উপকূলীয় জেলায় ‘মহাসেন’ মোকাবিলার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবিলায় উপকূলীয় জেলা বাগেরহাট ও বরগুনায় সতর্কাবস্থা ও প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই জেলার মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। খোলা হয়েছে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। বাগেরহাট:জেলা প্রশাসক মুহা. শুকুর আলী জানান, ঘূর্ণিঝড় ‘মহাসেন’ আঘাত হানার আগেই সব মানুষকে যাতে নিরাপদে সরিয়ে নেওয়া যায়, সে জন্য ২০১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় শুকনা খাবার, পানি, জিআর চাল, নগদ অর্থ, মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। জেলার সব সমুদ্রগামী ট্রলারকে নিরাপদে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুল হক খান, পুলিশ সুপার নিজাম উদ্দিন মোল্লা, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানসহ সব উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার নিজামুল হক বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবনের বিভিন্ন নদী ও খাল থেকে মাছ ধরার সব ট্রলারকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বরগুনাজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের (সিপিপি) স্বেচ্ছাসেবকেরা আজ দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের আগাম সংকেত এবং জনগণকে সতর্ক থাকার জন্য পরামর্শমূলক প্রচারণা চালাচ্ছেন। জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মেদ জানান, জেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পাঁচ হাজার ৫৮০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। তাঁরা মাইক্রোফোনে আগাম সতর্কতা সংকেত প্রচার করছেন। জেলার গুরুত্বপূর্ণ নৌবন্দরগুলোতে সংকেতের পতাকা ওড়ানো হয়েছে। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, দুদিন ধরেই বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। কিন্তু দুপুর থেকে এত ভয়াবহ রূপ নেয় যে জেলেরা আর ট্রলার নিয়ে সাগরে টিকতে পারছেন না। তাই বেশ কিছু মাছধরা ট্রলার নিরাপদে ফিরে এলেও এখনো অনেক ট্রলার নিরাপদে ফিরে আসার চেষ্টা চালাচ্ছে। ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর সম্ভাব্য আঘাত মোকাবিলায় আজ দুপুরে বরগুনা জেলা দুর্যোগ প্রস্তুতি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল ওহাব ভূঞা। সভায় জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।