বলেন দর্শন। আর তাই স্ট্রিং-তাত্ত্বিকদের আশা, এলএইচসি পরীক্ষার ফলাফলের পর হয়তো আর স্ট্র্রিং-তত্ত্ব দর্শন থাকবে না, বিজ্ঞান হিসেবেই নিজের জায়গা পাকাপোক্ত করে নেবে।প্রোটনিক সংঘর্ষ থেকে মহাবিশ্বের সংঘর্ষঅনেক বড় ঘটনার মূল তত্ত্বগুলো কেন জানি খুব সহজ হয়। এই যেমন F=ma কিংবা E=mc2। লার্জ হাড্রন কোলিডারের কার্যপ্রণালীর মূল তত্ত্বও কিন্তু খুবই সাধারণ। কণার দুটি বিম থাকবে। বিম দুটির পরিভ্রমণ পথ ও দিক ভিন্ন ভিন্ন। একটি ঘড়ির কাঁটার দিকে, অন্যটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। বিম দুটি আলোর গতিতে পৌঁছানো পর্যন্ত ত্বরান্বিত করা হবে। তারপর দুটি বিম পরস্পরের দিকে ছুড়ে দেওয়া হবে এবং সবাই অধীর আগ্রহে তাকিয়ে দেখবে কী হয়।বলা সহজ, কিন্তু করা কঠিন। এলএইচসির ব্যাপারেও এটা সত্য। এই যেমন কণাগুলোকে এলএইচসি পরীক্ষাগারে ঢুকানোর আগে বেশ কিছু ধাপ সম্পন্ন করতে হয়। যেমন: বিজ্ঞানীরা প্রোটন তৈরির জন্য প্রথমে হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন আলাদা করে ফেলেন। তারপর রেডিও তরঙ্গায়িত তড়িেক্ষত্র প্রোটন বিমকে ত্বরণ দিয়ে উচ্চগতিসম্পন্ন করে তোলে এবং বিম সংঘর্ষের দিকে এগিয়ে যায়। বিশাল চুম্বকের সাহায্যে প্রয়োজনীয় চৌম্বক ক্ষেত্র নিশ্চিত করা হয়, যেন প্রোটন বিম ঠিক পথে থাকে। অটোমোবাইলের ভাষায় রেডিওতরঙ্গ এখানে এক্সিলারেটর আর চুম্বক হলো স্টিয়ারিং হুইল। যখন প্রোটন বিম সঠিক শক্তিস্তরে পৌঁছায়, তখন সুপার প্রোটন সিনক্রোটন (এসপিএস) কার্যকর হয়। এটি প্রোটন বিমকে ২৮০৮টি ভাগে ভাগ করে। প্রতিটি ভাগে ১.১x১০১১টি প্রোটন থাকে। এসপিএস বিমকে এলএইচসিতে পাঠায়, যেখানে একটি বিম ঘড়ির কাঁটার দিকে এবং অন্য একটি বিম ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে।এলএইচসির ভেতরে প্রোটন বিমের ত্বরণ চলতেই থাকে। সর্বোচ্চ গতি থাকাবস্থায় বিম এলএইচসিকে প্রতি সেকেন্ডে ১২ হাজার ২৪৫ বার পরিভ্রমণ করে। বিভিন্ন স্থানে থাকা ছয়টি শনাক্তকারীর যেকোনোটি বিমকে শনাক্ত করে। যেকোনো একটি নির্দিষ্ট অবস্থানে প্রতি সেকেন্ডে ৬০ কোটি সংঘর্ষ সংঘটিত হবে। যখন প্রোটন সংঘর্ষে লিপ্ত হয়, তখন তারা ক্ষুদ্রতর কণায় ভেঙে যায়। এ ধরনের অব-পারমাণবিক (Subatomic) কণা হলো কোয়ার্ক ও গ্লুয়ন। কোয়ার্ক খুবই অস্থায়ী এবং সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়। শনাক্তকারীগুলো এই অব-পারমাণবিক কণাগুলো সম্পর্কে তথ্য জোগাড় করে কম্পিউটারে পাঠায়।শুধু গবেষণা নয় প্রযুক্তিতেও নতুনের আবাহনলার্জ হাড্রন কোলাইডারের এই শনাক্তকারীগুলো প্রতি বছর ১৫ পেটাবাইট (১৫,৭২৮,৬৪০ গিগাবাইট) তথ্য জড়ো করবে। এত বিশাল তথ্য বিশ্লেষণ করবে কে? একটি সুপারকম্পিউটারেও এই বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণে হাজারখানেক ঘণ্টা লাগবে। তাই সার্ন এই মহাকাজে ব্যবহার করেছে নতুন প্রযুক্তি এলএইচসি কম্পিউটিং গ্রিড। কম্পিউটারশিল্পের গ্রিড কম্পিউটিংয়ের ধারণাকে ব্যবহার করেই পৃথিবীর বিশালতম এই যন্ত্র তার তথ্য-উপাত্ত বিশ্লেষণের কাজটি করবে।লাগল পালে শুরুর হাওয়াসার্নের এই বিশাল প্রকল্পের মুখপাত্র লিডো টনেলি বলেছেন, ৩০ মার্চের মতো ঠিক একইভাবে আরও অসংখ্যবার প্রোটনকণার সংঘর্ষ ঘটিয়ে ক্ষুদ্র মহাবিস্ফোরণের সৃষ্টি করা হবে। বিস্ফোরণ দৃশ্যগুলো ধারণ ও পর্যবেক্ষণ করে অব-পারমাণবিক কণিকাগুলোর গতি-প্রকৃতি বিশ্লেষণ করা হবে। ফলে আমরা জানতে পারব সৃষ্টির প্রসববেদনা।এলএইচসির এই সফল পরীক্ষায় বিজ্ঞানী মহল উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করেছেন। স্ট্রিং-তত্ত্বের অন্যতম প্রবক্তা মিচিও কাকু বলেছেন, ‘এই ধরনের পরীক্ষার মাধ্যমে আমাদের ধারণা অনেক পাল্টে যাবে।’ শুধু বিজ্ঞানই নয়, দর্শনেও ব্যাপক পরিবর্তন আসতে পারে বলে কাকু অভিমত দিয়েছেন। তবে বিজ্ঞান-দর্শনের গভীরতায় না গিয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিবেক শর্মা এই পরীক্ষাকে দেখেছেন সদ্যোজাত সন্তান হিসেবে। তিনি বলেন, ‘এটি ২৫ বছর মাতৃগর্ভে ছিল। এখন এটি ভূমিষ্ঠ হয়েছে। আর একে বড় হতে দিতে হবে।’ সার্নের লার্জ হাড্রন কোলাইডার পৃথিবীর সর্ববৃহত্ যন্ত্র। এটি তৈরি করার মূল কারণ মহাবিশ্বকে জানা। জানার অপার আগ্রহই সম্ভবত মানুষকে সৃষ্টির সেরা জীব করে তুলেছে। আর জানাটা যখন হয় বৈচিত্র্যময়, গ্রাহলিকার আঁধার তখন জানতে পারাতে যুক্ত হয় আনন্দ। এই আনন্দের মাধ্যমেই হয়তো পৃথিবীর বিশালতম যন্ত্র ক্ষুদ্রতম কণাগুলো নিয়ে পরীক্ষা করে সুন্দরতম ফসলটি মানুষকে উপহার দিবে।