উপকূল এক্সপ্রেস ট্রেনে ডাকাতি
নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে ডাকাতি হয়েছে। আজ রোববার রাত নয়টার দিকে ঢাকার বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর ট্রেনের শেষের দিকের ‘ঠ’ কামরায় ডাকাতি শুরু হয়।ট্রেনের একজন যাত্রী জানান, টঙ্গী পার হওয়ার পর ট্রেনটি ধীরগতিতে বিমানবন্দর এসে স্টেশনে থামে। সেখানে যাত্রী নামিয়ে ট্রেনটি ধীরগতিতে চলতে থাকে। বিমানবন্দর আউটার স্টেশনের কাছাকাছি ট্রেনে চার-পাঁচজন অস্ত্রধারী যুবক উঠেই দরজাগুলো সব লাগিয়ে দেয়। ছুরি দেখিয়ে বলে, ‘যেখানে আছিস থাকবি। এরপর তারা এলোপাতাড়ি মারধর শুরু করে।’ট্রেনের যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার একজন ছাত্র বলেন, তিনি তাঁর পরিচয়পত্রটি ফেরত চেয়েছিলেন। এ জন্য তাঁকে অনেক মারধর করেছে। ডাকাতেরা নারীদের স্বর্ণালংকার কেড়ে নিয়েছে। ১০ মিনিট ধরে চলে ডাকাতদের তাণ্ডব। ডাকাতেরা বিমানবন্দর এবং তেজগাঁও স্টেশনের মাঝামাঝি জায়গায় নেমে যায়। পরে ট্রেনটি তেজগাঁও স্টেশনে এলে যাত্রীরা ট্রেন থামিয়ে বিক্ষোভ শুরু করে। রাত ১০টার দিকে ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছালে যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। অনেকের কাছে স্টেশন থেকে গন্তব্যে যাওয়ার টাকাপয়সাও ছিল না।ঘটনা জানতে রাত ১০টার দিকে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দীন আহমেদকে ফোন করা হলে তিনি বলেন, ‘ডাকাতির একটা খবর এসেছিল। এখন আমরা খবর নিচ্ছি।’