উপকূলীয় এলাকায় গুমোট আবহাওয়া, জনমনে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ‘গিরি’র কারণে আজ শুক্রবার কক্সবাজার, বরগুনাসহ দেশের উপকূলীয় এলাকায় গুমোট আবহাওয়া বিরাজ করছে। জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া গেছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় লোকজনকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।বরগুনা: বেলা সাড়ে তিনটা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বিকেল সাড়ে পাঁচটার দিকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন আকাশ মেঘাচ্ছন্ন ও থমথমে আবহাওয়া বিরাজ করছে। জেলার চরাঞ্চলের লোকজন আতঙ্কে রয়েছে। বরগুনা জেলায় ১৯৭টি আশ্রয়কেন্দ্র রয়েছে। রেডক্রিসেন্টের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, ছয় হাজার স্বেচ্ছাসেবককে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। কক্সবাজার: জেলার পাঁচটি উপজেলার প্রায় ১২ থেকে ১৩ হাজার লোককে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদেরও প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সেখান থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ৭ অক্টোবর জলোচ্ছ্বাসে কক্সবাজারে বেড়িবাঁধের ৬০ কিলোমিটার ভেঙে গেছে। সেন্টমার্টিন (কক্সবাজার): দ্বীপে তিন বিদেশি পর্যটকসহ ২১ জন আটকা পড়েছে। গত বুধবার তারা দ্বীপে ঘুরতে যায়। স্থানীয় লোকজন দুটি আশ্রয়কেন্দ্রে, একটি হাসপাতাল, ইউনিয়ন পরিষদের একটি বহুতল ভবন এবং জেলা পরিষদের একটি বহুতল ভবনের বাংলোতে আশ্রয় নিয়েছে। উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ খান জানান, বিকেল চারটা থেকে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বাতাসের গতিবেগও বেড়েছে। টেকনাফ (কক্সবাজার): গিরির প্রভাবে টেকনাফে গুমোট আবহাওয়া বিরাজ করছে। কোনো ধরনের বৃষ্টি নেই, তবে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিমউদ্দিন জানান, যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে উপজেলার বাহারছড়া উপকূলের শতাধিক জেলে নিয়ে ২১টি মাছ ধরার নৌকা নিখোঁজ রয়েছে। তীরে থাকা নৌকাগুলোকে বেড়িবাঁধের ওপরে তুলে রাখতে দেখা গেছে।নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ার ওপর দিয়ে বেলা দুইটা থেকে হালকা বাতাস বইতে শুরু করে। একই সঙ্গে জেলার অধিকাংশ এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘূর্ণিঝড়ের খবরে উপকূলীয় এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।অন্যদিকে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নোয়াখালীর উপকূলীয় সব কয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনগণকে সতর্ক করার পাশাপাশি শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে জানান, জেলার উপকূলবর্তী সব কটি উপজেলার প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে।কুতুবদিয়া (কক্সবাজার): জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে কুতুবদিয়া দ্বীপের বেড়িবাঁধের ওপর দিয়ে লোনা জল ঢুকে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। দ্বীপের পাঁচ হাজার মানুষ নিরাপত্তার জন্য ২৪টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ভবনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের সদস্য জানান, তাবলেরচর এলাকায় তিন কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। গত নিম্নচাপের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।