উপকূলীয় অঞ্চলের জীবিকা নিয়ন্ত্রণের একমাত্র নিয়ামক পানি: খাদ্যমন্ত্রী
আজ রোববার বিকেলে খুলনা মহানগরের শহীদ হাদিস পার্কে দুই দিনব্যাপী উপকূলীয় পানি সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।আবদুর রাজ্জাক বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ১৬ থেকে ১৭টি জেলার তিন মিলিয়ন হেক্টর জমির পানি লবণাক্ত। এখানে ২০ লাখেরও অধিক মানুষ লোনাপানির বিরুদ্ধে লড়াই করছে। পানি সম্মেলনের উদ্যোগ আঞ্চলিক পর্যায়ে হলেও এর গুরুত্ব আন্তর্জাতিক সীমাকে স্পর্শ করবে। সম্মেলনের মধ্য দিয়ে জনগণের মধ্যে পানি নিয়ে যেমন সচেতনতা বাড়বে, তেমনি স্থানীয় ভিত্তিক পানিসমস্যার সমাধানও সহজ হবে। রাজনৈতিক সহযোগিতা এবং প্রযুক্তির সমন্বয়ে দেশে পানিসমস্যার সমাধান করা সম্ভব হবে।দুই দিনব্যাপী উপকূলীয় পানি সম্মেলন শেষে ১৬টি প্রস্তাবনা-সংবলিত ‘খুলনা ঘোষণা’ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক এবং সম্মেলনের কারিগরি উপপর্ষদের আহ্বায়ক দিলীপ কুমার দত্ত।খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি শেখ বাহারুল আলম, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।